ডেনিম থেকে ক্যাশমিয়ার, কারুশিল্প থেকে কতুর: ১৮ বছর পর নিউইয়র্ক ফ্যাশন উইকে ফিরে সব্যসাচীর চমক
শেয়ার করুন
ফলো করুন

শো শুরু হয় আন্তর্জাতিক সুপারমডেল ক্রিস্টি টার্লিংটনের লুকে। তাঁর পরনে ছিল কানাডিয়ান টাক্সিডোর অনুপ্রেরণায় তৈরি ডেনিম অন ডেনিম। পুরো সংগ্রহেই সব্যসাচী এমন সব পরিচিত পোশাককে নতুনভাবে হাজির করেছেন, যা দেখতে সহজ, কিন্তু খেয়াল করলে বোঝা যায় এর পেছনে রয়েছে সূক্ষ্ম কারুশিল্প ও অসংখ্য হাতে করা কাজ।

ডেনিম, শার্ট আর ভারতীয় কারুশিল্প

প্লেইড শার্ট, ক্লাসিক নীল জিনস, ডেনিম ভেস্ট, কাউবয় হ্যাট। পশ্চিমা পোশাকের পরিচিত উপাদানগুলোকে সব্যসাচী মিশিয়েছেন ভারতীয় কারুশিল্পের সঙ্গে। জাপানি ডেনিম, ব্রিটিশ টুইড, ক্যাশমিয়ার, মোহেয়ার ও ভেলভেটের সঙ্গে দেখা গেছে ফ্লুইড ট্রাউজার্স, ড্রেপড স্কার্ট, ছোট জ্যাকেট ও কামারবান্ড।

শুধু পোশাকেই নয়, এই সংগ্রহের প্রতিটি ডিটেইলেই ছিল কারিগরদের দক্ষতার ছাপ। হাতে বিড করা ঝলমলে কোটের ভেতরে ছিল বিশেষভাবে হাতে কুইল্ট করা লাইনিং। আবার কিছু জ্যাকেটে টিউলের ওপর বসানো হয়েছে কাউ-প্রিন্ট এমব্রয়ডারির প্যাচ। ভারতীয় কারুশিল্পের সঙ্গে আমেরিকান ওয়েস্টার্ন স্টাইলের এই মেলবন্ধনই হয়ে উঠেছে সংগ্রহটির অন্যতম আকর্ষণ।

সব্যসাচীর ভাষায়, এটি তাঁর কাছে আমেরিকানা ও ভারতীয় কারুশিল্পের এক নিখুঁত মিশ্রণ। তাঁর নকশা একই সঙ্গে রেডি-টু-ওয়্যার ও ডেমি-কুতুরের মাঝামাঝি এক জায়গায় দাঁড়িয়ে।

বিজ্ঞাপন

পোশাক মিনিমাল, গয়নায় চমক

সব্যসাচীর এই সংগ্রহের পোশাকগুলো মিনিমাল। প্রথম দেখায় হয়তো খুব বেশি চমক চোখে পড়ে না। কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যায়, এই নীরবতার মধ্যেই লুকিয়ে আছে এর আসল সৌন্দর্য। পোশাকের কাট, কাপড়, কারুকাজ এবং ফিনিশিং ধীরে ধীরে নিজের গল্প বলে।

অন্যদিকে গয়নায় ছিল ঠিক তার উল্টো চিত্র। দৃষ্টি কাড়ার মতো বড় সাইজের সলিড-গোল্ড জুয়েলারি, রঙিন রত্নখচিত কাফ, মোটা রিং ও প্রাচীন স্থাপত্য ও সংস্কৃতির অনুপ্রেরণায় তৈরি অলংকার পুরো রানওয়েতে আলাদা মাত্রা যোগ করেছে।

এই সংগ্রহে সব্যসাচী দ্য মেটের সঙ্গে একটি নতুন ফাইন জুয়েলারি সহযোগিতাও সামনে এনেছেন। প্রাচীন বাইজান্টাইন ও অন্যান্য ঐতিহাসিক শিল্পকর্ম থেকে অনুপ্রাণিত এই গয়নাগুলোই যেন মিনিমাল পোশাকের সবচেয়ে জোরালো বক্তব্য হয়ে উঠেছে।

‘লাক্সারি’ মানে কি শুধু জাঁকজমক?

সব্যসাচীর বক্তব্যে এই প্রশ্নটাই বারবার ফিরে আসে। তাঁর কাছে লাক্সারির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো হাতে তৈরি কাজ। তিনি বলেছেন, “হ্যান্ডমেড” অর্থাৎ মানুষের হাতে তৈরি জিনিসই লাক্সারির শেষ সীমা।

এই ধারণা তাঁর সাম্প্রতিক সংগ্রহেও স্পষ্ট। এখানে পোশাকের আড়ম্বরের চেয়ে গুরুত্ব পেয়েছে কারিগরের হাতের কাজ। কলকাতায় তৈরি হওয়া নকশাগুলোকে তিনি এমনভাবে উপস্থাপন করেছেন, যাতে ভারতীয় ঐতিহ্য কেবল অতীতের স্মৃতি হয়ে না থাকে, বরং আধুনিক ফ্যাশনের ভাষা হয়ে ওঠে।

বিজ্ঞাপন

ভারতকে নতুনভাবে দেখার চেষ্টা

সব্যসাচীর কাছে ভারত মানেই শুধু পরিচিত কিছু প্রতীক নয়। তাঁর বক্তব্যে উঠে এসেছে এমন এক ভারতের কথা, যেখানে ইতিহাস, শিল্প, সংস্কৃতি, প্রযুক্তি, চিকিৎসা ও আধুনিকতা পাশাপাশি পথ চলে। ভারতীয় কারুশিল্পকে তিনি তাই সাজসজ্জার অলংকার হিসেবে নয়, বরং স্টাইল স্টেটমেন্টে আধুনিকতা প্রকাশের একটি ভাষা হিসেবে দেখতে চান।

সেই ভাবনাই ‘বেঙ্গল বাইজান্টাইন ব্রডওয়ে’-তে সবচেয়ে স্পষ্ট। কলকাতার ঐতিহ্যকে সঙ্গে নিয়ে তিনি তৈরি করেছেন এমন একটি সংগ্রহ, যা একই সঙ্গে ভারতীয় এবং আন্তর্জাতিক।

আধুনিক, ভ্রমণপ্রিয়, খানিকটা নোমাডিক

এই সংগ্রহের স্টাইলভাষায় রয়েছে এক ধরনের আরবান বা শহুরে, নোমাডিক আবহ। সিল্ক স্কার্ফ, পানামা ও কাউবয় হ্যাট, স্ট্রাকচারড হ্যান্ডব্যাগ, বড় অ্যাসিটেট সানগ্লাস এবং মেটাল-টিপড জুতায় সেই মুড আরও স্পষ্ট হয়েছে।

সব মিলিয়ে সব্যসাচীর নিউইয়র্ক প্রত্যাবর্তন শুধু ১৮ বছর পর একটি রানওয়ে শো নয়। বরং তিনি দেখালেন, ঐতিহ্যকে আধুনিক করতে গেলে তাকে বদলে ফেলতে হয় না; বরং নতুন প্রেক্ষাপটে তার সৌন্দর্যকে তুলে ধরতে হয়।

কলকাতার কারিগরের হাত, ভারতের সাংস্কৃতিক মোটিফ আর নিউইয়র্কের গতিময় শহুরে জীবনের মিলনেই তৈরি হয়েছে সব্যসাচীর নতুন সংগ্রহ। যেখানে লাক্সারি শুধু চোখ ধাঁধায় না, নিজের শেকড়কেও প্রকাশ করে।

ছবি: এএফপি, রয়টার্স ও সব্যসাচীর ইনস্টাগ্রাম

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২: ০৯
বিজ্ঞাপন