
কাঁচা আমের ভরা মৌসুম এখন। কাঁচা আমের শরবত, আমমাখা আর আম ভর্তা তো হলো অনেক। এই গরমে ঘরেই যদি কাঁচা আমের আইস ললি বানানো যায় তবে দারুণ হয়। গরম আবহাওয়ায় অতিথি আপ্যায়নে অথবা পরিবারের সবাই মিলে উপভোগ করতে এই আইস ললি জুড়িহীন।

কাঁচা আম ২ টা
চিনি আধা কাপ
বিট লবণ ১ চা-চামচ
পানি পরিমাণমতো
পুদিনাপাতা বা ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
লেবুর রস ১ টেবিল চামচ
কাচা মরিচ ২-৩ টা
প্রথমে কাঁচা আম ভালোভাবে ধুয়ে, খোসা ছাড়িয়ে টুকরা করে কেটে নিন। এবার পরিমাণ মতো পানি নিয়ে আমের টুকরাগুলোর সঙ্গে বাকি সব উপকরণ মিশিয়ে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিন। ছাঁকনির সাহায্যে ছেঁকে নিন।


এরপর আইসক্রিম মোল্ডে ঢেলে নিন। ডিপ ফ্রিজে অন্তত ৬ ঘন্টা রাখুন। আইসললি সেট হওয়ার পর বের করে মোল্ডগুলোকে সাধারণ তাপমাত্রার পানিতে ৫ মিনিট রেখে দিন। ললিগুলোকে মোল্ড থেকে সাবধানে বের করে আবার কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর পরিবেশন করুন