
জেসিআই বাংলাদেশের তত্ত্বাবধানে হেলদি লিভিং বিডি এবং উইইভলভ-এর সহযোগিতায়, শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন করতে ‘নারীর সুস্থতা: সুস্থ মন, শরীর এবং আত্মা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে জেসিআই ঢাকা মেট্রো। আয়োজনে অংশ নেন নানা সেক্টরের নারীরা এবং একসাথে নারীদের সামগ্রিক সুস্থতা বিষয়ে আলোচনা করেন তারা।

অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন মানসিক স্বাস্থ্য, পুষ্টি, ফিটনেস, যোগব্যায়াম এবং মননশীল আন্দোলন নিয়ে কাজ করেন এমন সব ব্যক্তি। ফিটনেস ও ওয়েলনেস লাইফ কোচ এবং এসিই সার্টিফায়েড পার্সোনাল ট্রেইনার তানভীর হাসান বৃত্তর নেতৃত্বে একটি বিশেষ সুস্থতা এবং ব্যায়াম সেশন দেখানো হয়। তিনি বলেন, স্ট্রেস আগের চেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের উদ্যোগ শুধু সুস্থতার প্রয়োজনীয়তার ওপর জোর দেয় না; বরং স্ট্রেস থেকে বেরিয়ে আসার পথকেও সবার সামনে নিয়ে আসে।
প্যানেল আলোচনায় জেসিআই বাংলাদেশের সভাপতি ইমরান কাদির বলেন, ‘আমরা যদি নারীদের জন্য সঠিকভাবে বিনিয়োগ করতে পারি এবং তাঁদের জন্য সুযোগ তৈরি করতে পারি, তাহলে এই সুযোগগুলো পুরো জাতিকে ১০ গুণ বেশি সুবিধা দেবে। জেসিআই বাংলাদেশ সব সময় সব ক্ষেত্রে সমান সুযোগের প্রচার করে। এই অনুষ্ঠানের মধ্যমণি অভিনেত্রী সোহানা সাবা বলেন, মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ জীবনযাপনের জন্য সুস্থ মন জরুরি। নারীর অধিকার অর্জন করতে হলে আমাদের সমান অধিকার ও সুযোগের প্রচার করতে হবে। সক্ষম ও সম্মানজনক পরিবেশের মাধ্যমে শিশু বয়স থেকেই নারীদের মানসিক সুস্থতা নিশ্চিত করার জন্য আমাদের কাজ চালিয়ে যেতে হবে।’
উইইভলভের সিনিয়র ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও মানসিক স্বাস্থ্যবিশেষজ্ঞ রিফাত শারমিন ফেরদৌস বলেন, ‘আমরা চাই মানুষ মানসিক স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন হোক। আজকের এই আয়োজন মানসিক স্বাস্থ্য ও সুস্থতার পক্ষে অ্যাডভোকেসি করার একটি দুর্দান্ত সুযোগ তৈরি করেছে।’

নিজেরা করি–এর প্রতিষ্ঠাতা ও সিইও ইশরাত ইরিনা বলেন, শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য সবকিছুর প্রতি যত্ন নিতে হবে। নারীদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরিবারের কাছ থেকে সহায়তার গুরুত্বের ওপর জোর দিতে হবে, যাতে নারীরা নির্বিঘ্নে এগিয়ে যেতে পারে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেসিআই ঢাকা মেট্রোর সভাপতি মো. সরিফুল ইসলাম, হেলদি লিভিং বিডির প্রতিষ্ঠাতা আহসান রনি, ফিল্ম মেকার অপরাজিতা সঙ্গীতা। মিডিয়া পার্টনার ডেইলি স্টার, ক্রিয়েটিভ পার্টনার ক্যাচ বাংলাদেশ, এনগেজমেন্ট পার্টনার জেসিআই ঢাকা এস এবং কমিউনিটি পার্টনার স্ট্যার্টআপ কোচ-এর সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।