বাটার চিকেন, বিফ নেহারি, খাসির কোরমা: চীনের মহাকাশযানে জিশান আলীর জন্য বিশেষ হালাল খাবার
শেয়ার করুন
ফলো করুন

মহাকাশে বসেও যেন ঘরের খাবারের স্বাদ পান পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলী, সে জন্য বিশেষ খাবারের আয়োজন করেছে চীন। বাটার চিকেন, বিফ নেহারি, খাসির কোরমা আর ছোলা-মাসালার মতো দক্ষিণ এশীয় জনপ্রিয় খাবার এবার মহাকাশযানে করে পৃথিবীর বাইরে পৌঁছেছে। চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে আলীর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এসব খাবার। তাঁর খাদ্যাভ্যাস ও ধর্মীয় বিধিনিষেধের কথা বিবেচনায় রেখে পুরো মেনু সাজানো হয়েছে।

চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে আলীর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এসব খাবার
চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে আলীর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এসব খাবার

বুধবার চীনের শেনঝৌ-২৪ মহাকাশযানে করে তিয়াংগং স্টেশনে পৌঁছান মুহাম্মদ জিশান আলী। তাঁর সঙ্গে ছিলেন চীনের দুই নভোচারী তাং হংবো ও উ ই। এর মধ্য দিয়ে চীনের মহাকাশ স্টেশনে প্রবেশ করা প্রথম বিদেশি নভোচারী হলেন আলী। স্টেশনে আগে থেকেই অবস্থান করছিলেন তিনজন নভোচারী। নতুন তিনজন যোগ দেওয়ায় সেখানে নভোচারীর সংখ্যা দাঁড়ায় ছয়।

বিজ্ঞাপন

হালাল খাবারের বিশেষ আয়োজন

আলীর খাবারের ব্যবস্থা করেছে চীনের অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার। তাঁর খাদ্যাভ্যাসের সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষিণ এশীয় খাবারের স্বাদ ও হালাল খাদ্যবিধি অনুসরণ করে তৈরি করা হয়েছে বিশেষ মেনু।

আলীর জন্য পাকিস্তানি ঘরানার সাত ধরনের খাবার তৈরি করেছেন গবেষকেরা মহাকাশে খাওয়ার উপযোগী করে
আলীর জন্য পাকিস্তানি ঘরানার সাত ধরনের খাবার তৈরি করেছেন গবেষকেরা মহাকাশে খাওয়ার উপযোগী করে

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আলীর জন্য পাকিস্তানি ঘরানার সাত ধরনের খাবার তৈরি করেছেন গবেষকেরা মহাকাশে খাওয়ার উপযোগী করে। এর মধ্যে রয়েছে বিফ নেহারি, খাসির কোরমা, বাটার চিকেন ও মসলাদার ছোলাভুনা। খাবারগুলো তৈরির সময় নভোচারীদের পুষ্টির চাহিদার পাশাপাশি পরিচিত স্বাদ বজায় রাখার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

বিজ্ঞাপন

আলীর পছন্দের মসলা হলুদ ও কারি মসলার ব্যবহার নিয়েও গবেষকেরা কাজ করেছেন। খাবারগুলো চূড়ান্ত করার আগে একাধিকবার রান্না করে পরীক্ষা ও স্বাদ পরিমার্জন করা হয়েছে। সিজিটিএনের প্রতিবেদন অনুযায়ী, খাবার তৈরির পুরো প্রক্রিয়ায় হালাল খাদ্যবিধি অনুসরণ করা হয়েছে।

চীনা খাবারেও মন গলেছে আলীর

মহাকাশযাত্রার প্রস্তুতির সময় আলীর খাবারের তালিকায় কিছু পরিবর্তন এসেছে। প্রথমে তাঁর জন্য পাকিস্তানি মসলাযুক্ত দুধ চায়ের ব্যবস্থা রাখার পরিকল্পনা ছিল। কিন্তু চীনে প্রশিক্ষণ ও প্রস্তুতির সময় তাঁর চীনা ব্ল্যাক টি বা কালো চা ও ভাতের প্রতি ভালো লাগা তৈরি হয়। ফলে মহাকাশযাত্রার খাবারের তালিকায় এসব খাবারের পরিমাণ বাড়ানোর অনুরোধ জানান তিনি। সেই অনুযায়ী মেনুতেও পরিবর্তন আনা হয়।
মহাকাশ স্টেশনে ছয় নভোচারীর মিলন উপলক্ষে বিশেষ নৈশভোজেরও আয়োজন করা হয়েছিল। সেখানে চীনা ও পাকিস্তানি দুই ধরনের খাবারই রাখা হয়। তিয়াংগং স্টেশনে নভোচারীদের একসঙ্গে খাবার খাওয়ার আয়োজন অবশ্য নতুন নয়। এর আগে এক অভিযানে ওভেনে বারবিকিউ তৈরি করেও একসঙ্গে খাবার খেয়েছিলেন তাঁরা।

মহাকাশে কবি ইকবালের কবিতা

পাকিস্তান বিমানবাহিনীর কর্মরত কর্মকর্তা মুহাম্মদ জিশান আলী বুধবার চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণকেন্দ্র থেকে যাত্রা শুরু করেন। তাঁর সঙ্গে ছিলেন চীনা নভোচারী তাং হংবো ও উ ই। উৎক্ষেপণের কয়েক ঘণ্টার মধ্যেই শেনঝৌ-২৪ মহাকাশযানটি তিয়াংগং স্টেশনে পৌঁছে যুক্ত হয়। পরে মহাকাশযানের দরজা খুলে দিলে স্টেশনে থাকা অন্য নভোচারীদের সঙ্গে যোগ দেন নতুন তিন সদস্য।

চীনা নভোচারীদের সঙ্গে পরিচিত হওয়ার সময় আলী পাকিস্তানের বিখ্যাত কবি আল্লামা মুহাম্মদ ইকবালের একটি দ্বিপদী কবিতা আবৃত্তি করেন। ‘প্রাচ্যের কবি’ হিসেবে পরিচিত ইকবালের কবিতার ভাবার্থ ছিল, ‘তারাদের ওপারেও রয়েছে আরও অনেক জগৎ, আবেগ ও আকাঙ্ক্ষার পরীক্ষা এখনো বাকি।’পরে সহযাত্রীদের জন্য কবিতাটির অনুবাদও করে শোনান তিনি। পৃথিবী থেকে বহু দূরে মহাকাশ স্টেশনে দাঁড়িয়েও নিজের দেশের সাহিত্য ও সংস্কৃতিকে এভাবেই তুলে ধরেন পাকিস্তানের প্রথম নভোচারী।

সূত্র: ফার্স্ট পোস্ট

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৫: ০০
বিজ্ঞাপন