
গুগল সার্চ ইঞ্জিনে এখন অন্যরকম এক দৃশ্য। "লিওনেল মেসি" বা শুধু "মেসি" লিখে সার্চ দিলেই স্ক্রিন ভরে উঠছে ঝলমলে ভার্চুয়াল আতশবাজিতে।


এর পেছনের কারণটা একেবারে ফুটবল-ইতিহাস বদলে দেওয়ার মতো। গত রাতে অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচে জোড়া গোল করে ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন তারকা বিশ্বকাপের ইতিহাসে এখন একমাত্র সর্বোচ্চ গোলদাতা-মোট ১৮ গোল। এতদিন এই রেকর্ড ভাগাভাগি করছিলেন জার্মানির মিরোস্লাভ ক্লোসার (১৬ গোল) সঙ্গে, এবার তাকে পেছনে ফেলে এককভাবে শীর্ষে উঠে গেলেন মেসি।
মজার একটা কাকতালীয় ব্যাপারও জড়িয়ে আছে এই অর্জনের সঙ্গে। ঠিক ৪০ বছর আগে, ১৯৮৬ সালের এই ২২ জুন তারিখেই ডিয়েগো মারাদোনা ইংল্যান্ডের বিপক্ষে সেই কালজয়ী 'হ্যান্ড অব গড' গোল এবং পরে 'শতাব্দীর সেরা গোল' করেছিলেন। ঠিক চার দশক পর সেই একই দিনে মেসি পৌঁছে গেলেন বিশ্বকাপ-ইতিহাসের নতুন এক শৃঙ্গে।

মেসির এই ঐতিহাসিক কীর্তিকে স্বীকৃতি দিতে গুগল তাদের গ্লোবাল সার্চ ইঞ্জিনে চালু করেছে বিশেষ ইন্টারঅ্যাকটিভ সেলিব্রেশন ফিচার, যেখানে মেসি লিখে সার্চ করলেই ভেসে ওঠে আতশবাজির এই উদ্যাপন। আর একবার নয়, যতবার ইচ্ছা নিচের সেলিব্রেশন আইকনে ক্লিক করলেই আবারও দেখা যাবে গুগলের এই বিশেষ মেসি-উদ্যাপন।

মাঠের লড়াইয়েও আর্জেন্টিনার পথ মসৃণ। অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে দলটি আগেভাগেই ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে। এখন প্রশ্ন একটাই টুর্নামেন্টের বাকি পথে মেসির গোলসংখ্যা আর কত দূর যায়, সেটা দেখার অপেক্ষায় আছেন বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমী।
ছবি : গুগল থেকে নেওয়া স্ক্রিনশট