
সেলফির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে, যা নির্দিষ্ট একটি সময়কে তুলে করে। চলতি শতাব্দীর শুরুর দশকে যেমন ‘ডাক ফেস’ ছিল আত্মপ্রকাশের সবচেয়ে জনপ্রিয় ভাষা, ঠিক তেমনি আজকের দিনে সেই জায়গা দখল করছে নতুন এক এক্সপ্রেশন বা অভিব্যক্তি—‘জেন জি পাউট’। তবে এটি কেবল একটি ভঙ্গি নয়; বরং একটি পুরো প্রজন্মের মানসিকতা, দৃষ্টিভঙ্গি এবং আত্মবিশ্বাসের প্রতিফলন।

জেন জি পাউট মূলত এমন একটি সেলফি এক্সপ্রেশন, যেখানে ঠোঁটের ওপরের অংশকে সামান্য উঁচু করে তোলা হয়, আর নিচের ঠোঁটকে হালকা ভেতরের দিকে টেনে রাখা হয়। মুখের কোণে থাকে এক ধরনের নির্লিপ্ততা—বরং না হাসি, না রাগ; এই দুইয়ের মাঝামাঝি এক অভিব্যক্তি।
এই পাউটের সঙ্গে প্রায়ই যুক্ত হয় ‘জেন জি স্টেয়ার’—অর্থাৎ ধরনের ফাঁকা, কিছুটা উদাসীন দৃষ্টি। দুটো একসঙ্গে মিলেই তৈরি হয় এমন এক লুক, যা একই সঙ্গে সচেতন, নিয়ন্ত্রিত এবং আত্মবিশ্বাসী।
ডাক ফেসের সময়টা ছিল সোশ্যাল মিডিয়ার শুরুর যুগ—যেখানে সবাই চেয়েছিল নজরে আসতে, লাইক পেতে, নিজের উপস্থিতি জোরালো করতে। সেই সময়ের জনপ্রিয় মুখদের মধ্যে ছিলেন ম্যারি কেট ওলসেন ও অ্যাশলে ওলসেন। যাদের স্টাইল অনুকরণ করেই অনেকেই এই ট্রেন্ডে অভ্যস্ত হয়েছিলেন।
কিন্তু জেন জি পাউট ঠিক উল্টো দিকের গল্প বলে। এখানে অতিরঞ্জন নেই, আছে সংযম। এখানে ‘দেখো আমাকে’ নয়, বরং ‘আমি জানি তুমি দেখছো’—এই আত্মসচেতনতা।
এই পরিবর্তন আসলে সোশ্যাল মিডিয়ার বিবর্তনের সঙ্গেও জড়িত। এখনকার প্রজন্ম জানে, ক্যামেরা সব সময়ই উপস্থিত, দর্শক সব সময়ই আছে। তাই তারা নিজেদের উপস্থাপন করে অনেক বেশি সচেতনভাবে—একটু দূরত্ব রেখে, নিজের নিয়ন্ত্রণের মধ্যে।
বর্তমানে এই পাউট জনপ্রিয় হয়ে উঠেছে অনেক তরুণ তারকার মধ্যে—যেমন লিলি রোজ ডিপ, র্যাচেল সেনট ও আরিয়ানা গ্রিনব্লাট।
তাদের ছবিতে আমরা দেখি, পাউটটি কখনোই জোর করে করা নয়; বরং এটি যেন স্বাভাবিক, প্রায় অচেতন একটি অভিব্যক্তি। এই ‘এফোর্টলেস’ অনুভূতিই জেন জি পাউটকে আলাদা করে তোলে।
পাশাপাশি, টিকটক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মেও এই ট্রেন্ড দ্রুত ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ভিডিও কনটেন্টে এই পাউট ব্যবহার করে তৈরি হচ্ছে নানা ধরনের ট্রেন্ড, চ্যালেঞ্জ এবং স্টাইল স্টেটমেন্ট।

জেন জি পাউটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো—এটি বর্তমান বিউটি স্ট্যান্ডার্ডের প্রতি এক ধরনের চ্যালেঞ্জ।
আজকের সময়ে ‘প্লাম্প লিপ’ বা ভরাট ঠোঁট অনেক সময় ফিলার বা কসমেটিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। জেন জি পাউট সেই একই ভিজ্যুয়াল ইফেক্টকে ব্যবহার করলেও, সেটিকে এক ধরনের ব্যঙ্গাত্মক ও সচেতন ভঙ্গিতে উপস্থাপন করে।
অর্থাৎ, এটি নিখুঁত সৌন্দর্যকে অন্ধভাবে অনুসরণ করে না—বরং সেটিকে নিজের মতো করে ভিন্ন ভিন্ন অভিব্যক্তির মাধ্যমে প্রকাশ করে।

ফিল্টার-নির্ভর এই যুগে বাস্তবতা ও ভার্চুয়াল ইমেজের মধ্যে পার্থক্য অনেকটাই ঝাপসা হয়ে গেছে। জেন জি পাউট সেই বাস্তবতাকেই নতুনভাবে তুলে ধরে।
অনেকের মতে এখানে একটি দ্বৈততা কাজ করে। একদিকে রয়েছে নিখুঁতভাবে সাজানো একটি ফ্রেম, অন্যদিকে রয়েছে এক ধরনের নির্লিপ্ততা, যেন সবকিছু খুব সিরিয়াস নয়।
সমালোচকদের মতে, এই দ্বৈততাই হয়তো জেন জি-র সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তারা একই সঙ্গে সচেতন, আবার নিরাসক্ত; একই সঙ্গে কিউরেটেড, আবার স্বাভাবিক।

অনেকে মনে করতে পারেন, জেন জি পাউট কেবলই একটি সাময়িক ট্রেন্ড, যা সময়ের সঙ্গে মিলিয়ে যাবে। কিন্তু এর ভেতরে যে মানসিকতা কাজ করছে, সেটি অনেক গভীর।
ডাক ফেস যেখানে ছিল বাইরের স্বীকৃতির ওপর নির্ভরশীল, সেখানে জেন জি পাউট অনেক বেশি আত্মনির্ভর। এটি অন্যকে ইমপ্রেস করার জন্য নয়, বরং নিজের অবস্থানকে বোঝানোর জন্য।
এই দৃষ্টিকোণ থেকে দেখলে, এটি শুধু একটি ফ্যাশন নয়—বরং একটি সাংস্কৃতিক পরিবর্তনের প্রতীক।
ফ্যাশন সব সময়ই সময়ের গল্প বলে—কখনো পোশাকে, কখনো রঙে, আবার কখনো শুধুই একটি অভিব্যক্তিতে। ‘জেন জি পাউট’ সেই গল্পেরই নতুন অধ্যায়, যেখানে স্টাইল মানে শুধু সুন্দর দেখানো নয়, বরং নিজের ভেতরের অবস্থানকে প্রকাশ করা।
আজকের প্রজন্ম জানে, তারা কীভাবে নিজেকে উপস্থাপন করতে চায়। আর সেই উপস্থাপন—হোক তা একটি সামান্য ঠোঁটের ভঙ্গি—তবুও সেটিই হয়ে উঠছে তাদের সবচেয়ে শক্তিশালী স্টাইল স্টেটমেন্ট।
সূত্র: নিউইয়র্ক টাইম ও দা গার্ডিয়া
ছবি: তারকাদের ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্ট