
আমের উদযাপন চলছে ঘরে ঘরে। বানানো হচ্ছে আম দিয়ে নানা সুমিষ্ট ডেজার্ট। তবে যেকোনো পার্টির ডেজার্টে এভাবে আমের খোসায় সুন্দর করে সাজিয়ে যদি ম্যাঙ্গো ডিলাইট পরিবেশন করা হয়, তবে পার্টির লাইমলাইট এই ডেজার্টের দিকেই থাকবে।

ঝটপট রেসিপিটি কিন্তু খুবই সহজ। আর খুব বেশি উপকরণও লাগে না। শুধু পরিবেশনার তেলেসমাতিতেই এটি অনন্য করবে আপনার আয়োজনকে।

আম ৩ টা
হুইপড ক্রিম আধা কাপ
ক্রিম চিজ আধা কাপ
আইসিং সুগার ২ চা-চামচ
আম পানিতে এক ঘন্টা ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিন। খোসাসমেত ব্যবহার করা হবে আম এখানে। এরপর ছুরি দিয়ে দুই পাশ থেকে দুই পিস কেটে নিন। এবার একটু সাবধানে চামচ দিয়ে আম কুরিয়ে তুলে নিতে হবে।


যেহেতু আমরা খোসাতেই ডেজার্টটা সেট ও পরিবেশন করব, তাই আম বেছে নেওয়ার সময় সুন্দর রঙ ও মসৃণ ত্বকের দিকে খেয়াল রাখতে হবে।
এবার কিছু আম কিউব করে কেটে নিন আর বাকিটা ব্লেন্ড করে পিউরি তৈরি করে নিন। এবার হুইপড ক্রীম আর চিনি বিট করুন। ফ্লাফি হয়ে গেলে এবার চিজ ও আমের পিউরি দিয়ে হালকা হাতে ফোল্ড করে মিশিয়ে নিন।

সব শেষে ছোট কিউব করে কেটে রাখা কিছু আমের টুকরো মিশিয়ে নিন। এ পর্যায়ে একটি চামচের সাহায্য মিশ্রণ আমের খোসায় ঢালুন। ফ্রীজে রেখে দিন সেট হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে পরিবেশন করুন।