‘কালির দাগে ভরা প্রতিধ্বনি’: হারিয়ে যাওয়া চিঠির গল্প পোশাকে তুলে ধরলেন বিইউএফটির শিক্ষার্থী
শেয়ার করুন
ফলো করুন

সময় বদলেছে, বদলেছে মানুষের যোগাযোগের ধরনও। মুহূর্তেই এখন বার্তা পৌঁছে যায় মুঠোফোনের পর্দায়। তবু হাতে লেখা চিঠির আবেদন যেন সবকিছুর চেয়ে আলাদা। সেখানে থাকে অপেক্ষা, ব্যক্তিগত স্পর্শ আর মনের কথা ধরে রাখার এক মায়াময় ক্ষমতা। মাঈনুল হাসানের এই কালেকশনের অনুপ্রেরণাও সেই চিঠি।

কালেকশনটি একই সঙ্গে নস্টালজিক ও আধুনিক।
কালেকশনটি একই সঙ্গে নস্টালজিক ও আধুনিক।

পুরোনো কাগজের টেক্সচার, বিবর্ণ কালির দাগ, খাম, স্ট্যাম্প আর হাতে লেখা ক্যালিগ্রাফিই তাঁর নকশার মূল উপাদান।

কালেকশনের অন্যতম আকর্ষণ হাতে লেখা বাংলা অক্ষরের গ্রাফিক। পুরোনো চিঠির মতো দেখতে বেজ ও অফ–হোয়াইট টোনের কাপড়ের ওপর কালো কালিতে লেখা অক্ষর কখনো পুরো পোশাকে ছড়িয়ে গেছে, কখনো নির্দিষ্ট অংশে তৈরি করেছে আলাদা নকশা। ফলে পোশাকগুলো দূর থেকে দেখলেও মনে হয় যেন কোনো পুরোনো চিঠির পাতা।

রঙের ব্যবহারে রাখা হয়েছে পুরোনো কাগজের আবহ। অফ–হোয়াইট, ক্রিম, বেজ ও মাটির কাছাকাছি টোনের সঙ্গে কালো লেখার কন্ট্রাস্ট তৈরি করেছে ভিজ্যুয়াল আবেদন। এর মধ্যে লাল, নীল ও সাদা রঙের সরু স্ট্রাইপ, দড়ি ও ট্যাসেলের ডিটেইল যোগ করেছে প্রাণবন্ততা।

এসব রঙের ব্যবহার পোশাকের নকশায় চিঠির খাম, ডাকটিকিট কিংবা ডাক বিভাগের স্মৃতিকে খানিকটা মনে করিয়ে দেয়।

বিজ্ঞাপন

চিঠির আবহ ফুটিয়ে তোলার পাশাপাশি কাট-প্যাটার্নের কাজেও এই কালেকশনে নিজের মুনশিয়ানার পরিচয় দিয়েছেন নকশাকার।

পুরুষদের পোশাকে দেখা যাচ্ছে , সাদা ও অফ-হোয়াইটের সরল সিলুয়েট। সাদা পাঞ্জাবি বা কুর্তার সঙ্গে কোথাও দীর্ঘ বেজ ওভারলে বা লেয়ার যুক্ত হয়েছে। সেই লম্বা লেয়ারের পুরোটাজুড়ে ছাপা হয়েছে হাতে লেখা অক্ষর। আবার অন্য একটি লুকে বেজ রঙের শার্টের এক পাশজুড়ে চিঠির লেখার মতো প্রিন্ট রাখা হয়েছে।

সাদা প্যান্টের নিচের অংশে লাল ও নীল স্ট্রাইপের ব্যবহার পুরুষদের পোশাকে এনেছে আলাদা আবেদন। কোথাও ঝুলন্ত দড়ির মতো ডিটেইলও দেখা যাচ্ছে, যা পুরো নকশাকে আরও পরীক্ষাধর্মী করেছে।

বিজ্ঞাপন

নারীদের পোশাকেও একই গল্প ধরা দিয়েছে ভিন্ন ভিন্ন সিলুয়েটে। বেজ টপের সঙ্গে সাদা প্যান্ট বা পালাজ্জো ধরনের বটমে চিঠির লেখার প্রিন্ট দেখা যাচ্ছে।

কোনো পোশাকে আবার সাদা বডির ওপর বেজ অংশ যুক্ত হয়েছে, সঙ্গে রয়েছে লাল, নীল ও সাদা ট্যাসেল। একটি লুকে ভলিউমিনাস হাতার সাদা টপের সঙ্গে চিঠির লেখায় ভরা লম্বা বেজ লেয়ার তৈরি করেছে নাটকীয়তা।

অন্যদিকে অফ শোল্ডার বেজ টপের সঙ্গে সাদা স্কার্টে লাল ও নীল রেখার ব্যবহার পোশাকটিকে দিয়েছে আধুনিক আবেদন।

অ্যাকসেসরিজেও থিমের ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। লাল, নীল ও সাদা রঙের সুতা দিয়ে তৈরি ঝুল, ট্যাসেল ও বিনুনি করা দড়ির ব্যবহার পোশাকের সঙ্গে অলংকারের মতো মিশে গেছে। কোথাও কানে দেখা যাচ্ছে একই রঙের দুল, হাতে রঙিন চুড়ি। চুলেও একই রঙের বিনুনি করা ফিতা বা দড়ির ব্যবহার পুরো লুককে একসূত্রে বেঁধেছে। ফলে পোশাকের বাইরেও চিঠির আবহ ছড়িয়ে পড়েছে স্টাইলিংয়ে।

এই কালেকশনের বিশেষত্ব শুধু হাতে লেখা অক্ষরের ব্যবহারে নয়; বরং চিঠিকে একটি পরিধানযোগ্য স্মৃতি হিসেবে ভাবার মধ্যেও। কখনো পোশাকে ফুটে উঠেছে ভালোবাসা ও স্নেহের অনুভূতি, কখনো অপেক্ষা, বিচ্ছেদ কিংবা স্মৃতিচারণার আবহ। পোশাকের লেয়ার, অ্যাসিমেট্রিক কাট ও প্রিন্টের ব্যবহার সেই আবেগকে আরও দৃশ্যমান করেছে।

ঐতিহ্য থেকে অনুপ্রেরণা নিলেও সিলুয়েটগুলো পুরোপুরি অতীতনির্ভর নয়। সাদা প্যান্ট, আধুনিক কাটের টপ, লেয়ারিং, অফ শোল্ডার নেকলাইন ও পরীক্ষাধর্মী ডিটেইলের মাধ্যমে সমকালীন ফ্যাশনের সঙ্গে চিঠির পুরোনো জগতের মেলবন্ধন ঘটানো হয়েছে। তাই কালেকশনটি একই সঙ্গে নস্টালজিক ও আধুনিক।

মাঈনুল হাসান
মাঈনুল হাসান

মাঈনুল হাসানের ভাষায়, এই সংগ্রহের প্রতিটি পোশাক বহন করে গল্প ও লুকানো আবেগ। ‘কালির দাগে ভরা প্রতিধ্বনি’ তাই কেবল একটি ফ্যাশন থিম নয়; বরং হারিয়ে যেতে বসা একধরনের মানবিক যোগাযোগকে নতুন করে দেখার প্রয়াস। কাগজের চিঠি হয়তো আজ বিরল, কালি হয়তো সময়ের সঙ্গে ফিকে হয়ে যায়; কিন্তু তার ভেতরে জমে থাকা অনুভূতিগুলো থেকে যায়। সেই অনুভূতিকেই পোশাকের ভাঁজে, অক্ষরে ও রঙে নতুন জীবন দিয়েছেন এই তরুণ ডিজাইনার।

ডিজাইনার: কে এম মাঈনুল হাসান
বিভাগ: ফ্যাশন স্টাডিজ, বিইউএফটি
কোর্স: ফ্যাশন কালেকশন ডেভেলপমেন্ট স্টুডিও
থিম: ‘কালির দাগে ভরা প্রতিধ্বনি’
অনুপ্রেরণা: চিঠি/পত্র

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৬: ০০
বিজ্ঞাপন