রোজার দিনে রান্নাঘরের কাজের যন্ত্রণা কমাবে যে ৬টি যন্ত্র
শেয়ার করুন
ফলো করুন

রোজার দিনে রান্নাঘরে কাজ করা বেশ কষ্টকর মনে হয়। তার মধ্যে প্রচন্ড গরম পড়বে সামনেই। এই গরমে রোজার সময় রান্নাঘরের কাজ সহজ করতে এখনই ভাবতে পারেন এসব কিচেন গ্যাজেটের কথা।

ইলেকট্রিক কেটলি

গরম পানি তো লাগবেই। চা-কফিতে, কাশি-গলাব্যথায় গড়গড়া করতে, অথবা পান করতেও গরম পানি প্রয়োজন পড়ে। নিত্যদিনের জীবনে গরম পানির ব্যবহারের শেষ নেই। চুলায় পানি গরম করা, সেই পানি ঢেলে নেওয়ার ঝক্কি বা সম্ভাব্য বিপত্তি এড়াতে ইলেকট্রিক কেটলির জুড়ি নেই। ছোট-বড় নানা আকৃতির কেটলিগুলো পাওয়া যায় বিভিন্ন রঙে ও ডিজাইনে।

মাইক্রোওয়েভ ওভেন
সাহরিতে খাবার গরম করার মতো ঝামেলা আর হয় না। আবার এক বেলার উপযোগী একটুখানি খাবার চুলায় গরম করতে গেলে স্বাদটাই নষ্ট হয়ে যায়। এই ব্যস্ত শহরে আগের মতো বেলায় বেলায় রান্না করা অনেক পরিবারেই সম্ভব হয় না। এদিকে সবার খাবারের সময়ও এক হয় না। তাই ফ্রিজ থেকে নিয়ে প্রয়োজনমতো খাবার গরম করে নেওয়া সত্যিই প্রয়োজন পড়ে। তাই মাইক্রোওয়েভ ওভেন হতে পারে মায়ের জন্য আদর্শ উপহার।

বিজ্ঞাপন

ইনডাকশন চুলা

বর্তমান সময়ে গ্যাসের সরবরাহ নিয়ে প্রায়ই নিদারুণ সমস্যায় পড়তে হচ্ছে দেশব্যাপী সবাইকে। বাইরের খাবার এনে বা চিড়েমুড়ি খেয়ে কি চলে বয়স্ক মানুষের! কেরোসিনের স্টোভ বা গ্যাস সিলিন্ডার ব্যবহারেও রয়েছে ঝামেলা ও ঝুঁকির প্রশ্ন। অথচ খুব সহজেই বিদ্যুৎ–চালিত ইনডাকশন চুলা ব্যবহার করে চুলার আগুন ছাড়াই সবকিছু রান্না করা যায়। তবে এ ক্ষেত্রে সমতল বেজযুক্ত হাঁড়ি ও প্যান দরকার হয়, যাতে সব দিকে সমানভাবে তাপ লাগে।

এয়ার ফ্রায়ার

যতই না না বলি, ইফতারে ভাজাপোড়া খাওয়া হয়েই যায়। আজকাল ফ্রোজেন স্ন্যাকসও মিলছে খুব সহজে। তেলের বদলে গরম হাওয়ার ঘূর্ণি বিশেষ কায়দায় সঞ্চালন করে এয়ার ফ্রায়ারে এই ভাজাভুজি করলে তা খুবই স্বাস্থ্যকর হয়। কোলেস্টেরল আর উচ্চ রক্তচাপের রক্তচক্ষু এড়িয়ে নিজের ইচ্ছেমতো ইফতারে মুখরোচক খাবার তৈরি করা যাবে এই যন্ত্র দিয়ে।

বিজ্ঞাপন

রাইস কুকার

ভাত না হলে চলবেই না আমাদের কারোই। মাড় ঝরিয়ে বা বসা ভাতও চুলায় রান্না করা এক ঝকমারি হয়ে দাঁড়ায় মায়ের জন্য। ভাত নরম বা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা নেই রাইস কুকারে। খিচুড়ি, পোলাও, তেহারি, বিরিয়ানিও খুব ভালো হয়। এতে তলায় ধরে যাওয়ার চিন্তা ছাড়াই। নিজে নিজে সুইচ বন্ধ হয়ে ওয়ার্ম অপশনে চলে গিয়ে খাবার গরমও থাকে এতে।

কফিমেকার

শুধু নিত্যপ্রয়োজনীয় গ্যাজেটই কেন! খুবই ভালো মানের গ্রাউন্ড বা গুঁড়া করা রোস্টেড কফি বিন পাওয়া যায় এখন এ দেশে। কফির শৌখিনতায় এক অন্য রকম মজা আছে। সেজন্য কফিমেকারের জুড়ি নেই।

আজকাল গৃহকর্মে সহকারী সেভাবে পাওয়া যায় না প্রায় সময়ই। আবার নিজেই নিজের কাজটি অনায়াসে করতে পারার বিকল্প নেই। সেজন্য যন্ত্রই হতে পারে সবচেয়ে ভালো হেল্পার।

ছবি: পেকজেলস ডট কম

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩: ২০
বিজ্ঞাপন