
গুগলে খুঁজলে মেলে বিদেশি সব সুপারহিরো কিংবা ভিনদেশি শহরের গল্প। কিন্তু আমাদের ঢাকার অলিগলি, চায়ের দোকানের আড্ডা আর চেনা মানুষগুলোর গল্প কোথায়? দেশি গল্পগুলোকে রং-তুলির আঁচড়ে জীবন্ত করে তোলার স্বপ্ন নিয়েই ২০১৬ সালে যাত্রা শুরু করেছিল ‘কার্টুন পিপল’। দীর্ঘ ১০ বছরের পথচলা শেষে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে বসেছিল দেশের কমিকসপ্রেমীদের মিলনমেলা ‘কার্টুন পিপল কমিকস ফেস্ট ২০২৬’।
২০১৬ সালে উন্মাদ-এর কার্টুনিস্ট সৈয়দ রাশাদ ইমাম তন্ময়ের হাত ধরে যাত্রা শুরু করে কার্টুন পিপল। শুরুটা হয়েছিল ‘স্কেচবুক স্যাটারডে’র মাধ্যমে। প্রতি শনিবার একদল তরুণ ঢাকার রাস্তায় নেমে পড়তেন আঁকতে। শহরের মানুষ কীভাবে হাঁটেন, দাঁড়ান কিংবা গল্প করেন, সেসব দৃশ্য তাঁরা তুলে রাখতেন স্কেচবুকে। একা একা ঘরে বসে ছবি আঁকা অনেক তরুণের জন্য এটি ছিল নতুন এক দুয়ার। কেউ ভালো আঁকতেন, কেউ শিখতেন। এভাবেই একে অপরের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে গত এক দশকে এই প্ল্যাটফর্ম পরিণত হয়েছে হাজারো শিল্পীর এক বিশাল পরিবারে। গত বছর নারীদের কমিকসচর্চাকে উৎসাহিত করতে তারা আয়োজন করেছিল ‘গার্লস ডু কমিকস’-এর মতো বিশেষ অনুষ্ঠানও।

১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনের উৎসবজুড়েই ছিল নানা আয়োজন ও চমক। পুরো উৎসবে ছিল লাইভ ক্যারিকেচার, স্কেচবুক প্রদর্শনী, পাঞ্চলাইন কমিকসের অংশগ্রহণমূলক ড্রয়িং কার্যক্রম এবং উন্মাদ, ঢাকা কমিক্স, বুম কমিক্স ও কিশোর আলোর মতো প্রকাশনীর স্টল।

উৎসবের পর্দা ওঠে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে। প্রথম দিনের প্রধান আকর্ষণ ছিল উন্মাদ-এর সম্পাদক আহসান হাবীবের সরাসরি কমিকস আঁকার আয়োজন। একই দিনে প্রকাশিত হয় বহু প্রতীক্ষিত বই ‘কার্টুন পিপল কমিকস (সিপিসি) ভলিউম ২’। এতে ২৫ জন শিল্পী তুলে ধরেছেন তাঁদের জীবনের গল্প। পাশাপাশি নতুন শিল্পীদের আঁকা ‘চারপাতা কমিকস’-এরও যাত্রা শুরু হয়। রয়টয় ও সিলিকনিনজারের অডিও-ভিজ্যুয়াল পরিবেশনা জমিয়ে তোলে প্রথম দিনের সন্ধ্যা।
দ্বিতীয় দিনের সকাল শুরু হয় তন্ময়, রুস্তম, আরিফ আসগর ও জংলির সঙ্গে ‘রুস্তম পালোয়ান’ কমিকস পাঠ ও পাপেট শোর মধ্য দিয়ে। এরপর বিশেষ আকর্ষণ ছিল জিশানের পাপেট শো। বিকেলে ‘হিরো প্যানেল’-এ সরাসরি সংগীত পরিবেশনার তালে তালে চলে কমিকস ম্যুরাল আঁকার আয়োজন। পাশাপাশি সাজ্জাদ মজুমদার ও আকিফা হক প্রিমা অংশ নেন ত্রিমাত্রিক মডেল তৈরি ও সরাসরি মডেল রং করার আয়োজনে।
এ ছাড়া ছিল ইন্ডি কমিকস আওয়ার, আরহাম হাবিবের স্কেচবুক মিটআপ, ডিসিডিসি ক্যারেক্টার ডিজাইন চ্যালেঞ্জের পুরস্কার বিতরণী, লাইভ ক্যারেক্টার ডিজাইন জ্যাম এবং কমিকস লেটারিং নিয়ে আড্ডা। দিনের শেষে ছিল জমজমাট রেইভ পার্টি।

উৎসবের শেষ দিনের সকালে তন্ময়ের পরিচালনায় অনুষ্ঠিত হয় ক্যারেক্টার ডিজাইন কর্মশালা। বড়দের জন্য ছিল বিশেষ পাপেট শো। দুপুরে তন্ময়, নাতাশা জাহান, মাহতাব রশিদ, ইশমাম ও আয়মানদের অংশগ্রহণে প্যানেল আলোচনায় উঠে আসে ‘এআই যুগে কমিকস তৈরি’ এবং ‘মানসিক স্বাস্থ্য ও কমিকস’ কীভাবে একে অপরকে সাহায্য করতে পারে, সেই প্রসঙ্গ।
বিকেলে রাতিন, মাহতাব, রৌদ্র বড়ুয়া ও অরিন্দম কুণ্ডু আয়নের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় লাইভ কমিকস জ্যাম ও লাইভ মডেল জেশচার ড্রয়িং সেশন। সন্ধ্যায় ডিজে পরিবেশনা এবং জনপ্রিয় ব্যান্ড আফটারম্যাথের সরাসরি সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামে এই প্রাণের মেলার।

১০ বছরের এই উদ্যাপন কার্টুন পিপলের জন্য শেষ নয়, বরং নতুন এক অধ্যায়ের শুরু। উৎসবে নতুন শিল্পীদের তৈরি ‘চারপাতা কমিকস’ আগামী বইমেলায় পাঠকদের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চলছে। তবে কার্টুন পিপলের সবচেয়ে বড় স্বপ্ন এখন পূর্ণাঙ্গ দেশি গ্রাফিক নভেল তৈরি করা। সেই লক্ষ্যেই শিল্পীদের আরও দক্ষ করে গড়ে তোলার কাজ চলছে। তারা চায়, ভবিষ্যতে বাংলাদেশের নিজস্ব গল্পগুলো বিশ্বমানের গ্রাফিক নভেল হয়ে পাঠকদের মন জয় করুক।
ছবি: কার্টুন পিপল