ক্রাউন প্লাজা এয়ারপোর্টের মিট কার্নিভাল: মাংসের স্বাদে নতুন চমক
শেয়ার করুন
ফলো করুন

মাংসের পরিচিত স্বাদকে একটু ভিন্নভাবে উপস্থাপন করা যায় কীভাবে? এমনকি চকোলেটের মতো মিষ্টি খাবারের সঙ্গেও কি মাংসের মেলবন্ধন সম্ভব? এমন সব ব্যতিক্রমী আয়োজন নিয়ে রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মোজাইক রেস্তোরাঁয় শুরু হয়েছে ‘মিট কার্নিভাল’, পাওয়ার্ড বাই বেঙ্গল মিট। ১২ নভেম্বর সন্ধ্যা ৬টায় উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ১২ থেকে ২১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাতের বুফে ডিনারে অতিথিরা উপভোগ করতে পারবেন দেশি-বিদেশি নানা ধরনের মাংসের পদ।

রোস্টেড হোল ল্যাম্ব
রোস্টেড হোল ল্যাম্ব

গ্রিল, রোস্ট ও স্বাদের নানা নিরীক্ষাকে কেন্দ্র করে সাজানো হয়েছে এবারের আয়োজন। রসাল স্টেক, ধীরে রান্না করা মাংস, আগুনে গ্রিল করা কাবাব থেকে শুরু করে বারবিকিউয়ের জনপ্রিয় পদ—সব মিলিয়ে মাংসপ্রেমীদের জন্য রয়েছে সমৃদ্ধ এক আয়োজন।

সাজানো হয়েছে চমৎকারভাবে
সাজানো হয়েছে চমৎকারভাবে

মোজাইক রেস্তোরাঁয় ঢুকতেই চোখে পড়ে বিশাল বুফে আয়োজন। ডেজার্ট, স্টার্টার, স্যুপ, মেইন কোর্স, গ্রিল ও কাবাব—প্রতিটি কর্নার সাজানো হয়েছে আলাদা বৈশিষ্ট্যে। তবে উৎসবের মূল আকর্ষণ মাংস। তাই খাবারের টেবিলে ঘুরেফিরে চোখ আটকে যায় নানা ধরনের বিফের পদে।

বিজ্ঞাপন

পরিচিত স্বাদে নতুনত্ব

মাটন পায়া
মাটন পায়া

মিট কার্নিভালের অন্যতম আকর্ষণ বিফ শর্ট রিবস কালাভুনা। বাংলাদেশের পরিচিত কালাভুনাকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন রন্ধনশিল্পীরা। সাধারণত কালাভুনা বলতে মসলা দিয়ে কষানো মাংসের পদকেই বোঝানো হয়। এখানে ব্যবহার করা হয়েছে বিফ শর্ট রিবস, যা দীর্ঘ সময় ধরে রান্নার পর কালাভুনার মসলায় তৈরি করা হয়েছে। ফলে পরিচিত দেশি স্বাদের সঙ্গে যুক্ত হয়েছে নতুন পরিবেশনা ও স্বাদের ভিন্নতা।

রেস্তোরাঁর শেফের সঙ্গে কথা বলে জানা গেল, পদটি তৈরি করতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে। একইভাবে বিফ ব্রিসকেট তৈরিতেও প্রয়োজন হয় দীর্ঘ সময়। ধীরে রান্নার এই প্রক্রিয়ায় মাংসের স্বাদ ও কোমলতা ধরে রাখার চেষ্টা করা হয়েছে।

বিফ অক্সটেইল
বিফ অক্সটেইল

এ ছাড়া রয়েছে মেজবানি ঢঙে রোস্ট করা বিফ ব্যাক লেগ, বিফ নিহারি, স্লো-কুকড বিফ ব্রিসকেট, ওসো বুকো, হোল ল্যাম্ব উজি ও বিভিন্ন ধরনের কোল্ড কাট। দেশি স্বাদের পাশাপাশি আন্তর্জাতিক রান্নার বৈচিত্র্যও রাখা হয়েছে মেনুতে।

পরিচিত খাবারের স্বাদ যাঁরা পছন্দ করেন, তাঁদের জন্য রয়েছে বিফ ভুনা, মাটন তেহারি, চাপলি কাবাব, তন্দুরি চিকেন ও চিকেন পাকোড়া। সঙ্গে আছে নান ও পরোটা। স্টার্টার কর্নারে রয়েছে ভেজিটেবল টেম্পুরা, বিভিন্ন ধরনের সস ও অন্যান্য পদ। এ ছাড়া বাটার সতে করা সবজি, বেকড ফিশসহ নানা ধরনের সাইড ডিশও রয়েছে।

বিজ্ঞাপন

গ্রিল থেকে সরাসরি প্লেটে

গ্রিল স্টেশন থেকে সরাসির বেছে নেওয়া যাবে
গ্রিল স্টেশন থেকে সরাসির বেছে নেওয়া যাবে

কার্নিভালের আরেকটি আকর্ষণ লাইভ গ্রিল স্টেশন। এখানে অতিথিরা নিজেদের পছন্দ অনুযায়ী গ্রিল করা মাংস উপভোগ করতে পারবেন। মাংসের বিভিন্ন পদে বৈচিত্র্য আনতে এই আয়োজন বেশ উপভোগ্য। পাশাপাশি রয়েছে স্যুপ স্টেশন, যেখানে অতিথিরা নিজেদের পছন্দমতো স্যুপ তৈরি করিয়ে নিতে পারেন।

আয়োজন নিয়ে কথা হয় ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের ক্লাস্টার ডিরেক্টর অব কুলিনারি রোমানো ক্রয়েটজের সঙ্গে। তাঁর ভাষায়, এটি কেবল একটি মিট ফেস্টিভ্যাল নয়, বরং পরিবারের সদস্য ও প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার উপলক্ষ। সে কারণেই আয়োজনটির নাম রাখা হয়েছে ‘কার্নিভাল’। পরিচিত খাবারের পাশাপাশি প্রতিদিনের পরিবেশনায় নতুনত্ব রাখার চেষ্টা করা হচ্ছে।

রোমানো জানান, বিফের বিভিন্ন পদ, লাইভ গ্রিল ও বিশেষ ডেজার্ট এই আয়োজনের উল্লেখযোগ্য আকর্ষণ। তাঁর মতে, ভালো স্টেক তৈরির ক্ষেত্রে রান্নার পাশাপাশি একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো রান্নার পর মাংসকে কিছুক্ষণ বিশ্রাম দেওয়া। গ্রিল কিংবা প্যানে রান্নার পরপরই মাংস কেটে ফেললে এর স্বাভাবিক রস ধরে রাখা কঠিন হয়ে পড়ে। তাই পরিবেশনের আগে মাংসকে কিছুক্ষণ বিশ্রাম দেওয়াও ভালো স্টেক তৈরির অন্যতম কৌশল।

চকোলেটের সঙ্গে মাংস!

মিট কার্নিভালের সবচেয়ে ব্যতিক্রমী আয়োজন সম্ভবত ডেজার্ট কর্নার। সাধারণত মাংসের উৎসবে মিষ্টিজাতীয় খাবার থাকলেও সেগুলোতে মাংসের ব্যবহার খুব একটা দেখা যায় না। এখানে সেই ধারণায় নতুনত্ব আনা হয়েছে। ডেজার্টের তালিকায় রয়েছে বিফি চকোলেট মুস ও বেকন চকোলেট বার্ক।

বিফি চকলেট মুজ
বিফি চকলেট মুজ

চকোলেটের সঙ্গে মাংসের এই মেলবন্ধন প্রথমে কিছুটা বিস্ময় তৈরি করলেও এর পেছনে রয়েছে স্বাদের ভিন্ন এক ভাবনা। রোমানোর ব্যাখ্যায়, মিষ্টি ও নোনতা স্বাদের সমন্বয় খাবারে নতুন মাত্রা যোগ করতে পারে। যেমন সল্টেড ক্যারামেলে মিষ্টির সঙ্গে লবণাক্ত স্বাদের ভারসাম্য থাকে, তেমনি চকোলেটের সঙ্গে বেকন বা মাংসের ব্যবহারও তৈরি করতে পারে ভিন্ন স্বাদের অভিজ্ঞতা।

বেকন চকলেট বার্ক
বেকন চকলেট বার্ক

ডেজার্ট কর্নারে অবশ্য শুধু এই দুটি পদই নয়, রয়েছে অ্যাসর্টেড লাড্ডু, পিস্তা চানা, কালোজাম, টফি কেক, ক্যারট কেক, বিভিন্ন ধরনের পুডিং, চকোলেট কেক ও মিক্সড নাট পাই। সঙ্গে আছে আইসক্রিম ও নানা ধরনের টপিংস।

এক টেবিলে নানা স্বাদের অভিজ্ঞতা

মাংসের পাশাপাশি খাবারের বৈচিত্র্য ধরে রাখার চেষ্টা রয়েছে পুরো আয়োজনজুড়ে। কোল্ড আইটেমের কর্নারে রয়েছে বিফ রোল, চিকেন মর্টাডেলা, ক্রিমি সালাদ ও ক্যারিবিয়ান ক্যাবেজ। সবজি ও চিজের বিভিন্ন পদও রাখা হয়েছে। ফলে যাঁরা মাংসের পাশাপাশি অন্য ধরনের খাবার পছন্দ করেন, তাঁদের জন্যও রয়েছে পর্যাপ্ত বিকল্প।
পুরো আয়োজন ঘুরে দেখলে বোঝা যায়, এখানে শুধু মাংসের পদের সংখ্যা বাড়ানো হয়নি, বরং পরিচিত উপকরণকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। বিশেষ করে দেশি কালাভুনার স্বাদে বিফ শর্ট রিবস কিংবা চকোলেটের সঙ্গে বেকনের ব্যবহার উৎসবটিকে দিয়েছে আলাদা মাত্রা।

যেসব সুবিধা পাওয়া যাবে

ক্রাউন প্লাজার কর্মকর্তারা
ক্রাউন প্লাজার কর্মকর্তারা

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের মোজাইক রেস্তোরাঁয় প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাতের বুফে ডিনারে উপভোগ করা যাবে এই আয়োজন। চলবে ২১ নভেম্বর পর্যন্ত। জনপ্রতি বুফে ডিনারের মূল্য ৮ হাজার ৯৯৯ টাকা (নেট)। নির্ধারিত অংশগ্রহণকারী ব্যাংকের কার্ডে শর্তসাপেক্ষে রয়েছে ‘ডাইন ফোর পে ওয়ান’, ‘ডাইন থ্রি পে ওয়ান’ ও ‘ডাইন টু পে ওয়ান’ সুবিধা।

বেঙ্গল মিটের সহযোগিতায় আয়োজিত এই কার্নিভাল মাংসপ্রেমীদের জন্য যেমন নতুন স্বাদ চেখে দেখার সুযোগ, তেমনি পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে ভিন্নধর্মী ডাইনিং অভিজ্ঞতা নেওয়ারও উপলক্ষ। বিশেষ করে যাঁরা পরিচিত মাংসের পদের বাইরে নতুন কিছু চেখে দেখতে ভালোবাসেন, তাঁদের জন্য আয়োজনটি হতে পারে আকর্ষণীয়।

ছবি: হাল ফ্যাশন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭: ৩৬
বিজ্ঞাপন