
নীল জলরাশি, সাদা বালুর সৈকত আর চারপাশে শান্ত পরিবেশ। সৌদি আরবের লোহিত সাগরের বুকে এমনই এক দ্বীপে নিজেদের অবকাশযাপনের ঠিকানা তৈরি করেছেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। সেখানে কিনেছেন দুটি বিলাসবহুল ভিলা। সমুদ্রের কাছাকাছি নিরিবিলি পরিবেশে সময় কাটানোর পাশাপাশি ভিলাগুলোতে রয়েছে ব্যক্তিগত পরিসর ও বিলাসবহুল নানা সুবিধা।

সৌদি আরবের পশ্চিম উপকূল থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে উম্মাহাত দ্বীপপুঞ্জে অবস্থিত নুজুমা, আ রিটজ-কার্লটন রিজার্ভ। চারপাশে স্বচ্ছ নীল জলরাশি, সাদা বালুর সৈকত আর প্রবালপ্রাচীর। দ্বীপটিতে যাওয়ার কোনো সড়কপথ নেই। ব্যক্তিগত নৌযান কিংবা সি-প্লেনে পৌঁছাতে হয় সেখানে। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় পর্যটকদের ভিড় এড়িয়ে নিরিবিলি সময় কাটানোর সুযোগ রয়েছে এই দ্বীপে।

রোনালদো ও জর্জিনা কিনেছেন তিন শয়নকক্ষের একটি এবং দুই শয়নকক্ষের আরেকটি ভিলা। বড় ভিলাটিতে পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটানোর সুযোগ রয়েছে। অন্যটি তুলনামূলক ছোট, ব্যক্তিগত অবকাশযাপনের জন্য। নুজুমায় রয়েছে মাত্র ১৯টি ব্যক্তিগত আবাসন। প্রতিটি ভিলায় আছে নিজস্ব সুইমিংপুল ও খোলা বারান্দা। ফলে সমুদ্রের সৌন্দর্য উপভোগের পাশাপাশি ব্যক্তিগত পরিসরেও সময় কাটাতে পারবেন অতিথিরা।

ভিলাগুলোর নকশায় রয়েছে প্রকৃতির ছোঁয়া। ঝিনুকের আকৃতি থেকে অনুপ্রাণিত স্থাপত্যের সঙ্গে মিশেছে স্থানীয় শিল্পকলা ও আরবীয় ঐতিহ্য। প্রাকৃতিক উপকরণ ও রঙের ব্যবহারে তৈরি হয়েছে নান্দনিক পরিবেশ। ভিলাগুলোর নকশায় এমনভাবে সমুদ্রের সঙ্গে সংযোগ রাখা হয়েছে, যাতে ঘরে বসেও উপভোগ করা যায় চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য।

নুজুমা বিশ্বের মাত্র আটটি রিটজ-কার্লটন রিজার্ভের একটি। বিলাসবহুল আবাসনের পাশাপাশি এখানে রয়েছে ডাইভিং, জলক্রীড়া ও সমুদ্রের নিচের জীববৈচিত্র্য দেখার সুযোগ। অতিথিদের জন্য আছে সুস্থতা চর্চার নানা আয়োজনও। একই সঙ্গে প্রবালপ্রাচীর ও সামুদ্রিক প্রাণীর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণেও গুরুত্ব দেওয়া হয়েছে এই পর্যটনকেন্দ্রে।

রোনালদো ও জর্জিনা অবশ্য এই দ্বীপের নতুন অতিথি নন। ২০২৩ সালে রিসোর্টটি চালুর পর থেকেই কয়েকবার সেখানে অবকাশ কাটিয়েছেন তাঁরা। দ্বীপটির পরিবেশ ও সৌন্দর্যের সঙ্গে পরিচয় আগে থেকেই ছিল এই জুটির। এবার সেখানে কিনলেন নিজেদের দুটি ভিলা। সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে ভিলা দুটির সম্মিলিত দাম ৮০ লাখ থেকে ৯৪ লাখ ডলার বলে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১০০ থেকে ১১৭ কোটি টাকা। তবে ভিলা দুটির প্রকৃত ক্রয়মূল্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।