কান চলচ্চিত্র উৎসবে হোটেল রুমে নির্যাতনের শিকার মিস ভেনেজুয়েলা, শেয়ার করলেন রক্তাক্ত ভিডিও
শেয়ার করুন
ফলো করুন

মিস ভেনেজুয়েলা ২০২৫ আন্দ্রেয়া দেল ভ্যাল অভিযোগ করেছেন, কান চলচ্চিত্র উৎসবে তাঁর সেলিব্রিটি স্টাইলিস্ট জিওভানি লাগুনা তাঁকে শারীরিকভাবে আক্রমণ করেছেন। এই ঘটনার পর তাঁর মুখে আঘাত ও রক্তাক্ত ক্ষত দেখা যায়।

কান চলচ্চিত্র উৎসবে নিররাতনের শিকার হলেন মিস ভেনেজুয়েলা আন্দ্রেয়া
কান চলচ্চিত্র উৎসবে নিররাতনের শিকার হলেন মিস ভেনেজুয়েলা আন্দ্রেয়া
এই ঘটনার পর তাঁর মুখে আঘাত ও রক্তাক্ত ক্ষত দেখা যায়
এই ঘটনার পর তাঁর মুখে আঘাত ও রক্তাক্ত ক্ষত দেখা যায়

২৯ বছর বয়সী আন্দ্রেয়া সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্লার করা ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, তাঁর কপাল দিয়ে রক্ত ঝরছে এবং তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। ভিডিওতে তিনি স্প্যানিশ ভাষায় স্টাইলিস্টকে উদ্দেশ করে বলেন, “দেখুন, জিওভানি লাগুনা আমার সঙ্গে কী করেছে। অভিনন্দন জিওভানি, তুমি তোমার আসল চেহারা দেখিয়ে দিলে।”

বিজ্ঞাপন

ভিডিওতে হোটেল কক্ষটিকেও এলোমেলো অবস্থায় দেখা যায়। আসবাবপত্র ও বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে–ছিটিয়ে ছিল। একই ভিডিওতে ৩৩ বছর বয়সী ভেনেজুয়েলান স্টাইলিস্ট জিওভানি লাগুনাকেও কক্ষের এক কোণে বসে থাকতে দেখা যায়।


ভেনেজুয়েলা ও মেক্সিকোর কয়েকটি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হোটেলের অন্য অতিথিরা চিৎকার ও মারামারির শব্দ শুনে পুলিশে খবর দেন। পরে স্প্যানিশ সাংবাদিক জর্দি মার্টিনের প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, পুলিশ লাগুনাকে হোটেল থেকে নিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

জিওভানি লাগুনা লাতিন আমেরিকার সেলিব্রিটি ও বিউটি পেজেন্ট অঙ্গনে পরিচিত একজন স্টাইলিস্ট। ২০২৩ সাল থেকে তিনি মিস ইউনিভার্স কলম্বিয়ার ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছেন। তাঁর সঙ্গে মেক্সিকোর মিস ইউনিভার্স ২০২৫ বিজয়ী ফাতিমা বশেরও পেশাগত সম্পর্ক রয়েছে। তবে এই ঘটনায় ফাতিমার কোনো সম্পৃক্ততার অভিযোগ নেই।

গ্রেপ্তারের পর লাগুনাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে
গ্রেপ্তারের পর লাগুনাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে

গ্রেপ্তারের পর লাগুনাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে কী অভিযোগ আনা হবে, তা এখনো পরিষ্কার নয়। অন্যদিকে, আন্দ্রেয়া চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানা গেছে। দুজনের মধ্যে কী নিয়ে ঝগড়া হয়েছিল, সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফরাসি পুলিশও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট, এনডিটিভি

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১০: ৩৬
বিজ্ঞাপন