১৪ বছরেই বুর্জ খলিফার ১৪১ তলায় অফিস! কে এই ‘নেক্সট ইলন মাস্ক’ জয়নাম?
শেয়ার করুন
ফলো করুন

বয়স মাত্র ১৪ বছর। এই বয়সেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি উদ্যোগ নিয়ে আলোচনায় ভারতীয় বংশোদ্ভূত কিশোর জয়নাম জৈন। দুবাইয়ের বুর্জ খলিফার ১৪১তম তলায় তার উদ্যোগ মেঙ্গো ইঞ্জিনের অফিস। সম্প্রতি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড সিআইও ২০০ সামিটের সমাপনী আয়োজনে অনুষ্ঠানের সঞ্চালক তাকে ‘নেক্সট ইলন মাস্ক’ বলে উল্লেখ করেন।

ছয় বছর বয়সেই ব্যবসায়িক বৈঠক

জয়নামের পরিবারের আদি নিবাস ভারতের পুনেতে। পাঁচ বছর বয়সে পরিবারের সঙ্গে দুবাইয়ে যায় সে। বাবার সঙ্গে ব্যবসায়িক পরিবেশে যাতায়াতের সুবাদে ছয় বছর বয়সেই প্রথম ব্যবসায়িক বৈঠকে অংশ নেয় জয়নাম। সেখান থেকেই ব্যবসা সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয় তার।

সাত বছর বয়সে ছোট বোনের সঙ্গে ইউটিউব চ্যানেল শুরু করে জয়নাম। খেলনার বাক্স খোলার ভিডিও দিয়ে শুরু হলেও পরে তারা বিজ্ঞানভিত্তিক পরীক্ষা-নিরীক্ষা নিয়ে কাজ করে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিন মাসের মধ্যে চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা এক লাখ ছাড়িয়ে যায়।

৫০ দিনে ১২০টি অনুষ্ঠান

২০২২ সালে জয়নাম ও তার টিম মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় ৫০ দিনে ১২০টি শিক্ষামূলক ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে। সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ছয় হাজার কিলোমিটার ভ্রমণ করে এসব আয়োজনে ৫০ হাজারের বেশি মানুষের কাছে পৌঁছায় তারা।

পড়াশোনাতেও এগিয়েছে দ্রুত। দ্য টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, ১৩ বছর বয়সে কেমব্রিজের আইজিসিএসই পদ্ধতিতে দশম শ্রেণির সমমানের পরীক্ষা সম্পন্ন করে জয়নাম।

বিজ্ঞাপন

কী করে মেঙ্গো ইঞ্জিন?

জয়নামের প্রতিষ্ঠিত মেঙ্গো ইঞ্জিন একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিপণন প্ল্যাটফর্ম। ছোট ব্যবসা ও নতুন উদ্যোগের বিপণন পরিকল্পনা, বিষয়বস্তু তৈরি, সম্ভাব্য ক্রেতার সঙ্গে যোগাযোগ এবং গ্রাহক ব্যবস্থাপনার মতো কাজে সহায়তা করাই এর লক্ষ্য।
জয়নাম প্ল্যাটফর্মটিকে ব্যবসার জন্য একধরনের ‘এআই সহপ্রতিষ্ঠাতা’ হিসেবে তুলে ধরেছে। তবে সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উদ্যোগটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে। ফলে এর কার্যকারিতা ও ভবিষ্যৎ সাফল্য সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সময় এখনো আসেনি।

কেন ‘নেক্সট এলন মাস্ক’?

অল্প বয়সে প্রযুক্তি উদ্যোগ প্রতিষ্ঠা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ব্যবসার সমস্যা সমাধানের চেষ্টা। এসব কারণেই জয়নামের সঙ্গে ইলন মাস্কের তুলনা করা হচ্ছে। তবে ‘নেক্সট ইলন মাস্ক’ উপাধিটি অনুষ্ঠানের সঞ্চালকের দেওয়া প্রশংসাসূচক মন্তব্য মাত্র; দুজনের অর্জন বা ব্যবসায়িক সাফল্য তুলনা করার জন্য নয়। এটি কোন আনুষ্ঠানিক স্বীকৃতিও নয়।

বুর্জ খলিফায় অফিস, এই পরিচিতির বাইরেও জয়নামের সাফল্যের কারণ হিসেবে দেখা হয় ছোটবেলা থেকে শেখার আগ্রহ, ইউটিউব চ্যানেল পরিচালনার দক্ষ্যতা এবং বিভিন্ন উদ্যোগে কাজ করার অভিজ্ঞতা। তার প্রযুক্তি উদ্যোগ ভবিষ্যতে কতটা সফল হবে, তা সময়ই বলে দেবে। তবে অল্প বয়সে নতুন ধারণা নিয়ে কাজ শুরু করার এই প্রচেষ্টা ইতিমধ্যেই তাকে আলোচনায় এনেছে।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে, দ্য টাইমস অব ইন্ডিয়া ও জেইনাম জেইনের ব্যক্তিগত ওয়েবসাইট

বিজ্ঞাপন
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১৪: ৫৯
বিজ্ঞাপন