
ফ্যাশনজগতের কিংবদন্তি কার্ল লাগারফেল্ড প্রয়াত হয়েছেন আজ প্রায় পাঁচ বছর। কিন্তু ফ্যাশনদুনিয়ায় তাঁর প্রভাব এখনো বলবৎ। অবশ্য খুব সহজে তাঁর প্রভাব কমবে বলে মনে হয় না। অন্তত যাঁরা ফ্যাশন ভালো বোঝেন বা এ নিয়ে কাজ করছেন, তাঁরা কখনোই লাগারফেল্ডকে ভুলবেন না এবং অন্য কাউকে ভুলতে দেবেনও না। মৃত্যুর পর নানাভাবে তাঁকে স্মরণ করা হচ্ছে। এবার লাগারফেল্ডের ঘটনাবহুল জীবন নিয়ে তৈরি হয়েছে বায়োপিক সিরিজ। নাম ‘বিকামিং কার্ল লাগেরফেল্ড’।
ফরাসি ভাষায় নির্মিত এই টিভি সিরিজ পরিচালনা করেছেন জেরম স্যাল। এতে লাগারফেল্ড চরিত্রে অভিনয় করেছেন জার্মান-স্প্যানিশ অভিনেতা ড্যানিয়েল ব্রাহ্ল। ইতিমধ্যেই সিরিজটির টিজার ট্রেইলার মুক্তি পেয়েছে। এতে ড্যানিয়েলকে লাগারফেল্ড রূপে দেখে সবাই বেশ খুশি হয়েছেন বলতে হবে। লাগারফেল্ডের মতোই ড্যানিয়েল একজন জার্মান। এই মেধাবী অভিনেতা জনপ্রিয় হয়েছেন ‘গুডবাই’, ‘লেনিন’ ও ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ড’–এর মতো সিনেমায় অভিনয় করে। টিজার দেখে অনেক সমালোচকেরাই বলেছেন যে লাগারফেল্ড চরিত্রে ড্যানিয়েল ছাড়া আর কাউকেই এত ভালো মানাত না।
৭ এপ্রিল ফ্রান্সের কান শহরে প্রিমিয়ার হয়েছে টিভি সিরিজটির। প্রিমিয়ার শেষে এতে উপস্থিত সমালোচক ও দর্শকেরা প্রায় তিন মিনিট ধরে দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিবাদন জানিয়েছেন। সবাই ড্যানিয়েল ব্রাহ্লের অভিনয়ের অনেক প্রশংসা করেছেন। লাগারফেল্ড হয়ে ওঠার জন্য তিনি শুদ্ধভাবে ফরাসি ভাষাই শুধু শেখেননি, শিখতে হয়েছে ফ্যাশনের অনেক খুঁটিনাটি বিষয়ও। এ ছাড়া লাগারফেল্ডের মতো কথা বলার ধরন ও উঁচু জুতা পরে হাঁটাচলাও রপ্ত করতে হয়েছে তাঁকে। একটি সাক্ষাৎকারে ড্যানিয়েল ব্রাহ্ল নিজেকে প্রস্তুত করার সময়টাকে রোলারকোস্টারে চড়ার সঙ্গে তুলনা করেছেন। সেই সাক্ষাৎকারে তিনি জানান, লাগারফেল্ডের সঙ্গে নাকি জীবনে তাঁর একবার দেখা হয়েছিল। সেই সময় শখের ফটোগ্রাফার লাগারফেল্ড একটি ম্যাগাজিনের জন্য ড্যানিয়েলের ছবি তোলেন। তাঁর স্মৃতির মণিকোঠায় এখনো সেই মুহূর্ত জ্বলজ্বল করছে।
‘বিকামিং কার্ল লাগারফেল্ড’ পটভূমি ১৯৭২ সাল। তখনো রেডি-টু-ওয়্যার ডিজাইনার কার্ল লাগারফেল্ডকে কেউ তেমন একটা চেনেন না। তাঁর সে সময়ের চড়াই-উতরাই এবং বন্ধু ও প্রতিদ্বন্দ্বী ইভস সাঁ লোর সঙ্গে তাঁর ঠান্ডা যুদ্ধ নিয়ে গল্প এগোতে থাকবে এই সিরিজ।
হিরো ইমেজ: ইনস্টাগ্রাম