
প্রতি বছর মেট গালার ফ্যাশনের চূড়ান্ত প্রদর্শনী যার জন্য অপেক্ষা করে সারাবিশ্বের ফ্যাশনিস্তারা। মেট গালার আরেকটি বড় আকর্ষণ হচ্ছে আফটার পার্টি ডিনার, যা শুধু খাবার নয়, বরং এক ধরনের জীবন্ত শিল্প-অভিজ্ঞতায় পরিণত হয়।

নিউ ইয়র্কের ঐতিহাসিক মেট্রপলিটিন মিউজিয়াম অফ আর্টের ভেতরে অবস্থিত ভেন্যু টেম্পল অফ ডেন্ডুরে-এ আয়োজিত এই ডিনার এবার সাজানো হয়েছিল উত্তর ইতালির বাগান-সংস্কৃতির অনুপ্রেরণায়।
এই পুরো সেট ডিজাইনের নেপথ্যে ছিলেন ইভেন্ট ডিজাইনার রাউল এভিলা, যিনি উত্তর ইতালির সাজানো-গোছানো বাগান থেকে অনুপ্রেরণা নিয়ে টেবিল, চেয়ার এবং পুরো পরিবেশ তৈরি করেন। তাঁর সঙ্গে সেট ডিজাইনে কাজ করেন টনি অ্যাওয়ার্ড বিজয়ী থিয়েটার ডিজাইনার ডেরেক ম্যাকলেন।

তিনি এই আয়োজনকে এক রাতের ব্রডওয়ে শো হিসেবে আখ্যায়িত করেন। যেখানে প্রতিটি ডিটেইল একদম ড্রামাটিক । ডাইনিং হলে প্রবেশের পথটিও ছিল বিশেষভাবে নির্মিত ইতালীয় বাগানের আধা-ভাঙা দেয়ালের মতো ডিজাইন করা, যেন অতিথিরা বাস্তবতা থেকে ধীরে ধীরে এক কল্পনার জগতে প্রবেশ করছেন।
টেবিলের কেন্দ্রবিন্দুতে ছিল তাজা ফল ও ফুলের সমাহার। ডালিম, নাশপাতি, কালো আঙুর, আর্টিচোক, কুমকোয়াট এবং মৌসুমি ফুল। সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল যেন একটি জীবন্ত বাগান টেবিলের উপর ফুটে উঠেছে।


সবুজ ও অফ-হোয়াইট স্ট্রাইপের কাস্টম টেবিলক্লথ এই ন্যাচারাল থিমকে আরও ফুটিয়ে তুলেছে। খাবারের পুরো মেন্যু সাজানোর দায়িত্ব দেয়া হয় ক্যাটারিং প্রতিষ্ঠান অলিভার চেং ক্যাটারিং । তারা খাবারকে তিনটি অধ্যায়ে ভাগ করে পরিবেশন করে বাগান, ভাস্কর্য এবং সিলুয়েট, যা এবারের মেট গালা ফ্যাশন ইজ আর্ট থিমের সঙ্গে মিল রেখে তৈরি।
প্রথম কোর্স ছিল বুরাটা চিজ ও গ্রিন টমেটো সালাদ, যার সঙ্গে ছিল এল্ডারফ্লাওয়ার, পাইন এবং গুজবেরি। টমেটো ওয়াটার ও হার্ব দিয়ে তৈরি এই পদটি দেখতে একেবারে সবুজ টমেটোর মতো, যেন বসন্তের নতুন জন্ম নেওয়া বাগান।


মেইন কোর্সে ছিল র্যাক অব ল্যাম্ব, মোরেল পানা কোট্টা, পারমেজান গ্নোচি, অ্যাসপারাগাস, গাজর, স্প্রিং পি এবং পুদিনা। এই পদটিকে শেফরা ভাস্কর্যের মতো স্ট্যাচুয়েস্ক বা স্থাপত্যধর্মী রূপ দিতে চেয়েছেন।
ডেজার্ট অংশটি ছিল সবচেয়ে শৈল্পিক। এই অংশের অনুপ্রেরণা এসেছে মেট গাল কিউরেটর এনা উইন্টোর এবং মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টের কিউরেটর নির্বাচিত মেটের কস্টিউম আর্ট প্রদর্শনী থেকে।


বিশেষ করে একটি ডেজার্ট তৈরি হয়েছিল বিখ্যাত ডিজাইনার অ্যালেকজান্ডার ম্যাককুইন-এর ২০০১ সালের ভস কালেকশনের একটি আইকনিক পোশাক থেকে অনুপ্রাণিত হয়ে। রেড ভেলভেট কেক, রাস্পবেরি ইনফিউশন চকলেট এবং চকলেট ক্রেমোর সংমিশ্রণে তৈরি এই ডেজার্ট ছিল ফ্যাশন ও গ্যাস্ট্রোনমির এক অনন্য স্বমন্বয়।
২০২৬ সালের মেট গালা ডিনার শুধু একটি খাবারের আয়োজন নয়।প্রকৃতি, শিল্প এবং ফ্যাশনের এক সূক্ষ্ম সংমিশ্রণ যা ফ্যাশন বিশ্বের শৈল্পিকতা ও আধুনিকতার মিশেল বলা যায়।
সূত্র: ভোগ
ছবি: ইন্সটাগ্রাম