
২০২৩ সাল ডুয়া লিপার জন্য বিশেষ একটি বছর। এই বছরেই ফ্যাশন ডিজাইনার ও অভিনয়শিল্পী হিসেবে অভিষেক হয়েছে মেধাবী এই সংগীতশিল্পী ও গীতিকারের। ডুয়া অভিনীত 'বার্বি' ইতিমধ্যে ইতিহাস গড়েছে। এই সিনেমার জন্য তাঁর গাওয়া 'ড্যান্স দ্য নাইট' গানটি এখনো বিলবোর্ড টপ চার্টে প্রথম দশের তালিকায় ঘুরে বেড়াচ্ছে।
অন্যদিকে ভারসাচের সঙ্গে ডিজাইন করেছেন এক্সক্লুসিভ কালেকশন, যার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ফ্যাশন সমালোচকেরা। এবার সেই ডুয়া লিপা আলোচনায় এসেছেন ভোগ ফ্রান্সের সেপ্টেম্বর সংখ্যার প্রচ্ছদকন্যা হয়ে।
ঘন কালো সুন্দর ভ্রুর জন্য বেশ সুপরিচিত ডুয়া লিপা। কিন্তু এবার ভোগ ফ্রান্সের প্রচ্ছদ ফটোশ্যুটের জন্য নিজের ভ্রু- যুগল ব্লিচ করিয়ে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এই নিয়ে হচ্ছে ব্যাপক আলোচনা। সবার একই কথা, 'ডুয়া লিপাকে তো চেনাই যাচ্ছে না'! শুধু ভ্রু নয় চুলের স্টাইলও পরিবর্তন করেছেন। এখানে বেশ কয়েকটি ছবিতে তাঁকে ক্রপড ব্যাংস হেয়ারস্টাইলে দেখা গিয়েছে।
গত বছরের বিউটি ট্রেন্ডে হঠাৎ করে হাজির হয়েছিলো ব্লিচ আইব্রো। জুলিয়া ফক্স, কেন্ডাল জেনার, লিসা রিনার মতো সেলিব্রেটিরা সেই সময় তাঁদের ভ্রু ব্লিচ করলেও সৌন্দর্যের এই ধারাটা খুব বেশিদিন টিকতে পারেনি। এর কারণ হলো সবাইকে ব্লন্ড ভ্রুতে মানায় না। এই যখন অবস্থা তখন ডুয়া লিপার ব্লিচড আইব্রো দেখে অনেকেই অবাক হয়েছেন। এই ভ্রু নিয়ে অন্তর্জাল দুইভাগে বিভক্ত হয়েছে। কেউ প্রশংসা করছেন কেউ আবার কঠোর সমালোচনা করছেন।
তবে চেহারা নিয়ে যত আলোচনা হোক না কেন ফ্যাশনপ্রেমীদের চোখ এড়ায়নি তাঁর ফ্যাশনেবল উপস্থিতি। দুয়া লিপার জন্য জিভঁশি, লয়ভে, রিক ওয়েন, বোতেগা ভেনেত্তা, ডব্লিউ অ্যান্ডারসন, আলাইয়ার মতো ফ্যাশন ব্র্যান্ড থেকে পোশাক ও অনুষঙ্গ সংগ্রহ করা হয়।
ফটোশ্যুটের লে-আউট সাজানো হয়েছে মনোক্রোমাটিক থিমে। স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন বিখ্যাত সেলিব্রেটি স্টাইলিস্ট ভেনেসা রেইড। ছবি তোলার দায়িত্বে ছিলেন বর্তমান সময়ের নামকরা ফ্যাশন ফটোগ্রাফার মার্ট অ্যালাস।
কভার স্টোরির জন্য দেওয়া সাক্ষাৎকারে ডুয়া লিপা তাঁর সংগীত ক্যারিয়ার, নারীবাদ ও দ্বৈতস্বত্তা নিয়ে কথা বলেন। এর ডিজিটাল সংস্করণ ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সেপ্টেম্বরে আসবে প্রিন্ট সংস্করণ।