ছুটির দিনে কী করবেন
শেয়ার করুন
ফলো করুন

একটু আরাম-আয়েশে নিজের মতো করে সময় কাটানোর দিন—ছুটির দিন। ছুটির দিনে আমরা সে কাজগুলো করি, যা কাজের দিনে করা সম্ভব হয়ে ওঠে না। গত সপ্তাহের প্রচণ্ড গরমে পছন্দের খাবার খেতে পারেননি অনেকেই। কিন্তু কয়েক দিন ধরে আবহাওয়ায় বৃষ্টির ভাব আছে। পূর্বাভাস বলছে, তা চলবে আরও কয়েক দিন। তাই এই ছুটির দিনে চাইলে চটকদার জিবে জল আনা খাবার খেয়ে মনকে খুশি করতে পারেন। তবে অবশ্যই স্বাস্থ্যের কথা মাথায় রেখে।

কী খাবেন

এদিন সকালের জম্পেশ নাশতার জন্য চিরচেনা স্টার কাবাব ও হোটেলের তুলনা নেই। পরোটা, নান, সবজি, ডাল, হালুয়া, চিকেন স্যুপ, ডাল, খাসির মাংস দিয়ে ভূরিভোজের পর স্টারের বিখ্যাত দুধ-চা দিনের শুরুটা চনমনে করে দেবে। সুবিধা অনুযায়ী বেছে নিতে পারেন ধানমন্ডি, এলিফ্যান্ট রোড বা কারওয়ান বাজার শাখা। ধানমন্ডির ২৭ নম্বরের সাম্পান বা বনানীর পাগলা বাবুর্চিও হতে পারে দারুণ অপশন।

‘ফুচকা’ শব্দটা শুনলেই যেন জিবে জল আসে। মুখরোচক এই খাবার পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আবার যদি সেই ফুচকা পাওয়া যায় ফ্রিতে, কেমন হবে বলুন তো? তবে শর্ত একটা আছে। ফ্রি ফুচকা শুধুই মেয়েদের জন্য। ছেলেদের জন্য প্রতি প্লেট ১০০ টাকা। ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজন করা হয়েছে এই মজার ‘ফ্রি ফুচকা ফেস্ট’। ফ্রিতে ফুচকা খাওয়ার এই উৎসব চলবে ১৫ ও ১৬ সেপ্টেম্বর।

ফ্রি ফুচকা আয়োজনের পাশাপাশি থাকবে এক্সক্লুসিভ কাপড়, ব্যাগ, জুতা, গয়নাসহ বিভিন্ন ফ্যাশন অনুষঙ্গ ও ঘর সাজানোর নানা জিনিসের প্রদর্শনী। ফুচকা খেতে আপনাকে এই প্রদর্শনী থেকে অবশ্যই কিছু কিনতে হবে—এমন শর্ত না থাকায় নিশ্চিন্তে চলে যেতে পারেন মাইডাস সেন্টারের ১২ তলায়। বেলা ১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই আয়োজন। কেনাকাটা করতে করতে ফুচকা খাওয়ার বা ফুচকা খেতে খেতে কেনাকাটার এই আয়োজন ছুটির বিকেলকে উপভোগ্য করে তুলবে এক ঢিলে দুই পাখি শিকারের মতো। ছুটির দিন যদি এমন হয়, তাহলে আনন্দের সীমা থাকে না।

বিজ্ঞাপন

কোথায় যাবেন

সিনেমা হলগুলোতে চলছে বলিউড বাদশার সদ্য মুক্তি পাওয়া ‘জওয়ান’। শাহরুখ খান অভিনীত সিনেমা বলে কথা। এমন অনেকেই আছেন যাঁরা সপ্তাহান্তে পর্যন্ত অপেক্ষা না করে ইতিমধ্যে সময় বের করে সিনেমাটি দেখে এসেছেন। আর যাঁরা এখনো দেখেননি, তাঁরা চলে যেতে পারেন কাছের কোনো সিনেমা হলে। হাতে পপকর্ন আর কোমল পানীয় নিয়ে চলে যান কিং খানের সুপারহিট এই সিনেমা উপভোগ করতে। অবশ্য এ ক্ষেত্রে অগ্রিম টিকিট কাটার ব্যাপারটিও মাথায় রাখতে হবে।

যাঁরা ভাবছেন আলাদা কিছু করবেন, তাঁরা নাটক দেখতে চলে যেতে পারেন বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। সেখানে প্রতি শুক্র ও শনিবার প্রায়ই কোনো না কোনো নাটক মঞ্চায়িত হয়। এই শুক্রবার মঞ্চায়িত হবে ‘লেট মি আউট’–এর ১৫ ও ১৬তম আসর। ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে ও সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে পরপর দুটি শো হবে। সিটভেদে টিকিটের জন্য আপনাকে গুনতে হবে ৩০০ টাকা, ৫০০ টাকা ও ১০০০ টাকা।

ছবিঃ ফেসবুক

বিজ্ঞাপন
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০১: ০০
বিজ্ঞাপন