
‘মাথার পরে দেয়নি তুলে বাস
লজ্জা পাবার পায়নি অবকাশ।’
দূর গাঁয়ের সেই কৃষ্ণকলির কালো হরিণচোখের মায়ায় মনে মনে হারায় সবাই। বাহুল্য বিবর্জিত সেই সৌন্দর্যের নিঃসংকোচ রূপ মন কেড়ে নেয়।

রবি ঠাকুরের গানের বর্ণনায় নারীরূপ বড়ই বিচিত্র। কন্যা-জায়া-জননীর বাঁধাধরা রূপটির বাইরে গিয়ে নারী শুধু নারী হয়েই বিকশিত হয়েছে ভালোবাসার উষ্ণতায়। প্রেম চিরন্তন; তা সে নর-নারীর প্রেম হোক বা ঈশ্বরপ্রেম। তাই তো গাইতে বা শুনতে গেলে রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গানে প্রেমময় অনুভূতি ধরা দেয়, আবার প্রেম ও প্রকৃতিবন্দনার গানে দেখা দেন ঈশ্বর। নারীর তথাকথিত সৌন্দর্যকে অতিক্রম করে রবীন্দ্রনাথের ভালোবাসার দৃষ্টি আমাদের আশপাশের সব নারীকে হৃদয়েশ্বরী রূপে দেখতে শিখিয়েছে।
‘মায়াবন বিহারিণী হরিণী
গহন স্বপন-সঞ্চারিণী’

টিকালো নাক বা গায়ের দুধে-আলতা রঙের মতো ‘ক্লিশে’ বা তথাকথিত মাপকাঠিতে সৌন্দর্যকে মাপা হয়নি রবি ঠাকুরের গানে। অথচ এই চঞ্চলা হরিণীরূপের নারীর চপল হাসি, ত্রস্ত পায়ে ইতিউতি তাকানো, এলো আঁচল আর খোলা চুলে ছুটে বেড়ানো—সবটা যেন চোখে ভেসে ওঠে গানটি শুনলেই। বাঁধা যায় না যাকে, সেই নারীকে দূর থেকেই ভালোবাসার কথা বলেছেন রবীন্দ্রনাথ এখানে।
‘তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা
মম শূন্যগগনবিহারী
আমি আপন মনের মাধুরী মিশিয়ে তোমারে করেছি রচনা’

অর্ধেক মানবী আর অর্ধেক কল্পনা। ভালোবাসার নজর বড় কল্পনাবিলাসী। সে গায়ের রং চেনে না, শারীরিক গড়ন নিয়ে ভাবে না। সন্ধ্যার মেঘমালার মতো কোমল অথচ রঙিন রূপে ধরা দেয় প্রিয়তমার গালের লালিমা, পেলব ওষ্ঠ। সে রং আর মেলে না কোথাও।

আপন মনের মাধুরীর মিশেলে সেই রূপ অনন্য, অদ্বিতীয়। অধরে আর আঁখিতে স্বপ্নময়ী সেই নারীর সৌন্দর্য রবীন্দ্রনাথের চোখেই পরিপূর্ণ রূপ পায়। ঠিক যেন ইংরেজি সেই কথার মতো—‘বিউটি লাইজ ইন দ্য আইজ অব দ্য বিহোলডার’। দেখনেওয়ালার নজরেই সৌন্দর্যের পূর্ণতা আসে। সৌন্দর্যের ব্যাকরণ এখানে নিরর্থক।
‘বিধি ডাগর আঁখি যদি দিয়েছিল
সে কি আমারি পানে ভুলে পড়িবে না।’

রবীন্দ্রনাথের গানে নারীর বাঙ্ময় চোখের প্রতি বেশ পক্ষপাতিত্ব দেখা যায়। তবে এই একই গানে মনোরম মুখচ্ছবিতে হাসির সুধানদীর জন্য আকুলতাও মন ছুঁয়ে যায়। ‘বঁধু কোন আলো লাগল চোখে’—মুগ্ধ দৃষ্টিতে সেই আলোই সৌন্দর্যের শেষ কথা।

নারী সুন্দর। নারী প্রেমময়ী। আর বৈচিত্র্যই সেই সৌন্দর্যের সবচেয়ে সুন্দর রূপ। আর রূপে ভোলায় না নারী তার অনুরাগীকে; বরং ভালোবাসায় ভোলায়।
ছবি: পটের বিবি