‘শাড়ি পরানো বিশেষজ্ঞ’ তৈরি করলেন সারার লুক
শেয়ার করুন
ফলো করুন

কালো সরু পাড়ের সাদা শাড়িটিতে ঐতিহ্যের ছোঁয়া সুস্পষ্ট। এবারের কান চলচ্চিত্র উৎসবের সাজপোশাকের ক্ষেত্রে আবু জানি সন্দীপ খোসলার ডিজাইনেই ভরসা রেখেছেন আবার বলিউড অভিনেত্রী সারা আলী খান। প্রথম দিন তাঁদেরই ডিজাইন করা আইভরি লেহেঙ্গায় কানে অভিষেক হয়েছিল এই নবাবনন্দিনীর। এবার তিনি বেছে নিয়েছেন তাঁদের সংগ্রহ থেকে একটি অফ হোয়াইট শামওয়া স্যাটিন বা লেদার ফিনিশের স্যাটিনের ডিকন্সট্রাক্টেড, অর্থাৎ ভেঙেচুরে সাজানো শাড়ি। এতে লম্বা ট্রেনযুক্ত স্কার্টের সঙ্গে আলাদা শাড়ির ড্রেপ ব্যবহার করা হয়েছে। সরু কালো পাড়টি বড়ই নয়নমনোহর।

ঐতিহ্যবাহী সরু নকশি পাড়বিশিষ্ট সাদা থানের কথা মনে পড়ে যায় দেখলে। তবে খেয়াল করলে দেখা যাবে, সাদা-কালো পাড়টিতে মুক্তা আর পাথরের সূক্ষ্ম কারুকাজ আছে। ব্লাউজটি বেশ নিরীক্ষাধর্মী। ব্রালেট আকৃতির সাদা-কালো ব্লাউজের নেকলাইন হল্টারনেক ধরনের। গলায় আবার বেশ কয়েক লহরের সাদা-কালো মুক্তার মালা। কানের টপের একটি মাত্র সাদা মুক্তা জ্বলজ্বল করছে। এক হাতের ওপর আঁচলের প্রান্ত, মিনিমাল ন্যুড মেকআপ আর ষাটের দশকের মতো করে সামনে একটু ফুলিয়ে-ফাঁপিয়ে বাঁধা চুল। কানের পাশে দু-একগোছা চুলের স্ট্র্যান্ড বেরিয়ে আছে। আর এতেই বাজিমাত করেছেন সারা আলী খান। তবে পুরো লুকের মূল আকর্ষণ আর সিংহভাগ সৌন্দর্য রয়েছে শাড়ির ড্রেপিং, অর্থাৎ প্যাঁচ, বাঁক ও কুঁচিতে। আর এখানেই কাজ করেছে তারকাখ্যাতিসম্পন্ন ‘শাড়ি পরানো বিশেষজ্ঞ’ ডলি জৈনের নিপুণ হাতের জাদু। তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে তিনি সারা আলী খানের শাড়িটির পুরো ড্রেপিং করা দেখিয়েছেন সবাইকে।

বিজ্ঞাপন

কলকাতাবাসী পেশাদার ‘শাড়ি পরানো বিশেষজ্ঞ’ ডলি জৈনের কাছে শাড়ি পরতে চাইলে গুনতে হতে পারে ২ লাখ রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ২ লাখ ৬০ হাজারের মতো। আর হবে নাইবা কেন। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, ঈশা আম্বানি, সোনম কাপুর—সবার বিয়ের পোশাকের ড্রেপিংই তিনি করেছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে ভারত সফরে আসা আন্তর্জাতিক তারকা মডেল জিজি হাদিদের শাড়িও তিনিই পরিয়েছেন। সবচেয়ে দ্রুত শাড়ি পরানোয় ইতিমধ্যে বিশ্ব রেকর্ড করেছেন ডলি। জানেন একই শাড়ি বিভিন্নভাবে পরার হাজারো কায়দা। বিয়ের অনুষ্ঠানে ওড়নাও পরান তিনি। অবিশ্বাস্য দ্রুততায় আর অনন্য নৈপুণ্য দেখিয়ে তিনি যেভাবে সারা আলী খানের শাড়িটি পরালেন, তা নিয়ে হচ্ছে বিস্তর আলোচনা।

মজার ব্যাপার হচ্ছে, এই আবু জানি সন্দীপ খোসলা ডিজাইনার যুগলই প্রথম তাঁকে বিয়ের অনুষ্ঠানে কনেকে শাড়ি পরাতে দেখে অত্যন্ত চমৎকৃত হন ও তাঁর এই প্রতিভা সবার সামনে নিয়ে আসেন। তবে প্রয়াত বিখ্যাত বলিউড তারকা শ্রীদেবীর অনুপ্রেরণাতেই পেশাদার পর্যায়ে এ কাজ শুরু করেন ডলি। ড্রেপিং মানে আসলে সাধারণ অর্থে শাড়ি প্যাঁচ দেওয়া ও কুঁচি করা। নিজের ইউটিউব চ্যানেলে শাড়ি ড্রেপিংয়ের ভিডিও টিউটোরিয়াল দেন ডলি। এখন তারকাদের শাড়ি পরানোর সুবাদে আর ভক্ত ও অনুরাগীদের আতিশয্যে নিজেই তারকাখ্যাতি পেয়ে গেছেন এই ‘শাড়ি পরানো বিশেষজ্ঞ’। আর কান চলচ্চিত্র উৎসবে সারার লুক তৈরির মাধ্যমে ডলি জৈন এগিয়ে গেলেন আরও একটু, বলা যায় নিঃসন্দেহে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, ফিল্মফেয়ার, ডলি জৈন ডট কম, দ্য ইকোনমিক টাইমস

হিরো ইমেজ: ইন্সটাগ্রাম হ্যান্ডল

নোট: হিরো ইমেজের ইনসেটে ডলি জৈন

বিজ্ঞাপন
প্রকাশ: ১৯ মে ২০২৩, ০৫: ২৩
বিজ্ঞাপন