পানির বোতলের চেয়েও মূল্যবান সম্প্রচারের ঘড়ি, কত মিলিয়ন ডলারের বিজ্ঞাপন বিক্রি হচ্ছে হাইড্রেশন ব্রেকে
শেয়ার করুন
ফলো করুন

ফুটবলে সময়ের মূল্য সব সময়ই অপরিসীম। ৯০ মিনিটের খেলায় একটি মুহূর্ত বদলে দিতে পারে পুরো ম্যাচের ভাগ্য। অথচ ২০২৬ বিশ্বকাপে সেই মূল্যবান সময়ের মাঝেই যোগ হয়েছে নতুন একটি দৃশ্য—হাইড্রেশন ব্রেক। খেলোয়াড়েরা পানি পান করছেন, কোচ শেষ মুহূর্তের নির্দেশনা দিচ্ছেন, আর টেলিভিশনের পর্দায় একের পর এক বিজ্ঞাপন।

হাইড্রেশন ব্রেক নিয়ে আছে উতর–চাপান
হাইড্রেশন ব্রেক নিয়ে আছে উতর–চাপান

ফিফা বলছে, এটি সম্পূর্ণ খেলোয়াড়দের নিরাপত্তার জন্য। কিন্তু সমালোচকদের প্রশ্ন, এই তিন মিনিটের বিরতি কি সত্যিই শুধু পানির জন্য, নাকি বিশ্বকাপের নতুন বাণিজ্যিক সম্পদ?

বিজ্ঞাপন

উত্তর আমেরিকার গ্রীষ্মকালীন আবহাওয়া, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর কয়েকটি শহরে তীব্র গরম এবং উচ্চ আর্দ্রতার কারণে খেলোয়াড়দের ডিহাইড্রেশন ও হিট স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। সেই বাস্তবতা বিবেচনায় প্রতিটি ম্যাচে বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেক চালু করেছে ফিফা। চিকিৎসাবিজ্ঞানও এমন পরিস্থিতিতে কয়েক মিনিটের বিশ্রামকে সমর্থন করে।

গলাগলি করে আছে স্বাস্থ্যসুরক্ষা এবং অর্থাগম
গলাগলি করে আছে স্বাস্থ্যসুরক্ষা এবং অর্থাগম

কিন্তু বিতর্কের শুরু অন্য জায়গায়। মন্টেরিতে যদি ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিরতি প্রয়োজন হয়, তাহলে ভ্যাঙ্কুভারের ১৭ ডিগ্রির সন্ধ্যাতেও কেন একই নিয়ম? আবহাওয়া ভিন্ন হলেও কেন প্রতিটি ম্যাচে একইভাবে ডিহাইড্রেশন ব্রেক?

বিজ্ঞাপন

ইংল্যান্ডের কোচ টমাস টুখেল স্বীকার করেছেন, এই বিরতি ম্যাচের ছন্দে প্রত্যাশার চেয়েও বেশি প্রভাব ফেলছে। লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইকও বলেছেন, প্রচণ্ড গরমে বিরতির প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না, কিন্তু সব ভেন্যুতে একই নিয়মের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

এই বিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে বলে মনে করেন টমাস টুখেল
এই বিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে বলে মনে করেন টমাস টুখেল

আসলে ফুটবলের সবচেয়ে বড় সৌন্দর্য তার নিরবচ্ছিন্ন প্রবাহ। ক্রিকেটে ড্রিংকস ব্রেক আছে, বাস্কেটবলে টাইম-আউট আছে, কিন্তু ফুটবল এতদিন ধরে দর্শকদের ধরে রেখেছে বিরতিহীন উত্তেজনায়। সেই প্রবাহে পরিকল্পিত বিরতি অনেকের কাছেই নতুন অভিজ্ঞতা। তবে মাঠের এই তিন মিনিটের বিরতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক আছে—সম্প্রচার ব্যবসা।

২০২৬ বিশ্বকাপে ম্যাচের সংখ্যা ১০৪। প্রতিটি ম্যাচে দুটি ডিহাইড্রেশন ব্রেক হলে মোট বিরতির সংখ্যা দাঁড়ায় ২০৮টি। প্রতিটি বিরতি প্রায় তিন মিনিটের। অর্থাৎ পুরো টুর্নামেন্টে যোগ হচ্ছে ৬২৪ মিনিট, বা ১০ ঘণ্টারও বেশি অতিরিক্ত সম্প্রচার সময়।
টেলিভিশন শিল্পে এটিই সবচেয়ে মূল্যবান সম্পদ।

ফিফা অস্বীকার করলেও বাস্তবতা আসলেই ভিন্নতর
ফিফা অস্বীকার করলেও বাস্তবতা আসলেই ভিন্নতর

তিন মিনিটের একটি বিরতিতে সহজেই ছয়টি ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচার করা সম্ভব। সেই হিসাবে পুরো বিশ্বকাপে তৈরি হচ্ছে প্রায় ১,২৪৮টি নতুন বিজ্ঞাপন স্লট।
যুক্তরাষ্ট্রের টেলিভিশন বাজারে বিশ্বকাপের জনপ্রিয় ম্যাচগুলোতে ৩০ সেকেন্ডের একটি বিজ্ঞাপনের মূল্য প্রায় ২ লাখ থেকে ৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পর্যন্ত পৌঁছায়। সেই হিসাবে কেবল হাইড্রেশন ব্রেক থেকেই সম্ভাব্য বিজ্ঞাপন ইনভেন্টরির বাজারমূল্য দাঁড়াতে পারে আনুমানিক ২৫০ থেকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে। সব স্লট একই দামে বিক্রি হবে না, আবার সব সম্প্রচারকারী বিজ্ঞাপনও দেখাবে না। তবু এটি যে শত শত মিলিয়ন ডলারের নতুন বাণিজ্যিক সুযোগ তৈরি করেছে, তা নিয়ে খুব একটা দ্বিমত নেই।

ফিফা অবশ্য বাণিজ্যিক উদ্দেশ্যের অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, সিদ্ধান্তটি কেবল খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার জন্য। জলবায়ু পরিবর্তনের এই সময়ে এমন ব্যবস্থা প্রয়োজনীয় বলেই তারা মনে করে।

এই বিরতিতে পানির বোতলের চেয়েও মূল্যবান সম্প্রচারের ঘড়ি
এই বিরতিতে পানির বোতলের চেয়েও মূল্যবান সম্প্রচারের ঘড়ি

তবু প্রশ্নটি থেকেই যায়; কারণ আধুনিক ক্রীড়া অর্থনীতিতে সময়ই সবচেয়ে দামি পণ্য। আর সেই সময় যদি বিজ্ঞাপনের জন্য নতুন করে বিক্রি করা যায়, তাহলে পানির বোতলের চেয়েও মূল্যবান হয়ে ওঠে সম্প্রচারের ঘড়ি।

সম্ভবত এ কারণেই ২০২৬ বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক শুধু চিকিৎসাবিজ্ঞানের বিষয় নয়; এটি ফুটবল, ব্যবসা এবং সম্প্রচার অর্থনীতির এক নতুন সংযোগস্থল। মাঠে খেলোয়াড়েরা পানি পান করছেন, কিন্তু মাঠের বাইরে সেই তিন মিনিটেই ঘুরছে কোটি কোটি ডলারের বিজ্ঞাপনচক্র।

তিন মিনিটে কৌশল বাতলানো কতটা সম্ভব?
তিন মিনিটে কৌশল বাতলানো কতটা সম্ভব?

হয়তো ভবিষ্যতে এই বিরতি বিশ্বকাপের স্বাভাবিক অংশ হয়ে যাবে। কিন্তু আপাতত এটুকু নিশ্চিত—২০২৬ বিশ্বকাপে পানির বিরতি শুধু খেলোয়াড়দের শরীরই ঠান্ডা করছে না, ফুটবলকে ঘিরে বাণিজ্যের আগুনও আরও উসকে দিচ্ছে।

ছবি: রয়টার্স/এএফপি

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৩: ০৩
বিজ্ঞাপন