ঘরে বানানো টমেটো সস
শেয়ার করুন
ফলো করুন

বাজারে সারি সারি বোতলে সাজানো থাকে দেশি-বিদেশি নানা ধরনের টমেটো সস। মার্কিন কায়দায় কেচাপও বলি আমরা একে। সারা বিশ্বেই ভাজাভুজির সঙ্গে টমেটো সস এক অত্যাবশ্যকীয় কন্ডিমেন্ট। পাওয়াও যায় সব জায়গায়। তবে ঘরে বানানো টমেটো সসের মজাই আলাদা।

এখন বাজারে পাকা টমেটো পাওয়া যাচ্ছে সুলভে। মৌসুমি, রসাল দেশি টমেটোর ফ্লেভার বারোমাসি টমেটোয় কখনোই মেলে না। এখনই সময় টমেটো সস বানিয়ে সংরক্ষণ করার। শিঙাড়া, সমুচা, ফ্রেঞ্চ ফ্রাই বা ফ্রায়েড চিকেন—সবকিছুর সঙ্গেই দারুণ লাগবে এই সস। ঝাল-ফ্রেজি, তন্দুরি চিকেন বা চাইনিজ গ্রেভি ধরনের পদেও ব্যবহার করা যায় এটি।

বিজ্ঞাপন

উপকরণ

পাকা দেশি টমেটো ২ কেজি
চিনি আধা কাপ
মরিচগুঁড়া ১ চা-চামচ
চিলি ফ্লেক্স ১ চা-চামচ
টালা জিরার গুঁড়া ১ চা-চামচ
সিরকা ৪ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ
লবণ আধা চা-চামচ

বিজ্ঞাপন

প্রণালি

টমেটো ভালো করে ধুয়ে টুকরা করে কেটে নিতে হবে। এবার টমেটোর টুকরাগুলো একটি পাতিলে আধা কাপ পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। টমেটো ভালোভাবে সেদ্ধ হলে ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে হবে। এরপর ছাঁকনির সাহায্যে তা ছেঁকে নিতে হবে।

এবার একটি প্যানে টমেটোর মসৃণ পিউরি, লবণ, চিনি, মরিচের গুঁড়া—সব একসঙ্গে চুলায় দিয়ে মধ্যম আঁচে রেখে ক্রমাগত নাড়তে থাকতে হবে। প্রায় ১৫ মিনিট নাড়ার পর যখন একটু ঘন হয়ে আসবে, তখন তাতে সিরকা দিতে হবে। কর্নফ্লাওয়ার একটু পানিতে মিশিয়ে রেখে ছেঁকে টমেটো পিউরিতে দিয়ে আবার নাড়তে থাকতে হবে।

সব শেষে সামান্য একটু চিলি ফ্লেক্স আর টালা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়ে ঠান্ডা করে জীবাণুমুক্ত কাচের বোতল বা বয়ামে ঢেলে রাখতে হবে। ধাতব চিমটার সাহায্যে ফুটন্ত গরম পানিতে চুবিয়ে পানি ঝরিয়ে শুকিয়ে নিলেই বোতল বা বয়াম জীবাণুমুক্ত বা স্টেরিলাইজড হয়ে যাবে। এই সস ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হবে।

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৩, ০৮: ৫৯
বিজ্ঞাপন