
২০১৬ থেকে শুরু হয় সামাজিক মাধ্যমভিত্তিক নারী সংগঠন বা গ্রুপ, পপ অব কালারের বিশেষ উদ্যোগ ‘রঙিন খুশি ছড়াই’-এর সূচনা। এবারের উদ্যোগের আওতায় ছিল অসহায় ও দুস্থ ১১২টি পরিবারে ঈদ এবং ঈদ–পরবর্তী বেশ কিছুদিনের জন্য খুশি ছড়িয়ে দেওয়া। এরই অংশ হিসেবে একজন অসহায় মায়ের মেয়ের সম্পূর্ণ বিয়ের খরচ বাবদ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া ঈদের দ্বিতীয় দিন তিন শতাধিক মানুষকে খাবার দেওয়া হয়েছে।

পপ অব কালার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিংকার জান্নাত মিম বলেন, ‘আমাদের ‘রঙিন খুশি’ আয়োজনটি মূলত নিম্নবিত্ত মানুষের জন্য। আমরা এবার পৌঁছে গিয়েছিলাম দুর্গানগর, চৌমোহনা, সাতগাঁও, বাবুর বাজার, বিচামনি এবং শ্রীমঙ্গলের প্রত্যন্ত এলাকায়। ১১২টি পরিবারে ঈদ উপহার হিসেবে চাল, দুধ,সেমাই, নুডুলস, লবণ, চিনি, তেল, বিস্কুট, কোমল পানীয়, সাবান ইত্যাদি দিয়েছি আমরা। আমাদের উদ্দেশ্য ছিল ঈদ উৎসবে তাঁদের শামিল করে নেওয়া।’
তিনি আরও বলেন, পপ অব কালার ২০১৬ সাল থেকে এ উদ্যোগ চালিয়ে যাচ্ছে। আশা করি আগামী দিনেও তারা চেষ্টা করে যাবে। দেশের বিভিন্ন জেলায়, যেখানে খুশির আলো ছড়ায় না, সেসব প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেওয়া হবে পপ অব কালারের পক্ষ থেকে ভালোবাসার উপহার। যারা সত্যিকার অর্থে দুস্থ ও অসহায়, যারা নিজেরা কারও কাছে সাহায্যের আবেদন নিয়ে আসতে পারে না বা সেই সুযোগটাও নেই, আর যাদের কাছে সাহায্য পৌঁছায় না, তাদের পাশে দাঁড়াবে পপ অব কালার।

তিনি আরও বলে, ‘রঙিন খুশি ছড়াতে পপ অব কালার কোনো নির্দিষ্ট দিন বা উৎসবের জন্য অপেক্ষায় থাকেনি, আর ভবিষ্যতেও থাকবে না। তাই সারা বছর যেকোনো সময়ে পপ অব কালারের উদ্যোগ ‘রঙিন খুশি ছড়াই’ পৌঁছে যাবে খুশি ছড়াতে এবং সঙ্গে নিয়ে ফিরবে শত মানুষের হাসি।
ছবি: পপ অব কালার