
থিম ঘোষণার পর থেকেই ফ্যাশন অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। কারণ, এই এক বাক্যের মধ্যেই লুকিয়ে আছে অসংখ্য ব্যাখ্যার সম্ভাবনা। ফ্যাশন কি শুধু পোশাক? নাকি তা একেকটি চলমান শিল্পকর্ম? ২০২৬ সালের মেট গালা সেই প্রশ্নেরই বহুমাত্রিক উত্তর খুঁজবে।

এবারের ড্রেস কোড অনুপ্রাণিত হয়েছে দা কস্টিউম ইনস্টিটিউটের বসন্তকালীন প্রদর্শনী কস্টিউম আর্ট থেকে। প্রদর্শনীতে প্রাচীন যুগ থেকে আধুনিক সময় পর্যন্ত পাশ্চাত্য শিল্পে কিভাবে পোশাককে উপস্থাপন করা হয়েছে তা বিশ্লেষণ করা হবে। যেখানে শিল্পকর্ম ও পোশাককে পাশাপাশি রেখে দেখানো হবে—কীভাবে পোশাক কেবল শরীর ঢাকে না, বরং রাজনীতি, প্রতীকী ভাষা, ব্যক্তিগত অভিব্যক্তি এবং সময়ের ভাবনাকে ধারণ করে। অর্থাৎ, ফ্যাশন এখানে ক্যানভাস, আর দেহ তার জীবন্ত ফ্রেম।

‘ফ্যাশন ইজ আর্ট’—এই ধারণা এতটাই বিস্তৃত যে ডিজাইনার ও সেলিব্রিটিরা চাইলে রেনেসাঁ যুগের চিত্রকলার অনুপ্রেরণা থেকে শুরু করে আধুনিক অ্যাভাঁ-গার্দ ভাস্কর্যধর্মী সিলুয়েট—সবকিছুই মিশিয়ে দিতে পারেন নিজেদের লুকে। ফলে রেড কার্পেটে দেখা যেতে পারে রেট্রো ও ফিউচারিস্টিক উপাদানের অভিনব সংমিশ্রণ, নাটকীয় টেক্সচার, ভাস্কর্যধর্মী গাউন কিংবা বডি-আর্ট অনুপ্রাণিত নকশা।
এবারের মেট গালায় তাই ফ্যাশন অনুরাগীদের শুধু পোশাক দেখলেই চলবে না—প্রতিটি লুকের পেছনের শিল্প-ইঙ্গিতও বুঝতে হবে। কে কোন শিল্পধারা থেকে অনুপ্রাণিত? কার পোশাকে ফুটে উঠছে ইতিহাস, রাজনীতি বা ব্যক্তিগত বিবৃতি? সব মিলিয়ে এটি হবে এক বৌদ্ধিক ফ্যাশন-উৎসব।
এবারের মেট গালার কো-চেয়ার হিসেবে থাকছেন সংগীত, চলচ্চিত্র ও ক্রীড়াজগতের তিন আইকন—
* বিয়ন্সে
* নিকল কিডম্যান
* ভেনাস উইলায়াম
কো-চেয়াররা শুধু অনুষ্ঠানে উপস্থিত থাকেন না, বরং থিম নির্ধারণ, ড্রেস কোড সেট করা, অতিথি তালিকা চূড়ান্ত করা এবং আয়োজনকে বৈশ্বিকভাবে তুলে ধরার গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন। তাঁদের সৃজনশীল দৃষ্টিভঙ্গি এবারের থিমকে আরও বৈচিত্র্যময় করে তুলবে বলেই ধারণা করা হচ্ছে।

‘ফ্যাশন ইজ আর্ট’ থিমের কারণে এবারের রেড কার্পেট হতে পারে এক চলমান আর্ট গ্যালারি। কেউ হয়তো ক্লাসিকাল পেইন্টিংয়ের রঙ ও মোটিফ নিয়ে হাজির হবেন, কেউ বা আধুনিক মিনিমালিজমে গড়ে তুলবেন শরীরঘেঁষা ভাস্কর্যধর্মী সিলুয়েট।
ফ্যাশনপ্রেমীরা যদি সত্যিই লুক ডিকোড করতে চান, তবে একটু শিল্প ইতিহাস ঝালিয়ে নেওয়াই ভালো। কারণ, এবারের মেট গালা শুধু গ্ল্যামার নয়—এটি শিল্প ও ফ্যাশনের গভীর সম্পর্কের এক অনন্য উদযাপন।