ঝটপট ফ্রুট কাস্টার্ড পুডিং
শেয়ার করুন
ফলো করুন

ঘণ্টার পর ঘণ্টা চুলার পাশে দাঁড়িয়ে নেড়ে নেড়ে ফিরনি রান্না করা এই গরমে দুরূহই বটে। আবার সেমাই-ফিরনির পাশাপাশি ঈদে অন্যরকম কোনো মিষ্টি পদ হলে দারুণ হয়। তবে তা হতে হবে সেলিনা শিল্পীর বানানো এই ফ্রুট কাস্টার্ড পুডিংয়ের মতো ঝটপট আর দারুণ সুস্বাদু। চিরচেনা ফ্রুট কাস্টার্ডকেই হাতের কাছে পাওয়া কিছু উপকরণ সহযোগে পরিণত করা যায় এই দারুণ ডেজার্টে৷ সহজ রেসিপিটি অনুসরণ করে যে কেউ বানাতে পারবে এই ফ্রুট কাস্টার্ড পুডিং।

বিজ্ঞাপন

উপকরণ

তরল দুধ ১ লিটার
গুঁড়ো দুধ ১ কাপ
কাস্টার্ড পাউডার ৩ টেবিল চামচ
আগার আগার/ জেলাটিন পাউডার ২ টেবিল চামচ
পাকা কলা ২টি
আপেলকুচি ১ কাপ
আঙুর ১ কাপ
বাদামকুচি আধা কাপ
পছন্দমতো বিস্কুট ১২ থেকে ১৪টি
চিনি স্বাদমতো

বিজ্ঞাপন

প্রণালি

একটি হাঁড়িতে তরল দুধ নিয়ে চুলায় দিতে হবে। গরম হয়ে এলে এতে গুঁড়া দুধ মেশাতে হবে। এবার দুধ জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। ঘন হলে চিনি মিশিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। এরপর কাস্টার্ড পাউডার সামান্য ঠান্ডা পানিতে গুলিয়ে ধীরে ধীরে মেশাতে হবে। এ সময় দুধের মিশ্রণটি অনবরত নাড়তে থাকতে হবে। এবার আগার আগার বা জেলাটিন পাউডার মিশিয়ে মিনিট দুই জ্বাল দিয়ে নামিয়ে নিতে হবে। মিশ্রণটি পাঁচ মিনিট অনবরত নেড়ে  ফ্যানের বাতাসের নিচে রেখে নেড়ে ঠান্ডা করে নিতে হবে।

পছন্দমতো মোল্ডে প্রথমে বাদাম ও আঙুর দিয়ে এরপর কলা, আপেল ও বিস্কুট বিছিয়ে নিতে হবে। এবার মোল্ডের ওপর ধীরে ধীরে দুধের মিশ্রণটি ঢেলে দিতে হবে। এবার স্বচ্ছ ক্লিং ফিল্ম দিয়ে ঢেকে ফ্রিজে রাখতে হবে। ৮ থেকে ১০ ঘণ্টা লাগতে পারে জমাট বাঁধতে। সারারাত রাখলেই ভালো। এরপর সাবধানে একটি প্লেটের ওপর উপুড় করে ঢেলে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করতে হবে মজাদার হিমশীতল আর ক্রিমি ফ্রুট কাস্টার্ড পুডিং।

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩, ০৬: ০০
বিজ্ঞাপন