
আম তো নিজেই মিষ্টি। আম-দুধ হোক বা এমনিতেই, আমের সুমিষ্ট স্বাদে মাতোয়ারা হই আমরা মৌসুমজুড়ে। আর শত শত আমের জাতের মধ্যে গোপালভোগ, হিমসাগর, হাঁড়িভাঙা, আম্রপালি শেষে বাজারে ফজলি উঠলেই বিদায়বেলার করুণ সুর বেজে ওঠে আমপ্রেমীদের হৃদয়ে।


সকাল-বিকেল আমের মৌতাতে আর মেতে ওঠা যাবে না ভাবতেই পৃথিবীটা কেমন অসাড় মনে হয়। ডিপফ্রিজে রাখা আমে কি আর সেই ফ্লেভার আসে! আর এই চিন্তা থেকেই আমের পাল্প তৈরি করে সংরক্ষণ করে তা দিয়ে মৌসুম চলে গেলেও আমপ্রেমী আমজনতার জন্য আমের মিষ্টি বানানো শুরু করেন রেবেকা সুলতানা।
ঢাকার শেওড়াপাড়ায় নিজের একান্ত আপন হেঁশেলঘরেই মিষ্টি বানান এই শহুরে ময়রা রেবেকা। তাঁর উদ্যোগের নামটিও বেশ মজার। মনটা করে খাই খাই। খাঁটি দুধ সংগ্রহ, ছানা আর মালাই তৈরি থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত তিনি একা হাতেই করেন সর্বোচ্চ মানের নিশ্চয়তা দিতে। রেবেকা বলেন, আমার ছেলে রৈনীল খাবে, এভাবেই আমি একেবারে নিজের হাতে মিষ্টি তৈরি করি সবার জন্য।

মানের সঙ্গে কোনো আপস চলে না। আর এ জন্যই আসলে রেবেকার মিষ্টি বারবার যায় তাঁর রিপিট ক্রেতাদের কাছে। তাঁর বানানো আমের মিষ্টিগুলো একটু বেশিই পছন্দ সবার। তাই তো এই মৌসুমে রেবেকার বিরাম থাকে না। সর্বোচ্চ মানের যে আম মেলে নির্ভরযোগ্য সূত্র থেকে, তা জ্বাল দিয়ে আগে তৈরি হয় আমের পাল্প। তারপর নানা রকমের আমের মিষ্টি বানানোর পালা। আজ আম দিবসে দেখে নেওয়া যাক রেবেকার আমের মিষ্টিগুলো এবার।
আমমোহিনী
নরম তুলতুলে খাঁটি ছানার সন্দেশ। কিন্তু আমের রূপ, রস আর গন্ধ—সবকিছু যেন ভরপুর ঢেলে দেওয়া হয়েছে এতে। হৃদয় মোহিত করা এই আমের সন্দেশের যথার্থ নামই আমমোহিনী।


আমভোগ
আমের রসে টইটম্বুর সুগোল রসগোল্লা। মুখে পুরলেই আমের রসের বিস্ফোরণ। সেটুকু সামলে নিতেই কোমল ছানার টেক্সচার খেলবে জিবে আর দাঁতে।
আমের রসমালাই
তুলতুলে মেঘের মতো পেঁজা ছোট ছোট ছানার মিষ্টি। ডুব দিয়েছে তারা আমসাগরে। সঙ্গে বিলাসী আর মখমলি অনুভূতির মালাই তো আছেই।

.jpeg?w=640&auto=format%2Ccompress&fmt=webp)
আমের সরমালাই
এখানে আমের রসের ঘনত্ব বেশি। মালাইয়েরও তা-ই। রাজকীয় স্বাদের এই ক্রিমি আমের মালাইয়ে জড়ানো ছানার মিষ্টি মুখে দিলেই মিলিয়ে যায়।
চাইলেই এসব আমের মিষ্টি অর্ডার করতে পারবেন রেবেকা সুলতানার ফেসবুক পেজ মনটা করে খাই খাই থেকে https://www.facebook.com/MontakoreKHAIKHAI2020
ছবি: রেবেকা সুলতানা