
হাল ফ্যাশন ডেস্ক
বলিউড অভিনেত্রী সারা আলী খানকে বেশির ভাগ সময়ই এথনিক স্টাইলে দেখা যায়। এবার ফ্যাশন মঞ্চেও তাঁকে দেখা গেছে ভারতীয় পোশাকে। ডিজাইনার পুনিত বালানার নকশায় একটি লাল লেহেঙ্গা পরেছিলেন তিনি।


ডিপ ভি-গলার ব্লাউজের সঙ্গে লেহেঙ্গাজুড়ে হালকা কাজ থাকলেও ওড়নায় ফুটে উঠেছে ফুল-লতাপাতা মোটিফের ভারী কাজ। পোশাকের সঙ্গে মেকআপের ক্ষেত্রে সারা লাল স্মোকি আই শ্যাডো বেছে নিয়েছিলেন। সঙ্গে ন্যুড শেডের লিপস্টিক। কপালে টিকলি আর হাতে চুরি—এই ছিল সাজ।

ডিজাইনার শ্রুতি সঞ্চেতির ‘টেকসই সংগ্রহ’ থেকে অভিনেত্রী রাকুল প্রীত সিং পরেছিলেন খাদি কাপড়ের নীল রঙে একটি সুন্দর কো-অর্ডার সেট। নীল ট্যাংক টপের সঙ্গে হাই-স্লিট ডিজাইনের শর্টসসহ স্কার্ট ও ম্যাচিং জ্যাকেটে র্যাম্পে হাঁটেন তিনি।


শিল্পা শেঠি মানেই তাক লাগানো কিছু। ল্যাকমে ফ্যাশন উইকে বেগুনি ক্রেপ বডি–হাগিং কাটআউট জাম্পস্যুটের সঙ্গে শ্রাগ পরে মঞ্চ মাতান তিনি। তাঁর পরা এই পোশাক সংগ্রহটির শিরোনাম ‘উপত্যকার গান,’ যা কাশ্মীরের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য উদ্যাপনের ইঙ্গিত করে। সংগ্রহটি সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করে ল্যাকমে ফ্যাশন উইকের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে লেখা হয়েছে, ‘সংগ্রহটি কালজয়ী সৌন্দর্যের অন্বেষণ করে। ঐতিহ্যবাহী শিল্পের রূপ এটা।’

সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি এসেছিলেন পিচ টোনড মেকআপ লুকে। পার্পল শিমারি কাটআউট পোশাকে ফ্যাশন শোতে অংশ নেন তিনি।

মনীশ জয়সিংয়ের ডিজাইনে তাপসী পান্নু পরেছিলেন একটি লাল গাউন। ডিপ-ভি গলার এই গাউনের পুরো জমিন সিকুইন সজ্জিত। তবে পোশাকের সঙ্গে অভিনেত্রীর কোঁকড়া চুলের স্টাইল সবার নজর কেড়েছে।


সোনাক্ষী সিনহা ফ্যাশন মঞ্চ মাতালেন গাঢ় কপার গোল্ডেন শেডের মারমেইড-প্রানিত থ্রি-পিস গাউনে। নো মেকআপ–মেকআপ লুকের সঙ্গে কোনো জুয়েলারি পরেননি অভিনেত্রী। চুলে করেছিলেন তাঁর চিরাচরিত পনিটেল স্টাইল।
ল্যাকমে ফ্যাশন উইক–২০২৩–এর শনিবার রাতের অন্যতম তারকা আকর্ষণ ছিলেন দক্ষিণ ভারতীয় নায়িকা রাশ্মিকা মান্দানা। কালো ও সোনালি পোশাকে মোহময়ী লাগছিল তাঁকে। জেজে ভালায়ার ডিজাইন করা শাড়ি পরেছিলেন তিনি। হাইনেক-ব্যাকলেস গর্জিয়াস ব্লাউজের সঙ্গে শাড়িটা পরেছিলেন একটু ভিন্ন স্টাইলে। এর সঙ্গে কোমরে পরেন বেল্ট। তারপর স্মোকি আই মেকআপ আর ন্যুড লিপস্টিকে সাজ পরিপূর্ণ করেন পুষ্পার নায়িকা।

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমার নায়িকা হিসেবে সাঞ্জানা সাঙ্ঘি সবার নজরে আসেন। বরাবরই স্নিগ্ধ এই অভিনেত্রী। ল্যাকমে ফ্যাশন উইকে ডিজাইনার সিদ্ধার্থ বানসালের ‘সেভেন হেভেন’ সংগ্রহের পোশাকে র্যাম্পে হাঁটেন তিনি। নানা রঙের রাফেলের মিশেলে তৈরি হয়েছে এই বেগি ড্রেস। তবে পোশাকের সঙ্গে গলায় পরা মিশ্র পাথরের চোকার ও ম্যাচিং কানের দুল ফ্যাশনপ্রেমীদের মুগ্ধ করেছে।

শান্তনু মাহেশোয়ারি বিশেষ পরিচিতি পেয়েছেন গাঙ্গুবাই সিনেমায় অভিনয়ের মাধ্যমে। মূলত তিনি একজন ড্যান্সার। তাঁর ‘কুল লুক’ ও হাসি যেন সবকিছুকেই ছাপিয়ে যায়। এবার ল্যাকমে ফ্যাশন উইকেও দেখা গেছে সেই চমক। পা থেকে মাথা পর্যন্ত সবকিছুই সাদা রঙের। প্যান্টের সঙ্গে তিনি পরেছিলেন অদ্ভুতুড়ে একটি ব্লেজার।

অভিনেত্রী সানায়া মালহোত্রা, জাফরান রঙের বিকিনি ব্লাউজের সঙ্গে একই রঙের স্লিট স্কার্ট ও ফুলেল নকশার শ্রাগ পরেছিলেন।


রাফেল সজ্জিত গাউনে ফ্যাশন মঞ্চে হাঁটলেন অভিনেত্রী নেহা ধুপিয়া।

ল্যাকমে ফ্যাশন উইকে নীল সুতির শাড়িতে স্নিগ্ধ কঙ্কনা সেন শর্মা।
ছবি: ইন্সটাগ্রাম