

দুধ ১ লিটার
গুঁড়া দুধ আধা কাপ
জাফরান সিকি চা-চামচ বা ১ চিমটি
হুইপিং ক্রিম ৩০০ মিলি
চিনি ২ টেবিল চামচ বা স্বাদমতো
এলাচি গুঁড়া সিকি চা-চামচ
কাঠবাদাম কুচি ৩ টেবিল চামচ
সাজানোর জন্য পেস্তা বাদাম কুচি, শুকনা গোলাপের পাপড়ি ১ টেবিল চামচ করে

আধা কাপ তরল দুধ গরম করে এতে জাফরান ভিজিয়ে রাখতে হবে। এবার বাকি তরল দুধ ছড়ানো ভারী তলার পাতিলে জ্বাল দিতে হবে। প্রতিবার সর পড়লে তুলে রাখতে হবে পাতিলের কানায়। এবার বেশ ঘন হয়ে অর্ধেকের চেয়েও কমে এলে গুঁড়া দুধ, চিনি, দুই টেবিল চামচ কাঠবাদাম কুচি আর জাফরান মিশিয়ে এতে সরগুলো দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মেশাতে হবে। এভাবে রাবড়ি বানিয়ে ঠান্ডা করে নিতে হবে ফ্রিজে রেখে। এবার একটি বড় পাত্রে হুইপিং ক্রিম নিয়ে ইলেকট্রিক বিটারে বিট করে নিতে হবে।

ফুলেফেঁপে উঠলে এক কাপ হুইপড ক্রিম তুলে রাখতে হবে। বাটির বিট করা ক্রিমে ঠান্ডা রাবড়ি দিয়ে একদিক থেকে চ্যাপটা চামচ বা স্প্যাচুলা দিয়ে আলতোভাবে মেশাতে হবে যাকে বলে ফোল্ড করা। এই মিশ্রণ ও তুলে রাখা হুইপড ক্রিম ৬-৭ ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে।

এবার পছন্দমতো পরিবেশনের পাত্রে রাবড়ি ও ক্রিমের মিশ্রণ পরিমাণমতো নিয়ে ওপরে হুইপড ক্রিম দিয়ে তারপর গোলাপের শুকনা পাপড়ি, পেস্তা বাদাম কুচি আর কাঠবাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে রাবড়ি মুজ।

এই গরম আবহাওয়ায় বিটার ও পাত্র আগে থেকে ঠান্ডা করে রেখে তাতে হুইপিং ক্রিম
বিট করলে ভালো ফল পাওয়া যায়।