
বাংলাদেশের ছয়টি বিভাগের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে পোশাকের নকশায় তুলে ধরেছেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ফ্যাশন স্টাডিজ বিভাগের শিক্ষার্থী কে এম মাঈনুল হাসান। ‘বাংলাদেশ—আ ক্যানভাস অব ডিভিশনাল হেরিটেজ’ শিরোনামের এই সংগ্রহে স্থান পেয়েছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয়।


বাংলাদেশের প্রতিটি অঞ্চলের আছে নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। কোথাও স্থাপত্যশৈলী, কোথাও লোকজ শিল্প, আবার কোথাও কারুশিল্প ও বস্ত্রশিল্পের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে সেই পরিচয়। দেশের এই বৈচিত্র্যময় ঐতিহ্যকে সমসাময়িক ফ্যাশনের ভাষায় তুলে ধরার ভাবনা থেকেই তৈরি হয়েছে বিশেষ এই পোশাকের সংগ্রহ।
সংগ্রহটির অন্যতম বৈশিষ্ট্য হলো ছয়টি বিভাগের ভৌগোলিক মানচিত্রকে নকশার মূল ভিত্তি হিসেবে ব্যবহার করা। প্রতিটি বিভাগের মানচিত্রের ভেতরে সংশ্লিষ্ট অঞ্চলের ঐতিহাসিক নিদর্শন, ঐতিহ্যবাহী স্থাপত্য, সাংস্কৃতিক উপাদান ও আঞ্চলিক বৈশিষ্ট্য ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন নকশা ও মোটিফে।

যেমন ঢাকার জামদানি, সিলেটের মণিপুরি ঐতিহ্য, খুলনার নকশিকাঁথা এবং চট্টগ্রামের জ্যামিতিক নকশা। পাশাপাশি প্রতিটি অঞ্চলের নিজস্ব শিল্প ও কারুশিল্পের বৈশিষ্ট্যও জায়গা করে নিয়েছে পোশাকের নকশায়।
এভাবে প্রতিটি পোশাক হয়ে উঠেছে সংশ্লিষ্ট বিভাগের ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতিচ্ছবি। এখানে ঐতিহ্যকে কেবল পোশাকে ধারণ করাই মূল উদ্দেশ্য নয়; বরং আঞ্চলিক ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা রয়েছে।


প্রতিটি নকশার মধ্য দিয়ে যেন আলাদা আলাদা অঞ্চলের গল্প বলা হয়েছে। ঐতিহ্যের শিকড় ধরে রেখেই আধুনিক নকশার ছোঁয়ায় পোশাকগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে ভিন্নধর্মী নান্দনিকতা।
রঙের ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে বিশেষ ভাবনা। পুরো সংগ্রহে ধূসর ও সবুজ রঙের প্রাধান্য চোখে পড়ে।


বাংলাদেশের প্রকৃতি, মাটি ও ঐতিহ্যের সঙ্গে সংযোগ তৈরি করতেই এই রঙের ব্যবহার। আধুনিক পোশাকের সিলুয়েট, সৃজনশীল মোটিফ ও আঞ্চলিক বৈশিষ্ট্যের সমন্বয়ে প্রতিটি নকশায় তুলে ধরা হয়েছে দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য।
ছয়টি বিভাগের স্বতন্ত্র পরিচয়কে একটি অভিন্ন সৃজনশীল ভাবনায় একত্র করাই এই সংগ্রহের মূল দর্শন।


এখানে পোশাক শুধু পরার অনুষঙ্গ নয়, বরং দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গল্প বলার একেকটি ক্যানভাস। সমসাময়িক ফ্যাশনের সঙ্গে আঞ্চলিক ঐতিহ্যের সংযোগ ঘটিয়ে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরার প্রয়াসও রয়েছে এতে।
নিজের কাজের অনুপ্রেরণা প্রসঙ্গে কে এম মাঈনুল হাসান বলেন, ‘ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি আমার বরাবরই গভীর ভালোবাসা ও আকর্ষণ রয়েছে।


ঐতিহ্য নিয়ে কাজ করতে আমি সব সময় স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে শুধু ঐতিহ্যকে তুলে ধরাই নয়, ঐতিহ্যবাহী উপাদানের সঙ্গে আধুনিক পোশাকের সিলুয়েটের সমন্বয়ে নতুন কিছু সৃষ্টি করতেই বেশি ভালোবাসি। আমার এই ভালোবাসা ও সৃজনশীল ভাবনার প্রতিফলন ঘটেছে “বাংলাদেশ—আ ক্যানভাস অব ডিভিশনাল হেরিটেজ” সংগ্রহে। এর মাধ্যমে বাংলাদেশের আঞ্চলিক ঐতিহ্যকে সমসাময়িক ফ্যাশনের মধ্য দিয়ে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করেছি।’


ছয়টি বিভাগ, ছয়টি স্বতন্ত্র ঐতিহ্য, অথচ পরিচয় এক—বাংলাদেশ। এই ভাবনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে সংগ্রহটি। দেশের শিকড় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি সৃজনশীল শ্রদ্ধা জানানোর পাশাপাশি ফ্যাশনের মধ্য দিয়ে বাংলাদেশের বহুমাত্রিক পরিচয় তুলে ধরেছেন তরুণ এই ডিজাইনার।
ডিজাইনার: কে এম মাঈনুল হাসান
বিভাগ: ফ্যাশন স্টাডিজ