এমন দিনে পোষা পাখিদের যত্ন
শেয়ার করুন
ফলো করুন

তপ্ত গরমে বিপর্যস্ত জনজীবন। গরমে নাভিশ্বাস উঠেছে সারা দেশের মানুষের। পশুপাখিরাও এর ব্যতিক্রম নয়। মানুষ থেকে পাখি, গ্রীষ্মকালে অতিরিক্ত যত্নের প্রয়োজন সবারই। এই গরমে যাঁরা পাখি পুষছেন, তাঁরা জেনে নিন সঠিকভাবে পাখিদের যত্ন করার নিয়ম।

১. গরমে বারান্দায় পাখিকে ঝুলিয়ে রাখা ঠিক নয়। সরাসরি সূর্যের আলো পাখির গায়ে না পড়লেও গরম বাতাস তাদের গায়ে লাগবে। ফলে পানিশূন্যতা দেখা দিতে পারে। পাখির রুমের তাপমাত্রা ২৫-২৮ ডিগ্রির মধ্যে রাখতে হবে। তাপমাত্রা এর বেশি হলে ফ্যানের ব্যবস্থা করতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে বাতাস যেন সরাসরি পাখির গায়ে না লাগে।

২. পাখিকে বিশুদ্ধ এবং ঠান্ডা পানি খাওয়াতে হবে নিয়মিত। এতে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। পোষা প্রাণীদের ঘন ঘন পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে বাসার বিভিন্ন কোনায় পাত্রে পানি রাখার ব্যবস্থা করতে হবে।

বিজ্ঞাপন

৩. পাখিরা পানিতে গোসল করতে খুব পছন্দ করে। বেশি গরমে প্রতিদিন বা সপ্তাহে তিন দিন (এক দিন পর পর) গোসলের ব্যবস্থা করতে হবে। সম্ভব হলে পাখিদের গোসলের জন্য বড় পাত্রে পানি ভরে রাখার ব্যবস্থা করতে হবে। বেলা ১১ থেকে দুপুর ১২টার মধ্যেই গোসলের পানি দেওয়া উচিত। গোসলের পানির সঙ্গে নিমপাতা বা এলোভেরার রস মিশিয়ে দিতে পারেন। এতে শরীর থেকে পোকা দূর হবে। পালকও সুন্দর দেখাবে। যেসব পাখি গোসল করতে চায় না, তাদের জন্য স্প্রের ব্যবস্থা করতে হবে।

৪. শস্যদানার মিশ্রণই পাখির নিত্যদিনের খাবার। গরমে পাখিকে সঠিক অনুপাতে শস্যদানা দিতে হবে।
গরমে সঠিক শস্যদানার মিশ্রণের (তিন কেজি) অনুপাত:
* চিনা- ১.৫ কেজি
* কাউন- ৯০০ গ্রাম
* গুজি- ১৫০ গ্রাম
* ধান- ১৫০ গ্রাম
* তিশি- ১৫০ গ্রাম
* ক্যানারি- ১৫০ গ্রাম
এ ছাড়া শাকসবজি এবং ফলমূলও পাখিকে খাওয়ানো যেতে পারে। শরীর ঠান্ডা রাখতে এগুলো সহায়তা করে।

৫. পাখির খাঁচা, ট্রে, পানি ও খাবারের পাত্র সপ্তাহে একদিন ভালোভাবে ধুয়ে দিতে হবে। কারণ, গরমে পাখির অনেক সময় পেট খারাপ হয়ে থাকে, তাই পাখির যাবতীয় জিনিসগুলো ভালোভাবে পরিষ্কার রাখতে হবে।
 
৬. অতিরিক্ত গরমে পাখিকে কোনোভাবেই ব্রিডিংয়ে দেওয়া যাবে না। কারণ, এই সময় ব্রিডিং মানেই পাখিকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। কারণ, মা পাখি ডিমে তা দেওয়া বা বাচ্চাদের নিয়ে গরমে হাঁড়িতে বসে থাকে। কিন্তু এই গরমে তা সম্ভব নয়।

সূত্র: পেট হেলথকেয়ার

ছবি: পেকজেলসডটকম

বিজ্ঞাপন
প্রকাশ: ০৬ মে ২০২৪, ০৮: ০০
বিজ্ঞাপন