অসময়ে শিমভর্তা
শেয়ার করুন
ফলো করুন

শীতের অন্যান্য সবজির মধ্যে শিম একটি। ভাজি, ভর্তা আর ঝোলে শিমের তুলনা নেই। শিমের বিচির তরকারি বা ডাল যেমন উপাদেয় তেমন সুস্বাদুও। শিমে পাওয়া যায় ভিটামিন এ, যা চোখের দৃষ্টি তীক্ষ্ণ রাখতে সহায়ক। শুধু তা–ই নয়, অল্প বয়সে বুড়িয়ে যাওয়ার হাত থেকেও আপনাকে রক্ষা করবে। শিমের রয়েছে নানা পুষ্টিগুণ। যেমন: শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, কোলেস্টরেল কমায়, শিমে থাকা উচ্চমাত্রার অ্যান্টি-অক্সিডেন্ট সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে বাঁচায়, কোলন ক্যানসার প্রতিরোধ করে, কার্যকর, শিমের খাদ্যআঁশ কোষ্ঠকাঠিন্য দূর করে, গর্ভবতী নারীর স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা করে, শিমে থাকা খনিজ পদার্থ চুল পড়া রোধ করে, শীতের শুষ্কতায় চুলের স্বাস্থ্য সুরক্ষায়ও উল্লেখযোগ্য ভূমিকা রাখে, নিয়মিত শিম খেলে ত্বকের রোগবালাই দূরে থাকে, শিমে প্রয়োজনীয় ভিটামিন এবং আয়রন স্বাস্থ্য সুরক্ষা করে, শিমের  ফাইবার ওজন কমায়, শক্তি জোগায় ও ক্রনিক রোগ দূর করে, শিম থেকে পাওয়া ভিটামিন ‘বি’ হৃদ্‌রোগের ঝুঁকি কমায়, ক্যানসার ও জন্মগত ত্রুটি প্রতিরোধে সাহায্য করে।

ঘরে থাকা সহজলভ্য সব উপকরণ দিয়ে করা শিমভর্তা করা যায়; যা পরিবেশন করা যায় গরম ভাত খিচুড়ি ও খুদের ভাত বা বওয়ার সঙ্গে অসাধারণ লাগে খেতে।

বিজ্ঞাপন

উপকরণ

শিম ৫০০ গ্রাম
রসুন ৫-৬ কোয়া
পেঁয়াজ আধা কাপ
কাঁচামরিচ বা শুকনা মরিচ পরিমাণমতো (যে যেমন ঝাল পছন্দ করেন)
ধনেপাতা আধা কাপ
লবণ স্বাদমতো
শর্ষের তেল পরিমাণমতো
চিলি ফ্লেক্স (টালা শুকনা মরিচ আধা ভাঙা করে নেয়া) সামান্য

বিজ্ঞাপন

প্রণালি

প্রথমে শিম ভালো করে পরিষ্কার করে কুটে একটু লবণ দিয়ে আধা সিদ্ধ করে নিতে হবে। তারপর পানি ঝরিয়ে নিতে হবে।

এবার একটি ফ্রায়িং প্যানে শর্ষের তেলে প্রথমে রসুন পরে পেঁয়াজ এবং কাঁচামরিচ ভালো করে ভেজে সেদ্ধ শিম এবং ধনেপাতা কুচি ও স্বাদমতো লবণ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়।

ভাজা শেষে ঠান্ডা হলে হয় হ্যান্ড ব্লেন্ডারে নতুবা ছোট চপারে ব্লেন্ড করে নিতে হবে। পাটায়ও বেটে নেয়া যাবে। ব্লেন্ডিংয়ের সময় অল্প শর্ষের তেল দিয়ে নিলে মিহি হবে। ব্যাস সুস্বাদু শিমভর্তা তৈরি।

ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলে দেখতেও সুন্দর লাগবে।

প্রকাশ: ০৪ জুন ২০২২, ১৩: ১৩
বিজ্ঞাপন