ইফতারের জন্য এয়ারফ্রায়ারে তন্দুরি চিকেন ও পিটা ব্রেড বানিয়ে চমকে দিন প্রিয়জনদের
শেয়ার করুন
ফলো করুন

তন্দুরি চিকেন

উপকরণ
মুরগি ৪-৬ টুকরা
টক দই ১ কাপ
শর্ষের তেল ১/২ কাপ
মরিচগুঁড়া ২ চা–চামচ
আদা-রসুন বাটা ২ চা–চামচ
লবণ পরিমাণমতো
বিট লবণ ১/২ চা–চামচ
সয়াসস ২ চা–চামচ
গোলমরিচের গুঁড়া ১/২ চা–চামচ
ওরিগানো ১ চা–চামচ
লেবুর রস ৪ চা–চামচ

বিজ্ঞাপন

প্রণালি

এই তন্দুরি চিকেন বানাতে মাংসকে দুবার মেরিনেট করতে হয়।
প্রথমেমুরগির মাংসকে একটি বাটিতে নিয়ে তাতে আধা চা–চামচ মরিচগুঁড়া, ১ চা–চামচ আদা-রসুন বাটা, ২ চা–চামচ লেবুর রস, ২ চা–চামচ সয়াসস ও কিছুটা লবণ দিয়ে মাখিয়ে ৩০ মিনিট রেখে দিতে হবে।

এবার একটি বাটিতে টক দই, শর্ষের তেল, মরিচগুঁড়া ১ চা–চামচ, আদা-রসুন বাটা ১ চা–চামচ, লবণ, বিট লবণ আধা চা–চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা–চামচ, ওরেগানো ১ চা–চামচ, লেবুর রস ২ চা–চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণ মুরগির মাংসে ভালোভাবে মাখিয়ে ৪ থেকে ৫ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে।

এরপর মেরিনেট করা মাংস এয়ারফ্রায়ারের ট্রেতে নিয়ে ১৮০ ডিগ্রি তাপে ২০ মিনিট বেক করতে হবে। মাঝে ১০ মিনিট পর একবার তেল ব্রাশ নিতে হবে।

বিজ্ঞাপন

তন্দুরি চিকেনের সঙ্গে পরিবেশন করুন পিটা ব্রেড। এই পিঠা ব্রেড তৈরি করুন সহজ পদ্ধতিতে।

উপকরণ
ময়দা ২ কাপ
আটা ১/২ কাপ
ইস্ট ২ টেবিল চামচ
চিনি ২ টেবিল চামচ
কুসুম গরম পানি ১ কাপ
তেল ২ টেবিল চামচ
লবণ ১ চা–চামচ

প্রণালি

কুসুম গরম পানিতে চিনি ও ইস্ট গুলিয়ে ১০ মিনিট ঢেকে রাখতে হবে।
অন্যদিকে একটি বড় বাটিতে ময়দা, আটা, তেল ও লবণ মিশিয়ে এর মধ্যে অল্প অল্প করে ফুলে ওঠা ইস্টের মিশ্রণ দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। অন্তত ১৫ মিনিট এভাবে মথতে হবে নরম, সফট ও স্থিতিস্থাপক খামির তৈরির জন্য।

এরপর খামিরে হালকা করে তেল মাখিয়ে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে ফুলে দ্বিগুণ হয়ে ওঠা পর্যন্ত। এরপর লম্বাভাবে আকৃতি দিয়ে সমান ভাগে ভাগ করে নিয়ে আবারও খামিরকে ঢেকে রাখতে হবে যাতে শুকনা না হয়ে যায়। প্রতিটি অংশ দিয়ে একটু মোটা লম্বা করে রুটি বেলে আবারও কিছুটা সময় রেখে দিতে হবে।
এরপর এয়ারফ্রায়ারে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ৪ থেকে ৫ মিনিট বেক করে নিলেই হয়ে যাবে পিঠা ব্রেড।

এবার পছন্দনীয় সালাদের সঙ্গে পরিবেশন করুন গরম গরম পিটা ব্রেড আর তন্দুরি চিকেন।

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৯: ২৮
বিজ্ঞাপন