
কিন্তু সময় বদলেছে। স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া এবং ডেটিং অ্যাপের যুগে সম্পর্কের ধরনও বদলে গেছে অনেকটাই। এখন প্রেম শুধু অনুভূতির বিষয় নয়, বরং ডিজিটাল আচরণ, অনলাইন উপস্থিতি এবং ব্যক্তিগত সীমারেখার সঙ্গেও জড়িয়ে গেছে। আর সেই পরিবর্তনের সঙ্গে সম্পর্কের অভিধানে যুক্ত হয়েছে একগুচ্ছ নতুন শব্দ।
আজকের প্রজন্মের কাছে এসব শব্দ শুধু ট্রেন্ড নয়; বরং সম্পর্কের জটিল বাস্তবতাকে বোঝার নতুন ভাষা।

সবাই যে সবসময় সম্পর্কে থাকতে চাইবে, এমন নয়। ‘ওয়াইল্ডফ্লাওয়ারিং’ হলো এমন এক সময়, যখন কেউ প্রেমের সম্পর্ক খোঁজার বদলে নিজের বিকাশ, মানসিক সুস্থতা এবং আত্মপরিচয় নিয়ে কাজ করতে চায়। বুনো ফুল যেমন নিজের সময়মতো ফোটে, তেমনি এই ধারণাও শেখায় যে একা থাকাও জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হতে পারে।

সম্পর্কের শুরুতেই যদি কেউ অত্যধিক প্রশংসা, উপহার বা মনোযোগ দিতে শুরু করে, সেটিকে বলা হয় ‘লাভ বম্বিং’। প্রথমদিকে এটি রূপকথার মতো মনে হলেও অনেক ক্ষেত্রে এটি মানসিক নিয়ন্ত্রণের একটি কৌশল হয়ে উঠতে পারে। তাই আজকের সম্পর্কবিশ্লেষকেরা এই আচরণকে সতর্কতার চোখে দেখার পরামর্শ দেন।

ডিজিটাল যুগের সবচেয়ে আলোচিত শব্দগুলোর একটি হলো ‘ঘোস্টিং’। কোনো ব্যাখ্যা ছাড়াই যোগাযোগ বন্ধ করে দেওয়া, মেসেজের উত্তর না দেওয়া বা সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও অদৃশ্য হয়ে যাওয়াই এর বৈশিষ্ট্য। সম্পর্কের সমাপ্তির এই নীরব পদ্ধতি অনেকের কাছেই মানসিকভাবে কষ্টদায়ক।
কখনো একটি মেসেজ, কখনো একটি রিঅ্যাকশন। এভাবেই কাউকে আগ্রহী রেখে দেওয়া, কিন্তু সম্পর্ককে এগিয়ে না নেওয়ার আচরণকে বলা হয় ‘ব্রেডক্রাম্বিং’। এটি এমন এক পরিস্থিতি, যেখানে মানুষ বাস্তব সম্পর্কের চেয়ে সম্ভাবনার আশাতেই আটকে থাকে।

বন্ধুত্ব নয় আবার প্রেমও নয়, এই মধ্যবর্তী অবস্থার নাম ‘সিচুয়েশনশিপ’। এখানে আবেগ থাকে, একসঙ্গে সময় কাটানো হয়, কিন্তু সম্পর্কের ভবিষ্যৎ বা প্রতিশ্রুতি নিয়ে স্পষ্টতা থাকে না। আধুনিক ডেটিং সংস্কৃতিতে এটি খুবই পরিচিত একটি বাস্তবতা।

সম্পর্ক শেষ হয়ে গেছে, কিন্তু সাবেক সঙ্গী এখনও আপনার স্টোরি দেখছে বা পোস্টে প্রতিক্রিয়া দিচ্ছে? এই আচরণকে বলা হয় ‘অরবিটিং’। অর্থাৎ ব্যক্তি আপনার জীবনের চারপাশে ঘুরছে, কিন্তু আর সম্পর্কের কেন্দ্রে ফিরছে না।

খেলাধুলার পরিভাষা থেকে আসা ‘বেন্চিং’ বলতে বোঝায় কাউকে সম্ভাব্য বিকল্প হিসেবে ধরে রাখা। নিয়মিত যোগাযোগ থাকলেও সম্পর্ককে এগিয়ে নেওয়ার কোনো উদ্যোগ দেখা যায় না। কারণ অন্য সম্ভাবনাগুলোও বাচিয়ে রাখা হয়।

সোশ্যাল মিডিয়ার যুগে প্রেমেরও নিজস্ব বিপণন কৌশল তৈরি হয়েছে। প্রেমিক বা প্রেমিকার মুখ না দেখিয়ে হাতের ছবি, কফির কাপ কিংবা ছায়া পোস্ট করে সম্পর্কের ইঙ্গিত দেওয়াকে বলা হয় ‘সফট লঞ্চ’। এটি এখন অনলাইন সংস্কৃতির জনপ্রিয় ট্রেন্ড।

সম্পর্কের শুরুতেই নিজের উদ্দেশ্য, প্রত্যাশা এবং ভবিষ্যৎ পরিকল্পনা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়াকে বলা হয় ‘হার্ডবলিং’। অনিশ্চয়তার বদলে স্বচ্ছ যোগাযোগকে গুরুত্ব দেওয়ার কারণে এই প্রবণতা ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে।

‘ডিলিউশন’ এবং ‘রিলেশনশিপ’ দুই শব্দের মিশ্রণে তৈরি হয়েছে ‘ডেলুলুশিপ’। এটি এমন এক অবস্থা, যেখানে বাস্তবে কোনো সম্পর্ক না থাকলেও একজন ব্যক্তি নিজের মনে একটি রোমান্টিক গল্প তৈরি করে ফেলেন। সোশ্যাল মিডিয়া এবং সেলিব্রিটি সংস্কৃতির যুগে এই শব্দটি বিশেষ জনপ্রিয়তা পেয়েছে।
সম্পর্কের এই নতুন শব্দগুলো হয়তো আধুনিক জীবনের বাস্তবতাকে নতুনভাবে ব্যাখ্যা করছে, কিন্তু ভালোবাসার মূল অনুভূতি এখনও একই রয়ে গেছে। মানুষ এখনও সংযোগ খোঁজে, বোঝাপড়া খোঁজে, নিরাপত্তা খোঁজে। শুধু সেই অনুভূতিগুলো প্রকাশ করার ভাষা বদলেছে।
হয়তো আজকের প্রেমে ঘোস্টিং, সফট লঞ্চ বা সিচুয়েশনশিপের মতো শব্দ যুক্ত হয়েছে। তবু সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান এখনো সততা, সম্মান এবং স্পষ্ট যোগাযোগ।
ছবি: এআই