কোলাম-আলপনার ছোঁয়ায় টুয়েলভের পূজার আয়োজন
শেয়ার করুন
ফলো করুন

দুর্গাপূজা মানেই উৎসব, আনন্দ আর নতুন করে সাজার প্রস্তুতি। শরতের এই উৎসবকে ঘিরে পোশাকেও থাকে আলাদা ভাবনা। সেই ভাবনায় ঐতিহ্য ও সমকালীন রুচির মেলবন্ধন ঘটিয়ে  পূজা সংগ্রহ সাজিয়েছে দেশের ফ্যাশন ব্র্যান্ড টুয়েলভ ক্লদিং।

এবারের সংগ্রহে দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী কোলাম ও শান্তিনিকেতনের আলপনার নকশা এসেছে নানা পোশাকে। নারী-পুরুষ থেকে শিশু—পরিবারের সবার জন্যই রয়েছে উৎসবের পোশাক।

বিজ্ঞাপন

সংগ্রহের নকশায় অন্যতম অনুপ্রেরণা দক্ষিণ ভারতের প্রাচীন আঙ্গিনা-সজ্জার শিল্পরীতি কোলাম। চালের গুঁড়া দিয়ে আঁকা এই নকশায় থাকে জ্যামিতিক সাম্য, বিন্দুকে ঘিরে অবিচ্ছিন্ন রেখার চলন ও বিভিন্ন শুভ প্রতীক। টুয়েলভ ক্লদিংয়ের পোশাকে কোলামের সেই বৈশিষ্ট্য দেখা গেছে পরিমিত ও আধুনিক বিন্যাসে।

কুর্তির বুকের মাঝামাঝি, গলার কাছের অংশ কিংবা ওপরের দিকে গোলাকার অলংকরণে রয়েছে কোলামের ছাপ। সালোয়ার-কামিজের নিচের প্রান্ত ও ওড়নার বিস্তৃত অংশেও ব্যবহার করা হয়েছে এই নকশা। পুরুষদের পাঞ্জাবিতে বুকের পকেট, গলা ও হাতার প্রান্তে রাখা হয়েছে জ্যামিতিক রেখার কাজ।

বিজ্ঞাপন

অন্যদিকে, শান্তিনিকেতনের আলপনা থেকে নেওয়া নকশাগুলো সংগ্রহে এনেছে বাঙালির চেনা নান্দনিকতার ছোঁয়া।

পদ্মফুল, লতাপাতা, বাঁকানো পল্লব ও জ্যামিতিক মেঝে-আলপনার নকশা কখনো পোশাকের নেকলাইনে, বুকের অংশে, আবার কখনো হাতার প্রান্তে ফুটিয়ে তোলা হয়েছে। সালোয়ার-কামিজের নিচের অংশ ও ওড়নায় রয়েছে বিস্তৃত নকশা।

পুরুষদের পাঞ্জাবিতে আলপনার ব্যবহার তুলনামূলক মিনিমাল রাখা হয়েছে । ফলে ঐতিহ্যের ছোঁয়া থাকলেও পোশাকগুলো ভারী হয়ে ওঠেনি। পোশাকের ধরনেও রয়েছে বৈচিত্র্য।

নারীদের জন্য থ্রি পিস সালোয়ার-কামিজ, টু পিস, কুর্তি ও গাউন অনুপ্রাণিত আউটফিটের পাশাপাশি আছে লং কুর্তা ও বিভিন্ন কাটের উৎসবের পোশাক।

উজ্জ্বল লাল, কমলা, গোলাপি ও গাঢ় রঙের পোশাকগুলোয় রয়েছে উৎসবের আমেজ। আবার ধূসর, মাটি, হালকা সবুজ, সাদা ও বাদামির মতো শান্ত কালার প্যালেটও আছে  সংগ্রহে।

পূজার দিনের সকাল কিংবা পারিবারিক আয়োজনে সহজ-স্নিগ্ধ সাজের জন্য এসব পোশাক বেছে নেওয়া যেতে পারে।

কিশোরী ও তরুণীদের জন্য রয়েছে প্রাণবন্ত রং ও ছন্দময় নকশার পোশাক। কুর্তি, টু পিস ও সালোয়ার-কামিজে উৎসবের আমেজের সঙ্গে রাখা হয়েছে স্বাচ্ছন্দ্যের বিষয়টিও। বিশেষ করে তরুণীদের পোশাকে ঐতিহ্যবাহী নকশার সঙ্গে আধুনিক কাটের মেলবন্ধন চোখে পড়ে।প্রাপ্তবয়স্ক নারীদের জন্য রয়েছে তুলনামূলক পরিমিত ও মার্জিত নকশার পোশাক।

পুরুষদের সংগ্রহেও রয়েছে নানা ধরনের পাঞ্জাবি।  গোল গলার ছোট পাঞ্জাবির সঙ্গে ধুতি, পাঞ্জাবিতে নকশার সূক্ষ্ম ব্যবহার সবই ক্রেতাদের ভালো লাগবে।

গাঢ় লাল, মেরুন, নীল, সাদা, বাদামি, হলুদ ও মাটি রঙের পাশাপাশি রয়েছে হালকা রঙের পাঞ্জাবিও। তরুণদের জন্য উজ্জ্বল ও নকশাদার পোশাকের পাশাপাশি মধ্যবয়সী ও বয়োজ্যেষ্ঠদের জন্য রাখা হয়েছে সংযত রং ও সরল নকশার বিকল্প।

শিশুদের পোশাকেও রয়েছে একই পারিবারিক ভাবনা। সংগ্রহের শেষাংশে পরিবারের সদস্যদের একসঙ্গে উৎসবের পোশাকে উপস্থাপন করা হয়েছে। বয়সভেদে পোশাকের ধরন আলাদা হলেও নকশা ও রঙে রাখা হয়েছে সামঞ্জস্য। ফলে পরিবারের সদস্যরা আলাদা পোশাক পরেও সাজে একটি সুন্দর সামঞ্জস্য তৈরি করতে পারবেন।  উৎসবের দীর্ঘ সময়ের চলাফেরার কথা বিবেচনা করে আরামদায়ক কাট ও বাতাস চলাচল করতে পারে এমন কাপড় ব্যবহার করা হয়েছে।

ঐতিহ্যের পরিচিত নকশাকে সমকালীন পোশাকের সঙ্গে মিলিয়ে দেওয়াই টুয়েলভ ক্লদিংয়ের এবারের পূজা সংগ্রহের মূল ভাবনা। দক্ষিণ ভারতের কোলামের জ্যামিতিক সৌন্দর্য আর বাংলার আলপনার স্বাভাবিক রেখা—দুই ভিন্ন ঐতিহ্য এখানে পাশাপাশি এসেছে। আর বয়সের সীমারেখা পেরিয়ে নারী, পুরুষ ও শিশু—পরিবারের সবাইকে উৎসবের সাজে যুক্ত করার ভাবনাই সংগ্রহটিকে দিয়েছে আলাদা বৈশিষ্ট্য।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ৩৮
বিজ্ঞাপন