
গেমটির কাল্পনিক শহর ভাইস সিটির চরিত্র, পোশাক, স্টাইল স্টেটমেন্ট ও লাক্সারি অ্যাকসেসরিজ এখন গেমিংয়ের গণ্ডি পেরিয়ে জায়গা করে নিয়েছে ফ্যাশন দুনিয়াতেও। নিজের পছন্দমতো চরিত্র সাজানো থেকে শুরু করে বাস্তবের ফ্যাশন ব্র্যান্ডের সঙ্গে নানা আয়োজন। সব মিলিয়ে জিটিএ ৬ হয়ে উঠছে ফ্যাশনপ্রেমীদের নতুন ভার্চুয়াল ঠিকানা।

দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার পর রকস্টার গেমসের বহুল প্রতীক্ষিত এই গেম ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে। মায়ামি শহরের আদলে তৈরি কাল্পনিক অঙ্গরাজ্য লিওনিডার অংশ ভাইস সিটি। রোদঝলমলে সমুদ্রসৈকত, নীয়ন আলোয় সাজানো রাতের শহর, বিলাসবহুল জীবনযাপন আর বিচিত্র সব চরিত্র। সব মিলিয়ে শহরটির রয়েছে নিজস্ব স্টাইল। তবে জিটিএ ৬-এ ফ্যাশন কেবল চরিত্রের বাহ্যিক সাজ নয়, বরং নিজের রুচি ও ব্যক্তিত্ব প্রকাশেরও একটি মাধ্যম।

গেমের দুই প্রধান চরিত্র লুসিয়া কামিনোস ও জেসন ডুভালের পোশাকেই ফুটে উঠেছে ভাইস সিটির ফ্যাশন ভাবনা। এই ফ্র্যাঞ্চাইজির প্রথম নারী প্রধান চরিত্র লুসিয়ার স্টাইলে রয়েছে আধুনিক স্ট্রিটওয়্যারের ছাপ। কখনো স্পোর্টি টপস, কখনো ফিটেড পোশাক, আবার কখনো পার্টি লুক। সব মিলিয়ে তাঁর ওয়ার্ডরোবে রয়েছে বৈচিত্র্য।
অন্যদিকে জেসনের পোশাকে প্রাধান্য পেয়েছে ফ্লোরিডার অবকাশযাপনের আমেজ। ট্রপিক্যাল প্রিন্টের শার্ট, আরামদায়ক টপস ও ঢিলেঢালা ট্রাউজারে তাঁর সাজ বেশ আরামদায়ক। দুই চরিত্রের পোশাকেই ধরা পড়েছে ভাইস সিটির দুটি আলাদা দিক। একদিকে সমুদ্রসৈকতের আরামদায়ক ফ্যাশন, অন্যদিকে রাতের শহরের জমকালো পার্টি লুক।

তবে শুধু চরিত্রদের সাজ দেখেই থেমে থাকতে হবে না খেলোয়াড়দের। নিজের পছন্দমতো পোশাক, জুতা, হেয়ারস্টাইল ও ট্যাটু বেছে নিয়ে চরিত্রকে সাজানোর সুযোগও গেমটির অন্যতম আকর্ষণ। ভার্চুয়াল দুনিয়ায় কেউ হয়তো বেছে নেবেন স্টাইলিশ বাইকার জ্যাকেট ও স্টিলেটো বুট, কেউ আবার পছন্দ করবেন ট্রেন্ডি স্ট্রিটওয়্যার কিংবা লাক্সারি লুক।

এমনকি গেমে অর্থ উপার্জনের উদ্দেশ্যও কারও কারও কাছে হতে পারে নতুন পোশাক ও অ্যাকসেসরিজ কেনা। অর্থাৎ, শুধু মিশন শেষ করা বা অপরাধজগতের নানা অভিযান নয়, ভার্চুয়াল ওয়ারড্রোব সাজানোও হয়ে উঠতে পারে বিনোদনের বড় অংশ।
লিওনিডার বিভিন্ন জায়গায় পোশাক, জুতা ও গয়নার দোকান থাকার কথাও উঠে এসেছে। এসব সুযোগ থাকলে খেলোয়াড়েরা নিজেদের পছন্দ অনুযায়ী চরিত্রের লুক নিয়ে আরও বেশি পরীক্ষা-নিরীক্ষা করতে পারবেন।

লাক্সারি ফ্যাশন, তারকাদের জীবনযাপন কিংবা নামীদামি ব্র্যান্ডের প্রতি আকর্ষণ প্রতিটি মানুষের। তবে এসব বিষয় নিয়ে ব্যঙ্গ করতে ভালোবাসে ‘গ্র্যান্ড থেফট অটো’ সিরিজ। এবারও তার ব্যতিক্রম হয়নি। জিটিএ ৬-এর আগাম প্রকাশিত বিভিন্ন ছবিতে এমন কিছু ব্যাগ, পোশাক ও অ্যাকসেসরিজ দেখা গেছে, যেগুলোর নকশায় বাস্তবের পরিচিত লাক্সারি পণ্যের ছাপ রয়েছে।

বার্কিন ব্যাগের মতো দেখতে হ্যান্ডব্যাগ, লোগোযুক্ত ট্র্যাকস্যুট প্যান্ট কিংবা নজরকাড়া স্টেটমেন্ট ঘড়ি। এসব স্টাইল ইতিমধ্যে ফ্যাশনপ্রেমীদের কৌতূহল তৈরি করেছে। তবে এগুলো সংশ্লিষ্ট ব্র্যান্ডের সঙ্গে আনুষ্ঠানিক কোলাবরেশনের বিষয়ে কেউ স্পস্ট ভাবে কিছু জানায় নি। বরং অনেকের মতে পরিচিত লাক্সারি পণ্যের আদলে তৈরি কাল্পনিক ডিজাইনের মাধ্যমে ব্র্যান্ডনির্ভর ফ্যাশন সংস্কৃতিকে ব্যঙ্গ করা হয়েছে।

এই উপস্থাপনার বিশেষত্বও এখানেই। গেমটি একদিকে যেমন দামি পোশাক ও অ্যাকসেসরিজের চাকচিক্য তুলে ধরছে, অন্যদিকে বিলাসবহুল ব্র্যান্ডের লোগো ও সামাজিক অবস্থান নিয়ে মানুষের মোহকেও প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে।

ভিডিও গেমে ফ্যাশন ব্র্যান্ডের উপস্থিতি অবশ্য নতুন নয়। আগের ‘জিটিএ ৫’ গেমে সিভিলিস্ট, মিসবিহেভ ও বর্ন অ্যান্ড রেইজড-এর মতো বাস্তব স্ট্রিটওয়্যার ব্র্যান্ডের পোশাক পরার সুযোগ ছিল। শুধু জিটিএ নয়, অন্যান্য জনপ্রিয় গেমের সঙ্গেও যুক্ত হয়েছে নামী ফ্যাশন হাউস।
ব্যলেন্সিয়াগা সহযোগিতা করেছে ফোর্টনাইট-এর সঙ্গে, লুই ভিতঁ যুক্ত হয়েছে লিগ অব নিজেন্ড-এর সঙ্গে, আর বারবেরি কাজ করেছে রোব্লক্স-এর সঙ্গে। এসব আয়োজনের মাধ্যমে গেমিংয়ের ভার্চুয়াল চরিত্রও হয়ে উঠছে ফ্যাশন ব্র্যান্ডের নতুন প্রদর্শনীমাধ্যম। কারণ, নিজের পছন্দমতো সাজানো ডিজিটাল চরিত্রের মাধ্যমেও ব্যক্তিগত রুচি প্রকাশ করতে পারেন খেলোয়াড়েরা।

জিটিএ ৬-কে ঘিরেও বাস্তবের ফ্যাশন দুনিয়ায় শুরু হয়েছে নানা আয়োজন। লন্ডনের বিখ্যাত ডিপার্টমেন্ট স্টোর সেলফ্রিজেসে চালু হয়েছে গেমটির থিমে একটি বিশেষ পপ-আপ। সেখানে রয়েছে ৬০টি পণ্যের মার্চেন্ডাইজ কালেকশন। ভাইস সিটির আবহে তৈরি টি-শার্ট, কি-চেইন ও ভার্সিটি জ্যাকেটের পাশাপাশি রাখা হয়েছে গেমের কাল্পনিক সুপারকারের আদলে তৈরি একটি গাড়িও।
এ ছাড়া ট্রাভিস স্কটকে ঘিরে নাইকির সঙ্গে জিটিএ ৬-থিমের এয়ার ফোর্স স্নিকার সহযোগিতাও আলোচনায় এসেছে। রকস্টার গেমসের ওয়েবসাইটে বিক্রি হওয়া একটি মার্চেন্ডাইজ বক্সে দেখা গেছে ওকলির রিফ্লেকটিভ নীল লেন্সের সানগ্লাস। এসব আয়োজন থেকেই বোঝা যায়, গেমটির ফ্যাশন ভাবনা এখন আর শুধু পর্দার ভেতর আটকে নেই।

বাস্তব জীবনে পোশাকের মাধ্যমে মানুষ যেমন নিজের রুচি, ব্যক্তিত্ব ও পছন্দ প্রকাশ করেন, ডিজিটাল দুনিয়াতেও একই প্রবণতা দেখা যাচ্ছে। গেমের চরিত্র বা ডিজিটাল অ্যাভাটারকে নিজের পছন্দমতো সাজানো এখন অনেকের কাছে বিনোদনের পাশাপাশি আত্মপ্রকাশেরও একটি উপায়। কেউ পছন্দ করেন স্ট্রিটওয়্যার, কেউ লাক্সারি ফ্যাশন, আবার কেউ বেছে নেন একেবারেই ভিন্নধর্মী স্টাইল।
বিশেষ করে নতুন প্রজন্মের কাছে এই প্রবণতা বেশ পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের লুক তুলে ধরা থেকে শুরু করে গেমের চরিত্র সাজানো। সব ক্ষেত্রেই ব্যক্তিগত স্টাইল গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জিটিও ৬ সেই অভিজ্ঞতাকে আরও বড় পরিসরে নিয়ে যাচ্ছে।

সবাই যে এখন থেকে লুসিয়ার মতো পোশাক পরবেন কিংবা ট্রপিক্যাল শার্টে শহর মাতাবেন, তা নয়। তবে গেমটি ফ্যাশনপ্রেমীদের জন্য তৈরি করছে নতুন এক ভার্চুয়াল জগৎ, যেখানে নিজের পছন্দমতো পোশাক, জুতা ও অ্যাকসেসরিজ বেছে নেওয়া যাবে। আর এ কারণেই কারও কাছে জিটিএ ৬-এর সবচেয়ে বড় আকর্ষণ হয়তো রোমাঞ্চকর মিশন নয়, বরং পছন্দের চরিত্রকে নিজের মতো করে সাজানোর স্বাধীনতা।
ভাইস সিটিতে তাই ফ্যাশন শুধু গেমের একটি অনুষঙ্গ নয়, বরং পুরো অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ অংশ। এখানে ভার্চুয়াল দুনিয়াতেও স্টাইলের কোনো সীমাবদ্ধতা নেই।