
এখন থেকে হোটেল সারিনা ব্যবহার করবে পরিবেশবান্ধব ও জীবাণুবিয়োজ্য কলম। সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ব পর্যটন দিবসে এ কর্মসূচি গ্রহণ করেছে এই হোটেল।
সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ব পর্যটন দিবসে সামাজিক ও টেকসই উন্নয়নের সংকল্প নিয়ে দুটি সামাজিক দায়িত্ব গ্রহণ করেছে হোটেল সারিনা। বিশ্ব পর্যটন দিবস ২০২৩ সালের থিম পর্যটন এবং সবুজ বিনিয়োগকে বিবেচনায় রেখে তারা পরিবেশবান্ধব ও জীবাণুবিয়োজ্য কলম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।

এই কার্যক্রমে তাদের সঙ্গী হয়েছে নারীদের দ্বারা পরিচালিত সংস্থা ‘শুভ পরিবেশবান্ধব কলম’। ‘পেন টু প্ল্যান্ট’ নামের এই কলমগুলো কেবল পরিবেশবান্ধবব ও জীবাণুবিয়োজ্যই নয় বরং এই কলমে থাকা বীজ থেকে হওয়া গাছ সবুজায়নেও ভূমিকা রাখতে সক্ষম।
২০১৬ সালে প্রতিষ্ঠিত ‘শুভ পরিবেশবান্ধব কলম’-এর প্রতিষ্ঠাতা রেবেকা সুলতানা বলেন, পরিবেশকে প্লাস্টিক দূষণ থেকে রক্ষা করাই এই সংস্থার লক্ষ্য। এই কলম হোটেল সারিনার সব স্টাফ অতিথিদের মধ্যে ছড়িয়ে দিতে বিশেষ দিনে কলমটির উন্মোচন করা হয়েছে।

অন্যদিকে একই দিনে আমল ফাউন্ডেশনের সহযোগিতায় সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো অঙ্গীকার করেছে হোটেল সারিনা। এর স্টাফ ও অতিথিদের সহায়তায় তারা সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াবে শিক্ষা ও সুন্দর জীবন নিশ্চিত করতে।
হোটেল সারিনার মহাব্যবস্থাপক কৃষাণ কোডিপিলি বলেন, ‘আমি ও আমার সহকর্মীরা অত্যন্ত আনন্দিত। আশা করি ভবিষ্যতে এই শপথ রক্ষায় আমরা সচেষ্ট থাকব।’
ছবি: হোটেল সারিনা