সিডনিতে রোজায় জমজমাট উৎসব
শেয়ার করুন
ফলো করুন

ইয়াকুব আলী, সিডনি থেকে

বহু সংস্কৃতির দেশ অস্ট্রেলিয়া। এখানে সরকারিভাবে বহু সংস্কৃতিকে লালন করা হয়। তাই বছরব্যাপী চলতে থাকে নানা উৎসব। রোজা এলেই সিডনিতে উৎসবের আবহ তৈরি হয়। সিডনিতে রোজার মাসের সবচেয়ে বড় উৎসব হচ্ছে ‘লাকেম্বা রামাদান নাইটস’। এই সময় প্রতিদিন সন্ধ্যা থেকে শুরু হয়ে এই উৎসব চলে ভোররাত অবধি। এ বছর রামাদান নাইটস ২১ মার্চ শুরু হয়েছে, চলবে ২০ এপ্রিল পর্যন্ত।

লাকেম্বায় ভিড়
লাকেম্বায় ভিড়

ক্যান্টাবুরি সিটি কাউন্সিলের অধীনে মূলত লাকেম্বা সাবার্বের হেলডন স্ট্রিটের দুই পাশে বসে এই মেলা। বিকেল হতেই লাকেম্বা স্টেশনের কাছ থেকে হেলডন স্ট্রিট বন্ধ করে দেওয়া হয়। এরপর দুই পাশের দোকান ও ফুটপাতে চলে এই বাহারি আয়োজন। এখানে মূলত বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। অবশ্য পাশাপাশি খোলা থাকে কিছু পোশাকের দোকানও। পাশাপাশি থাকে বাচ্চাদের খেলনার দোকান।

বিজ্ঞাপন

এই মেলা ২০১২ সালে প্রথম শুরু হয়েছিল মাত্র একটা বার-বি-কিউ দোকানের মাধ্যমে। আর এখন এখানে পঁচাত্তরের ওপরে দোকান বসে। দোকানগুলোয় লেবানিজ, সিরিয়ান, ফিলিস্তিনি, ইন্দোনেশিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি, আফগানিসহ বিভিন্ন দেশের সব মুখরোচক খাবার ও পানীয় পাওয়া যায়। এ সময় পুরো হেলডন স্ট্রিট লোকে লোকারণ্য হয়ে ওঠে।

রোজার রাতে লাকেম্বায়
রোজার রাতে লাকেম্বায়

সব বয়সী মানুষই এখানে আসেন খাবারের স্বাদ নিতে। অনেকেই আসেন ইফতারের আগে। এখানে পরিবারের সবাইকে নিয়ে ইফতার করেন। এরপর বিভিন্ন ধরনের খাবার খেয়ে বাসায় ফেরেন। আবার অনেকেই আসেন একটু বেশি রাত করে যাতে সাহ্‌রি খেয়ে বাসায় ফিরতে পারেন। মেলা উপলক্ষে হেলডন স্ট্রিটে আলাদাভাবে আলোকসজ্জাও করা হয়।

বিজ্ঞাপন

বেশির ভাগ মানুষই আসেন উটের মাংসের তৈরি বার্গার খেতে। তাই বার্গারের দোকানগুলোর সামনে দেখা যায় লম্বা লাইন। একটা বার্গার পেতে কমপক্ষে আধা ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। তবুও মানুষের কোনো আক্ষেপ নেয়। কারণ, এই উৎসবের অংশ হতে পারাটাই আসল কথা। পাশাপাশি বার্গারের দোকানগুলোয় হরিণের মাংসসহ অন্যান্য মাংসের বার্গারও বিক্রি হয়। এ ছাড়া পাওয়া যায় বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী পানীয় ও ফলের রস। বাচ্চাদের জন্য থাকে ‘চিপস ইন স্টিক’। খাবারের পাশাপাশি বেজে চলে বিভিন্ন দেশের সংগীত। সংগীতের মূর্ছনা এই মেলাকে যেন পূর্ণতা দান করে।

লিভারপুলের মোস্ট ব্লেসড নাইটসে ভিড়
লিভারপুলের মোস্ট ব্লেসড নাইটসে ভিড়

সম্প্রতি লিভারপুল সিটি কাউন্সিলের অধীনে লিভারপুল সাবার্বে শুরু হয়েছে ‘মোস্ট ব্লেসড নাইটস’। লিভারপুলের ম্যাকুয়ারি স্ট্রিটে মাসব্যাপী প্রতি সপ্তাহান্তের শুক্র, শনি ও রোববার চলে এই মেলা। এখানেও হরেক রকমের খাবারের স্টলে বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী খাবার ও পানীয় পাওয়া যায়। পাশাপাশি এই জায়গাটাকে চোখ ধাঁধানো আলোকসজ্জায় সজ্জিত করা হয়। এখানেও আশপাশের এলাকা থেকে মানুষ ভিড় করেন বিভিন্ন রকমের খাবারের স্বাদ নিতে।

সিডনির এই ‘রমাদান নাইটস’ মেলাগুলো দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে। ২০২২ সালের লাকেম্বা রমাদান নাইটসে দর্শনার্থীর সংখ্যা ছিল ২২ লাখের বেশি। একইভাবে লিভাপুলের ‘মোস্ট ব্লেসড নাইটস’ও জনপ্রিয় হয়ে উঠছে এবং বছর বছর বাড়ছে দর্শনার্থী। এখন সিডনির অন্যান্য সাবার্বেও সরকারি পৃষ্ঠপোষকতায় এ ধরনের আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় ১৫ এপ্রিল ২০২৩ ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলও আয়োজন করতে যাচ্ছে ‘রমাদান অন কিউ’।

ছবি: লেখক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ১৪: ২৯
বিজ্ঞাপন