
ঢাকায় বসেই স্পেনের সমুদ্রতীরের পায়েইয়া, জাপানি শেফের হাতে তৈরি স্যামন তেরিয়াকি, মধ্যপ্রাচ্যের সুগন্ধি ফিশ সায়াদিয়া কিংবা তাজা লবস্টারের স্বাদ নেওয়ার সুযোগ এনে দিয়েছে শেরাটন ঢাকার নতুন সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। শহরের ব্যস্ততা থেকে কয়েক ঘণ্টার বিরতি নিয়ে যেন এক টেবিলেই ঘুরে আসা যায় বিশ্বের বিভিন্ন উপকূল—এমন অভিজ্ঞতাই তুলে ধরছে এই আয়োজন।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় আয়োজিত উৎসবটি চলবে ১৮ জুলাই পর্যন্ত। এর উদ্বোধন হয় ৮ জুলাই শেরাটন ঢাকার ১৪ তলার দ্য গার্ডেন কিচেন-এ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিভিয়াগা ওচোয়া দে চিনচেক্র, ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, আন্তর্জাতিক শেফ ও শেরাটন ঢাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা। উদ্বোধনের পর অতিথিরা উৎসবের বিশেষ সিফুডের স্বাদও উপভোগ করেন।

শেরাটন ঢাকার হেড শেফ রুমান ওবায়েদ বলেন, ভালো খাবার মানুষের মধ্যে দূরত্ব কমিয়ে আনে। তাঁর ভাষায়, একটি ডাইনিং টেবিল কেবল খাবার পরিবেশনের জায়গা নয়; এটি গল্প, স্মৃতি ও সম্পর্ক গড়ে ওঠারও স্থান। ‘কোস্টাল কার্নিভাল’-এর মাধ্যমে অতিথিদের সেই অভিজ্ঞতাই উপহার দিতে চায় শেরাটন।
ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান বলেন, কোনো দেশের সংস্কৃতিকে জানার সবচেয়ে সহজ পথগুলোর একটি হলো তার খাবার। ভাষা কিংবা ইতিহাসের আগে একটি দেশের রান্নাই মানুষকে সেই সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তাঁর মতে, বাংলাদেশ ও ব্রুনাই—উভয়ই সমুদ্রঘেঁষা দেশ। তাই এমন আয়োজন শুধু রসনার নয়, সাংস্কৃতিক বন্ধনও আরও দৃঢ় করে। তাঁর মন্তব্য, "অনেকে বলেন কূটনীতি শুরু হয় আলোচনার টেবিলে। আমার মনে হয়, অনেক সময় সেটি শুরু হয় খাবারের টেবিলে।"

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস–এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের মানুষের আন্তর্জাতিক খাবারের প্রতি আগ্রহ বাড়ছে। সেই চাহিদা বিবেচনায় বিশ্বের বিভিন্ন দেশের আসল রেসিপি ও উপকরণ ব্যবহার করে অতিথিদের জন্য একটি আন্তর্জাতিক সিফুড অভিজ্ঞতা তৈরি করা হয়েছে।
উৎসবের অন্যতম আকর্ষণ লাইভ সিফুড এক্সপেরিয়েন্স কাউন্টার। এখানে অতিথিরা নরওয়েজিয়ান স্যামন, টুনা, অক্টোপাস, কিং প্রন কিংবা লবস্টারের মতো প্রিমিয়াম সিফুড নিজের পছন্দমতো বেছে নিতে পারবেন। এরপর শেফরা তাৎক্ষণিকভাবে রান্না করে পরিবেশন করবেন।

মেনুতেও রয়েছে বৈচিত্র্যের ছোঁয়া। স্পেনের সিফুড পায়েইয়া ভ্যালেন্সিয়ানা, সিফুড জাম্বালায়া রাইস, টুনা ও স্যামন তেরিয়াকি, ফিশ সায়াদিয়া, লবস্টার বিস্ক—এমন নানা উপকূলীয় খাবারের পাশাপাশি রয়েছে আইরিশ ল্যাম্ব স্টু, গ্রিক ল্যাম্ব শ্যাঙ্ক, মাটন নেহারি ও মাটন রোগন জোশ। আর মিষ্টান্নে থাকছে বাকলাভা, কুনাফা, তুলুম্বা ও মাচা মুজ কেকসহ বিভিন্ন দেশের জনপ্রিয় ডেজার্ট।
উৎসব উপলক্ষে পুরো দ্য গার্ডেন কিচেন সেজেছে হয়েছে সমুদ্রপ্রাণিত সাজে। নীলাভ আলো, সামুদ্রিক সাজসজ্জা ও বৈচিত্র্যময় খাবারের সমন্বয়ে তৈরি হয়েছে ভিন্নধর্মী এক পরিবেশ, যা অতিথিদের কাছে শুধু একটি বুফে নয়, বরং ছোট্ট এক গ্যাস্ট্রোনমিক ভ্রমণের অনুভূতি এনে দেয়।

শুধুমাত্র রাতের বুফে ডিনারের জন্য উন্মুক্ত এই উৎসবে জনপ্রতি মূল্য ভ্যাট ও ট্যাক্সসহ ৯ হাজার ৯৫০ টাকা। অংশীদার ব্যাংকের নির্বাচিত কার্ডধারীরা বিশেষ মূল্যছাড় ও অফারও উপভোগ করতে পারবেন।
ছবি: হাল ফ্যাশন