হাল ফ্যাশন শারদীয় ভোজ: বরিশালের ঐতিহ্যবাহী পদ চিংড়ির জলবড়া
শেয়ার করুন
ফলো করুন

শারদীয় ভোজে বাঙালিয়ানার জয়জয়কার থাকে সবসময়। আর সেই সঙ্গে এই সুযোগে দেশের বিভিন্ন অঞ্চলের বৈচিত্র্যময় দেশি পদের প্রতি আগ্রহ থাকে সবার।

চিংড়ির জলবড়া (জলটোবা বা রসবড়া নামেও পরিচিত) হলো বাংলাদেশের বরিশাল অঞ্চলের একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় সুস্বাদু পদ। বড়াগুলো তেলে না ভেজে এখানে সরাসরি নারকেলের দুধ ও মসলার ফ্লেভারের ঝোলে সেদ্ধ করা হয়।

বিজ্ঞাপন

উপকরণ

চিংড়ি ৩০০ গ্রাম
নারকেল বাটা ১ কাপ
রসুন বাটা ২ চা-চামচ
পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
পেঁয়াজ কুচি  ২-৩ টা
কাঁচা মরিচ ৪-৫ টা
হলুদ গুঁড়া  আধা চা-চামচ
মরিচ গুঁড়া আধা চা-চামচ
জিরা গুঁড়া ২ চা-চামচ
তেল ৪ টেবিল চামচ
ধনেপাতা কুচি ১ টেবিল চামচ

বিজ্ঞাপন

প্রণালি

চিংড়ি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিন। তারপর এর সঙ্গে পেঁয়াজ, কাঁচা মরিচ একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে বা পাটায় বেটে নিন। এরপর এক চামচ রসুন বাটা, জিরা গুঁড়া, হলুদ, মরিচ গুঁড়া মিশিয়ে ভালোভাবে ফেটাতে থাকুন। এবার কড়াইয়ে তেল দিয়ে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা,নারকেল বাটা,হলুদ, মরিচ, জিরা গুঁড়া দিয়ে মিনিট খানিক নেড়ে চেড়ে মসলার কাঁচা গন্ধ দুর হওয়ার পর পানি যোগ করুন তিন-চার কাপ।

ফুটে ওঠার পর এবার আগে থেকে তৈরি করে রাখা চিংড়ির পেস্ট হাত বা চামচের সাহায্যে বড়ার আকার করে এক এক করে ঝোলের মধ্যে দিয়ে কিছু সময় অপেক্ষা করুন। চিংড়ির বড়া গুলো ফুলে দ্বিগুন হয়ে যাবে।

এরপর পাঁচ মিনিটের মত রান্না করলেই চলবে। সব শেষে বাগার দিয়ে ধনেপাতা কুচি ছিটিয়ে নামিয়ে নিন। খুব সহজেই হয়ে গেল বরিশালের সিগনেচার ডিশ চিংড়ির জলবড়া।

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৮: ০৫
বিজ্ঞাপন