
গুচি থেকে শুরু করে সাঁ লোর—নামীদামি ফ্যাশন ব্র্যান্ডগুলোয় এখনকার ট্রেন্ডের তালিকায় শীর্ষের দিকে আছে কাট-আউট ড্রেস। ২০২১ স্প্রিং-সামার ও ফল-উইন্টার ফ্যাশন উইকে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো সরবে উপস্থাপন করে নানা প্যাটার্নের কাট-আউট ডিজাইনে তৈরি পোশাক। আর একইভাবে ২০২২-এও ছিল এই পোশাকের রমরমা। ষাটের দশকেও বেশ জনপ্রিয় ছিল পোশাকে কাট-আউট নকশা। শিল্পী ব্রিজিত রাইলির মতো শিল্পীদের হাত ধরে এ সময় পাশ্চাত্য দুনিয়ায় অপ-আর্ট বা অপটিক্যাল আর্ট মুভমেন্ট শুরু হয়। তখন তিনি কাট-আউটের ধারণা চালু করেছিলেন। তখন যেকোনো ধরনের কাট-আউট পোশাকে জ্যামিতিক আকৃতি বা একেবারেই অনিয়মিত র্যান্ডম শেপের খালি জায়গা রাখা হতো।

আবারও এই ২০২২ সালে এসে এই ট্রেন্ডের পুনরুত্থানে বেলা হাদিদ, কেন্ডাল জেনার ও ডুয়া লিপার মতো সুপার মডেলদের এ ধরনের কাট-আউট পোশাকে দেখা গিয়েছে। উল্লেখ্য, এ বছর রানওয়েতে উপস্থিত বেশির ভাগ প্লাস-সাইজ মডেল কাট-আউট পোশাক পরেন। তরুণ ডিজাইনাররা সব ধরনের শারীরিক গড়নের জন্য মানাসই কাট-আউট ডিজাইন নিয়ে কাজ করছেন।
আমাদের দেশে এই পোশাকের ট্রেন্ড পুরোদস্তুর শুরু না হলেও প্রতিবেশী দেশ ভারতের তারকাদের পছন্দের তালিকার শীর্ষে বলা চলে কাট-আউট পোশাক। সব রঙের কাট-আউট ড্রেস দেখা গেলেও কালো রঙের দিকে একটু বেশি পক্ষপাতিত্ব রয়েছে তাঁদের।
ভারতীয় সেলিব্রিটি ফ্যাশন স্টাইলিস্ট আয়েশা দেশমুখ, কাট-আউট পোশাক স্টাইল করার ব্যাপারে কিছু পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, নিজের স্বস্তির কথা ভেবে সে অনুযায়ী এটি পরা উচিত। একটি কাট-আউট পোশাক এমনভাবে স্টাইল করতে হবে, যাতে শরীরের একটি বা দুটি অংশ পুরোপুরি দৃশ্যমান হয়। অবশ্যই নিজের পছন্দ, মুড ও অনুষ্ঠানের ধরনের ওপর নির্ভর করবে কাট-আউট পোশাকের স্টাইলিং। এবারে কাট-আউট ট্রেন্ডপ্রেমী বলিউড সুন্দরীদের কিছু আলোচিত ড্রেসের ব্যাপারে জানা যাক।

এ তারকা অভিনেত্রীর লাল সিল্ক-শিফনের কাট-আউট গাউনটি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড আদনেভিকের। রাফল দেওয়া, হলটার নেক আর অসম হেমলাইনের ড্রেসটির সঙ্গে তিনি পরেন একই রঙের স্ট্র্যাপ দেওয়া স্টিলেটো হিলস। বাড়তি কোনো অলংকার না পরেও এলিগ্যান্ট লুক ফুটিয়ে তুলতে তিনি দুই হাতে পরেন আংটি। উঁচু করে চুল টেনে খোঁপা আর লাল লিপস্টিকে অনন্যাই লাগছে অনন্যা পান্ডেকে।
কিছুদিন আগেই এই জনপ্রিয় নায়িকাকে দেখা যায় একটি অনুষ্ঠানে কাট-আউট করা কালো পোশাকে। সেলিব্রিটি স্টাইলিস্ট মেগান কনসেসিওর স্টাইলিংয়ে তিনি এই কাট-আউট ড্রেসের সঙ্গে পরেন পয়েন্টেড টো পাম্প।

ফ্যাশন দুনিয়ায় বেশ নামডাক বলিউড তারকা কিয়ারা আদভানির। আজকাল প্রায়ই তাঁকে বেছে নিতে দেখা যাচ্ছে বিভিন্ন স্টাইলের কাট-আউট পোশাক। এই অভিনেত্রী কিছুদিন আগে একটি ইভেন্টে পরেন কালো কাট-আউট গাউন। লন্ডনের ডিজাইন ব্র্যান্ড গ্যালভানের ইউ নেকলাইন ও কালো স্প্যাগেটি স্ট্র্যাপ দেওয়া বডিকন স্ক্যালপড কাট-আউট ড্রেসে কিয়ারাকে লাগছে অত্যন্ত আকর্ষণীয়। সঙ্গে তিনি পরেন এমবেলিশ করা হাইহিল। গলা বা কানে নেই কোনো বাড়তি গয়না ছিল না। শুধু ছিল আংটি। স্টাইলিংয়ের মধ্যে চুলে হালকা কার্ল, মাস্কারা, গোলাপি ব্লাশ ও উজ্জ্বল হাইলাইটার বেছে নেন।
আরেকটি অনুষ্ঠানে কিয়ারা পরেন লাল কাট-আউট ড্রেস। স্লিভলেস শর্ট লাল গাউনটি আলিনা আনোয়ারের। উপরের জ্যাকেটটি ইন্টারন্যাশনাল ডিজাইনার অ্যালেক্স পেরির। সঙ্গে পরেন ক্রিশ্চিয়ান লুবোটিনের পাম্প। নেটপাড়ায় বেশ ভাইরাল হয় দৃষ্টিকাড়া ছবিগুলো।

অমি প্যাটেলের স্টাইলিংয়ে তারকা অভিনেত্রী সারা আলী খানের এই লুক ভক্তদের রীতিমতো নাড়িয়ে দিয়েছে। সাদা-কালো ক্ল্যাসিক কাট-আউট গাউনটি ডেভিড কোমার। সাহসী ও গভীর নেকলাইন, নুডল স্ট্র্যাপ, ঊরু অবধি স্লিটের গাউনটি চোখে পড়ার মতো। তবে সবচেয়ে নজর কেড়েছে বুক ও কোমরের মাঝামাঝি অংশের কাট-আউটটি। গাউনের সঙ্গে পরেন ম্যাচ করা স্ট্র্যাপ দেওয়া স্টিলেটো হিলস।

স্লিট দেওয়া কালো বডিকন কাট-আউট ড্রেসে বলিউড সুন্দরী মালাইকা অরোরাকে সম্প্রতি একটি পার্টিতে দেখা যায়। ভি-আকৃতির কাট-আউটযুক্ত এই ড্রেসের সঙ্গে তিনি পরেন স্ট্র্যাপি স্টিলেটো হিলস। চুলে নিচু করে বাঁধা বানের সঙ্গে ন্যুড মেকআপ। কালোর সঙ্গে অন্য রঙের মিশেল রাখতে চাননি মালাইকা। তাই হাতের ফ্ল্যাট ক্লাচটাও নিয়েছেন পোশাকের সঙ্গে মিল রেখে।

জমকালো এক অনুষ্ঠানে সম্প্রতি বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর পরেন অ্যান্টিথিসিসের একটি কালো কাট-আউট গাউন। কোমরের ব্যতিক্রমী কাট-আউট, লম্বা স্লিট এবং গভীর ভি-নেকলাইন পোশাকটির মূল আকর্ষণ। সঙ্গে পরেন পান্নাখচিত নেকলেস ও দুল। ফ্রেঞ্চ টুইস্টেড বান আর স্মোকি আই মেকআপ সাজে আনে পরিপূর্ণতা। পায়ে ছিল ডাবল-স্ট্র্যাপড স্টিলেটো। শ্রীদেবী কন্যাকে প্রায়ই দেখায় যায় বিভিন্ন কাট-আউট পোশাকে।

বলিউডের নতুন সেনসেশন, তুখোড় নৃত্যশিল্পী নোরা ফাতেহি অনন্য গর্জিয়াস সব লুকে প্রায়ই ভক্তদের মাত করেন। একটি ইভেন্টে তাঁকে দেখা যায় বডি হাগিং কালো কাট-আউট গাউনে।
টার্টলনেক, বুক ও কোমরের মাঝামাঝি অংশের ডানদিকে কাট-আউট আর বর্ডার লাইনে রুপালি এমব্রয়ডারি পোশাকটিতে এনেছে অন্য মাত্রা। সঙ্গে তিনি পরেন কালো পয়েন্টেড টো পাম্প।

রেড কার্পেট হোক বা বিজ্ঞাপনের শুটিং—বলিউড ডিভা দীপিকা জানেন কীভাবে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে হয়। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন দুনিয়াতেও তাঁর অবাধ বিচরণ। গেহরাইয়া সিনেমার প্রচারণার সময় তাঁকে দেখা যায় লাল কৃত্রিম লেদারের বডিকন পোশাকে। মিলো মারিয়ার ডিজাইনে এই কাট-আউট পোশাকে হল্টার নেকলাইনের নিচের কি-হোল কাট-আউট সব মনোযোগ আকর্ষণ করেছে। সঙ্গে ম্যাচিং লাল হিল।
এ ছাড়া সম্প্রতি ডিজাইনার ডেভিড কোমার রিসোর্ট ২০২২ সংগ্রহ থেকে একটি কমলা কাট-আউট মিডি পোশাকে দেখা যায় দীপিকাকে। পেছন খোলা, ফুলহাতা ও ক্রিসক্রস কাট-আউট নেকলাইনটি এই পোশাকের মূল আকর্ষণ।র