
ফুটবলের সাফল্য আর ফ্যাশনের সম্পর্ক নতুন নয়। তবে এবার সেই সম্পর্ক আরও একধাপ এগিয়ে নিয়ে গেল স্পেনের বিলাসবহুল ফ্যাশন হাউস লোয়েভে। স্পেনের দ্বিতীয় ফিফা বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে ব্র্যান্ডটি প্রকাশ করেছে ১১টি ছবির একটি বিশেষ ফটো কালেকশন। এটি শুধু একটি বিজয় উদযাপন নয়; বরং স্পেনের জাতীয় পরিচয়, সংস্কৃতি এবং সমসাময়িক ফ্যাশনের এক অনন্য দলিল।


এই ফটো সিরিজের আলোকচিত্রী লন্ডনভিত্তিক ক্রিয়েটিভ হান্না কোয়েন। তিনি এর আগে পল স্মিথ, ফেরাগামো, ক্যাম্পারল্যাবসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। চলতি বছর লোয়েভের ১৮০ বছর পূর্তি উপলক্ষে ব্র্যান্ডটির প্রচারণাতেও যুক্ত ছিলেন তিনি। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় স্পেনের বিশ্বকাপজয়ী দলের যাত্রাকে ছবিতে ধারণ করার দায়িত্বও দেওয়া হয় তাঁকেই।
ছবিগুলোতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আবেগ, খেলোয়াড়দের উদ্যাপন এবং বিজয়ের মুহূর্তগুলো শিল্পিতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। লোয়েভের ভাষায়, স্প্যানিশ ফুটবলারদের যে উদ্যম, সৃজনশীলতা ও দলগত চেতনা বিশ্বকাপ জিতিয়েছে, সেই একই মূল্যবোধ গত ১৮০ বছর ধরে ব্র্যান্ডটির পথচলারও অনুপ্রেরণা।

১৮৪৬ সালে মাদ্রিদে একটি চামড়াজাত পণ্যের কর্মশালা হিসেবে যাত্রা শুরু করেছিল লোয়েভে। বর্তমানে নতুন ক্রিয়েটিভ ডিরেক্টর জ্যাক ম্যাককালো ও লাজারো হার্নান্দেজ-এর নেতৃত্বে ব্র্যান্ডটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। বিশ্বকাপজয় উদযাপনের এই প্রকল্পকে সেই নতুন যাত্রারও প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
এ বছরের বিশ্বকাপ লোয়েভের জন্য আরেকটি কারণেও গুরুত্বপূর্ণ। এই টুর্নামেন্টের মধ্য দিয়েই শুরু হয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে ব্র্যান্ডটির চার বছরের অংশীদারত্ব। এই চুক্তির আওতায় স্পেনের পুরুষ ও নারী জাতীয় ফুটবল দলের অফ-দ্য-পিচ এবং আনুষ্ঠানিক পোশাকের দায়িত্ব এখন লোয়েভের।

বিশ্বকাপ জয়ের পর মাদ্রিদে স্পেনের রাজপরিবারের সঙ্গে সাক্ষাতের সময় জাতীয় দলের খেলোয়াড়দের গায়ে ছিল লোয়েভ ডিজাইন করা নতুন অফিসিয়াল পোশাক। ওভারসাইজড থ্রি-বাটন স্যুটের সঙ্গে ইলেকট্রিক ব্লু পোলো শার্টের এই লুক ব্র্যান্ডটির নতুন নান্দনিক দর্শনের পরিচয় বহন করলেও সামাজিক যোগাযোগমাধ্যম ও ফ্যাশন সমালোচকদের মধ্যে এর কাট ও স্টাইল নিয়ে আলোচনা-সমালোচনাও হয়েছে।
তবু লোয়েভের কাছে এই উদ্যোগ কেবল পোশাক তৈরির প্রকল্প নয়। ব্র্যান্ডটির বিশ্বাস, খেলাধুলা একটি দেশের পরিচয়, আবেগ ও সংস্কৃতিকে প্রকাশের শক্তিশালী মাধ্যম। তাই স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়কে কেন্দ্র করে তৈরি এই ফটো কালেকশন শুধু একটি ক্রীড়া সাফল্যের স্মারক নয়; এটি ফ্যাশনের মাধ্যমে জাতীয় পরিচয় উদযাপনেরও এক ব্যতিক্রমী উদাহরণ।
ছবি: ইন্সটাগ্রাম