হ্যালোইন জমে যাক পাম্পকিন পাইয়ে
শেয়ার করুন
ফলো করুন

হ্যালোইন পালিত হচ্ছে বিশ্বজুড়ে। ভূবনগ্রামের বাসিন্দা হওয়ায় আমরাও এ ট্রেন্ডের বাইরে নেই এ যুগে। কুমড়া কার্ভ করে বানানো জ্যাক-ও-ল্যান্টার্ন দিয়ে ঘর সাজানো আর কুমড়া দিয়েই আয়োজন করে বানানো পাম্পকিন পাই ছাড়া হ্যালোইন ভাবাই যায় না। ইতিহাস-ঐতিহ্য নিয়ে তর্ক-বিতর্ক আর ভালো-মন্দের বিশ্লেষণ তুলে রেখে বরং মজার পাম্পকিন পাই সহযোগে ভুতুড়ে সাজপোশাকের উৎসবে মেতে ওঠা যাক তারুণ্যের জোয়ারে।

বিজ্ঞাপন

উপকরণ

ময়দা ২৫০ গ্রাম
মাখন ৮০ গ্রাম
ডিম ১ টি
চিনি ৩ টেবিল চামচ
লবণ আধা চা-চামচ
মিষ্টিকুমড়া (খোসা ছাড়িয়ে ছোট টুকরা করে কাটা) ২ কাপ
জায়ফলগুঁড়া আধা চা-চামচ
দারুচিনিগুঁড়া ১ চা-চামচ
এলাচিগুঁড়া আধা চা-চামচ
ডিম ২টি
ঘন দুধ ১ কাপ
আইসিং সুগার ২ টেবিল চামচ

বিজ্ঞাপন

প্রণালি

পাইয়ের বেস তৈরি করতে প্রথমে ডিম ফেটিয়ে নিয়ে চিনি দিয়ে বিট করে নিতে হবে। অপর একটি পাত্রে ময়দা নিয়ে তাতে অল্প অল্প করে ঠান্ডা মাখন নিয়ে ময়দার সঙ্গে ভালো করে মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত না মুঠ করলে ময়দা জমাট বাঁধে। এবার এই খামিরে চিনি আর ডিমের মিশ্রণটি মিশিয়ে নিতে হবে সামান্য লবণ দিয়ে। কিছুক্ষণ মথে নিতে হবে ভালোভাবে।

এরপর খামিরকে প্লাস্টিক র‍্যাপে ঢেকে ফ্রিজে ৩০ মিনিট বিশ্রামে রেখে দিতে হবে। ফ্রিজ থেকে বের করার পর কিছুক্ষণ মথে বেলে নিয়ে টার্টের মোল্ডে চেপে চেপে সেট করতে হবে। মাঝখানটা কাঁটাচামচের সাহায্যে বেশ কয়েকটি ছিদ্র করে নিতে হবে। এতে বেক করতে গেলে টার্ট ফুলে উঠে শেপ নষ্ট হবে না। মোল্ডে সেট করার পর আবার ফ্রিজে ৩০ মিনিট রেস্টে রাখতে হবে।

এরপর ওভেনে ১৯০ ডিগ্রি সেলসিয়াসে ২০ মিনিট বেক করতে হবে। আগে ওভেন অবশ্যই প্রিহিট করে নিতে হবে ৫ মিনিট।

এবার একটি বড় সসপ্যানে সামান্য পানি নিয়ে কুমড়া দিয়ে ঢেকে নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করে ঠান্ডা হতে দিতে হবে। একটি আলাদা পাত্রে চিনি, লবণ, জায়ফলগুঁড়া, এলাচিগুঁড়া ও অর্ধেক দারুচিনি একত্রে মেশাতে হবে। ফেটানো ডিম, গলানো মাখন ও দুধ মিশিয়ে তাতে কুমড়া যোগ করে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে।

এবার আগে থেকে তৈরি করা টার্টের ওপর মিশ্রণ ঢেলে ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩৫-৪০ মিনিট ধরে বেক করতে হবে, যতক্ষণ পর্যন্ত ফিলিং সেট না হয় এবং কাঙ্ক্ষিত রং না আসে। এবার পাই বের করে ঠান্ডা হতে দিতে হবে। পাইয়ের ওপর নিজের পছন্দমতো ডিজাইন করতে হবে। সবশেষে আইসিং সুগার ছড়িয়ে পরিবেশন করতে হবে মজাদার মিষ্টিকুমড়ার পাই।

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ১২: ৩১
বিজ্ঞাপন