

শাপলার ভেলা তৈরি
শাপলা দুই আঁটি
বেসন এক কাপ
কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ
চালের গুঁড়া ১ টেবিল চামচ
জিরাগুঁড়া ১/২ চা-চামচ
ধনিয়াগুঁড়া ১/২ চা-চামচ
হলুদগুঁড়া ১/২ চা-চামচ
আদা-রসুনবাটা ২ চা–চামচ
গোল মরিচ গুঁড়া ১/২ চা–চামচ
লবণ স্বাদমতো
তেল প্রয়োজন মতো

নারকেলের দুধের গ্রেভি তৈরি
নারকেলের দুধ ২ কাপ
পেঁয়াজকুচি ২ টেবিল চামচ
আদা-রসুনবাটা ১ টেবিল চামচ
ধনিয়াগুঁড়া ১/২ চা–চামচ
জিরাগুঁড়া ১ চা-চামচ
হলুদগুঁড়া ১ চা-চামচ
মরিচগুঁড়া ১ চা-চামচ
কাঁচা মরিচ ৩/৪টা
ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
লবণ স্বাদমতো
তেল ভাজার জন্য এবং তিন টেবিল চামচ

প্রথমে শাপলা ডাঁটার আঁশ ফেলে নিতে হবে। এরপর সেগুলোকে দেড় ইঞ্চি মতো সাইজে কেটে ছবির মতো করে একটি টুথপিকে গেঁথে নিতে হবে। পরিমাণ মতো পানিতে তেল ছাড়া ভেলা তৈরির সব উপকরণগুলো মিশিয়ে বেসনের মিশ্রণটি তৈরি করে নিতে হবে। কড়াইয়ে তেল গরম করে শাপলার ভেলাগুলোকে একে একে বেসনের গোলায় চুবিয়ে সাবধানে তেলে ছেড়ে বাদামি করে ভেজে নিতে হবে।

এবার আরেকটি কড়াইয়ে তিন টেবিল চামচ তেল গরম করে তাতে পেঁয়াজকুচি দিয়ে বেরেস্তা করে অর্ধেক উঠিয়ে রাখতে হবে। এবার কড়াইয়ে গ্রেভি তৈরির সব উপকরণগুলো দিয়ে একটু ভেজে এরপর নারকেলের দুধ দিয়ে ভালো করে কষিয়ে মাঝামাঝি ঘনত্বের হয়ে এলে তাতে ভেজে রাখা শাপলার ভেলাগুলো দিয়ে ঢেকে কয়েক মিনিট রেখে আস্ত কাঁচা মরিচ, ধনেপাতাকুচি ও বেরেস্তা দিয়ে নামিয়ে নিতে হবে। গ্রেভিতে দেয়ার আগে শাপলার ভেলা থেকে টুথপিকগুলো খুলে নিতে হবে।
