
দাওয়াত মানে শুধুই ঘিচপচপে ভারী খাবার আর মাংসের যত মসলাদার পদ খেতে হবে-এমন কোনো কথা নেই। দিনবদলের সঙ্গে সঙ্গে আমরা স্বাস্থ্যসচেতন হচ্ছি সবাই। আর এরই ধারাবাহিকতায় দেশের মানুষ এখন সিফুড নিয়ে বেশ আগ্রহী। এখন আমাদের দেশেই মিলছে কেটে কুটে চটজলদি রান্নার উপযোগী ফ্রেশ বা হিমায়িত সিফুড।

বিভিন্ন ধরনের সিফুডের স্বাস্থ্যগুণ নিয়ে কথা বলে শেষ করা যাবে না। ওমেগা থ্রি জাতীয় অত্যন্ত উপকারী ফ্যাট, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, আয়োডিন এই সবকিছুরই জোগান দেবে সিফুড।
এদিকে, একেবারে নামমাত্র তেলমসলায় ঝটপট রান্না করা যায় চিংড়ি, কাঁকড়া, লবস্টার, মাসেলস, স্কুইড আর বিভিন্ন ধরনের মাছ। বিশেষ ভোজে বিশিষ্ট অতিথি বা প্রিয়জনদের মন জয় করে নিতে পারে বৈচিত্র্যময় সিফুডের অভিনব আয়োজন।
চিংড়ি, কাঁকড়া বেছে নেওয়ার সময় দেখতে হবে, তা তাজা কি না। কাঁচা অবস্থায় সাধারণভাবে নীলচে ও স্বচ্ছ দেখাবে এগুলো।

এদিকে মাসেলস তাজা হলে তার মুখ বন্ধ থাকবে, যা চুলার তাপ পেলে খুলে যায় নিজে নিজেই। স্কুইড ভালোভাবে পরিষ্কার করে রিং আকারে কেটে নিতে হবে। কোরাল, রেড স্ন্যাপার, টুনা বা রূপচাঁদা মাছের কাঁটাবিহীন ফিলে বা এক ইঞ্চি পুরু করে কাটা স্টেক নিতে হবে। একটু বিলাসবহুল আর বিশেষ পদ করতে চাইলে স্যামন নেওয়া যায়। লবস্টার সাধারণত আগে লবণপানিতে অল্প সেদ্ধ বা স্টিম করে তারপর মাখনরসুন, অলিভ অয়েলগোলমরিচ বা যেকোনো ফ্লেভারের গ্রেভিতে সাঁতলে নিলে ভালো লাগে।
স্কুইড বা মিক্সড সিফুড দিয়ে সয়া সস, উস্টার সস, অয়েস্টার সস ইত্যাদির ফ্লেভারে গ্রেভি করা যায়। হালকা ভাজা বা সতে করে নিলেও ভালো লাগবে। মাসেলস রান্না করতে ক্ল্যাসিক লেমনগার্লিক বাটার সস তৈরি করা যায় ব্যাকরণ মেনে। আর মাছের জন্য সামান্য লবণ-লেবু আর ফ্রেশ গোলমরিচের গুঁড়াসহযোগে এপিঠ ওপিঠ একটু ভেজে নিলেই হলো। পছন্দমতো সিজনিং দিয়ে বেকও করা যায়। তবে যে প্রণালিতেই তৈরি করা হোক, সিফুড ওভারকুক করা যাবে না বা অতিরিক্ত সময় ধরে রান্না করা যাবে না একেবারেই। তাহলে এর টেকশ্চার আর স্বাদ নষ্ট হয়ে যায়।

সি-ফুডের পরিবেশনার ক্ষেত্রে একটু সৃজনশীল মন দরকার। হাঁড়ি উলটে বাটি ভরে আটপৌরে পরিবেশনায় এর আমেজটিই মাটি হয়ে যাবে। তাই প্রত্যেকের জন্য আলাদা প্লেটিং করা যায় মিনিমালিজম মেনে। আবার বড় একটি উপযোগী ডিশেও সাজানো যায় যেকোনো প্যাটার্নে। তবেই সিফুডে দাওয়াতের ভোজ জমবে।