বৈশাখী মেলা ও শিল্পের অনুপ্রেরণায় রঙ বাংলাদেশের বিশেষ সংগ্রহ
শেয়ার করুন
ফলো করুন

পয়লা বৈশাখ এলেই ছোট-বড় নির্বিশেষ, সবাই যেন নিজেদের গায়ে মেখে নিতে চায় উৎসবের রং। আর এই আনন্দের মুহূর্তকে সামনে রেখে দেশীয় ফ্যাশন হাউসগুলোও ব্যস্ত হয়ে ওঠে—নতুন সংগ্রহ সাজানো, ক্রিয়েটিভ আইডিয়া খোঁজা এবং নববর্ষের আবহকে কাপড়ে ফুটিয়ে তোলার প্রস্তুতিতে। সেই ধারাবাহিকতায় পিছিয়ে নেই দেশীয় ফ্যাশন হাউস রঙ বাংলাদেশও। পয়লা বৈশাখের জন্য নতুন কালেকশন নিয়ে হাজির হয়েছে ব্র্যান্ডটি।

বাংলা নববর্ষ মানেই নতুনকে বরণ করা, পুরনোকে বিদায় বলা এবং নিজেদের সংস্কৃতির রঙে আবার নতুন করে রাঙিয়ে নেওয়া। এই আবহকে সঙ্গে নিয়েই কালেকশনটি সাজানো হয়েছে। দেশের পোশাকে দেশের উৎসব—এই ভাবনাকে সামনে রেখেই রঙ বাংলাদেশের আয়োজন ‘রঙে রঙে বৈশাখ’।

বিজ্ঞাপন

বসন ও সামগ্রীতে বাঙালির উৎসব, শিল্প, ঐতিহ্য এবং সমকালীন ফ্যাশনের এক রঙিন মেলবন্ধন তৈরি করেছে এই সংগ্রহ।

বাংলা নববর্ষের আবহকে নান্দনিকভাবে ফুটিয়ে তুলতে এবারের বৈশাখী সংগ্রহ সাজানো হয়েছে দুটি বিশেষ থিমে—‘বৈশাখী মেলা’ এবং শিল্পগুরু সফিউদ্দিন আহমেদের শিল্পকর্ম। এই দুই থিমের মাধ্যমে বাংলা নববর্ষের প্রাণময় আবহ, লোকজ ঐতিহ্য এবং শৈল্পিক ভাবনাকে পোশাকের নকশায় তুলে ধরা হয়েছে।

বৈশাখী মেলা থিম থেকে অনুপ্রাণিত সংগ্রহে উঠে এসেছে বাংলার গ্রাম্য মেলার প্রাণবন্ত রং। লোকজ মোটিফ, উজ্জ্বল কালার প্যালেট এবং ঐতিহ্যবাহী নকশার সমন্বয়ে তৈরি পোশাকগুলো যেন মেলার সেই রঙিন দৃশ্যকে পরিধানের মধ্যেই ধারণ করে।

বিজ্ঞাপন

অন্যদিকে শিল্পগুরু সফিউদ্দিন আহমেদের শিল্পকর্ম অনুপ্রাণিত বিশেষ প্রোডাক্ট লাইনে আছে তাঁর সূক্ষ্ম রেখা, সৃজনশীল বিন্যাস এবং ঐতিহ্যের গভীরতা। শিল্পের ভাবনা এবং ফ্যাশনের নান্দনিকতার মেলবন্ধনে তৈরি এই সংগ্রহ পোশাকের মধ্যেই তুলে ধরে শিল্প ও সংস্কৃতির এক অনন্য সংলাপ।

রঙ বাংলাদেশের বৈশাখ আয়োজনের অন্যতম আকর্ষণ ফ্যামিলি ম্যাচিং পোশাক। বাবা-মা-ছেলে-মেয়েসহ পুরো পরিবার একই রঙ ও থিমে নিজেদের সাজিয়ে নিতে পারবে বৈশাখের আনন্দে।

কাপল, ডুয়েট কিংবা ফ্যামিলি সিরিজের এই পোশাক পরিবারের সবাইকে একসাথে রাঙিয়ে তুলে উৎসবকে করে তুলবে আরও প্রাণবন্ত। এছাড়া, এই বৈশাখী সংগ্রহ কর্পোরেট অনুষ্ঠান, অফিস প্রোগ্রাম কিংবা যেকোনো বৈশাখী আয়োজনে ব্যবহারযোগ্য।

বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক বা প্রাতিষ্ঠানিক আয়োজনে এই পোশাকগুলো এনে দেবে ঐতিহ্যের রঙিন আবহ। হোলসেল সংগ্রহের সুবিধাও রয়েছে। ‘রঙে রঙে বৈশাখ’ সংগ্রহে রয়েছে শাড়ি, পাঞ্জাবি, কামিজ,  সিঙ্গেল কামিজ, টি-শার্ট, ফ্রকসহ স্টিচ -আনস্টিচ নানা ধরনের পোশাক। গরমের আবহ বিবেচনায় আরামদায়ক কাপড় এবং উজ্জ্বল রঙের সমন্বয়ে ডিজাইন করা হয়েছে প্রতিটি পণ্য, যাতে নববর্ষের দিনটি হয়ে ওঠে স্বাচ্ছন্দ্যময় ।

রঙ বাংলাদেশের বৈশাখ সংগ্রহ সারা দেশের ১৯টি আউটলেট থেকে পাওয়া যাবে। পাশাপাশি অনলাইনে দেশের যেকোনো প্রান্ত থেকে কেনাকাটা করা সম্ভব। ওয়েবসাইট এবং অফিশিয়াল ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারবেন পণ্য ।

ঐতিহ্যের গর্ব, শিল্পের অনুপ্রেরণা এবং উৎসবের রং —সব মিলিয়ে রঙ বাংলাদেশ আমন্ত্রণ জানাচ্ছে দেশীয় পোশাকে বাঙালির সবচেয়ে প্রিয় উৎসবকে উদ্‌যাপন করতে।

ছবি: রঙ বাংলাদেশে

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১১: ০৫
বিজ্ঞাপন