
শিরিন পোলো বলা হয় স্থানীয় ভাষায়। পারস্যের এক অনন্য রাইস ডিশ এটি। ইরানি শিরিন পোলাও অবশ্য বিশ্বজুড়েই জনপ্রিয়।

মুসাম্বি বা মাল্টার খোসা, বাদাম, ড্রাইড ফ্রুটসে সাজানো এই পোলাও একই সঙ্গে চোখ জুড়াবে আর মন ভরাবে ঈদের ভোজে। এর সঙ্গে মুরগি বা ল্যাম্ব পরিবেশন করা হয়। তবে শিরিন পোলাও নিজেই বর্ণে-গন্ধে আর স্বাদে অতুলনীয়।

বাসমতী চাল ৫০০ গ্রাম
মাল্টার খোসা আধা কাপ (২৫ গ্রাম)
পেস্তাবাদামকুচি ২ টেবিল চামচ
কাজুবাদামকুচি ২ টেবিল চামচ
মাখন ২ টেবিল চামচ
চিনি ৩ টেবিল চামচ
জাফরান ১ চিমটি
বরফ ২ কিউব
লবণ স্বাদমতো
আস্ত মুরগি একটি
তন্দুরি/কাবাব মসলা ৪ টেবিল চামচ
টক দই ৪ টেবিল চামচ

পিলারের সাহায্যে মাল্টার খোসা পাতলা করে ছাড়িয়ে নিন। তেতো ভাব দূর করার জন্য খোসা একটি পাত্রে ঠান্ডা পানিতে কয়েক ঘণ্টা ভিজিয়ে রেখে দিন। এরপর ৫ মিনিটের মতো ফুটিয়ে নিন পানিতে।

শিরিন পোলাওয়ের সঙ্গে পরিবেশন করার জন্য আস্ত মুরগি তন্দুরি মসলা ও দই মেখে ম্যারিনেট করুন কমপক্ষে দুই ঘণ্টা। এরপর বেক, এয়ারফ্রাই বা রান্না করে ঝোল টানিয়ে নিন। আপনারা আপনাদের পছন্দমতো মসলা ব্যবহার করতে পারেন।
এবার পোলাও রান্না করার জন্য একটি বড় পাত্রে পানি ফুটিয়ে তাতে লবণ দিন। চাল ভালোভাবে ধুয়ে নিন। বাসমতী চাল রান্নার আগে এক ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখা ভালো। এবার ফুটানো পানিতে চাল দিয়ে ফুটতে দিন। চাল আধাসেদ্ধ হয়ে গেলে ঝাঁঝরিতে ঢেলে পানি ঝরিয়ে নিন। দুই ভাগ করে এক ভাগ চালে জাফরানের পানি মেশান।
এবার মাল্টার খোসা ক্যারামেলাইজ করে নিন। এ জন্য একটি ছোট প্যানে ৪ টেবিল চামচ চিনি ও আধা কাপ পানি দিন। চিনি গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। এতে কমলার খোসা, গাজরকুচি যোগ করুন ও ১০ মিনিটের জন্য ক্যারামেলাইজ হতে দিন।
এবার চুলার আগুন কম আঁচে রেখে তার ওপর মোটা তলাযুক্ত পাত্র বসান। মাখন দিন। এবার সাদা সেদ্ধ চাল বিছিয়ে তার ওপর মাল্টার খোসা আর কিছু বাদাম দিন। এবার জাফরানি সেদ্ধ চাল দিন। সামান্য গোলাপজল ছিটিয়ে এবার পাত্রটিকে ঢাকনা দিয়ে ভালোভাবে ফয়েল পেপার বা আটা দিয়ে চারপাশ বন্ধ করে দমে রান্না করুন ৪০ মিনিট।

মাল্টার খোসা ও বাদামকুচি মিশিয়ে ওপরে ছড়িয়ে আস্ত মুরগিসহযোগে গরম–গরম পরিবেশন করুন কমলার সুবাসিত, সুস্বাদু আর নয়নমনোহর এই ইরানি শিরিন পোলাও।