
এবারের মেট গালায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন করণ জোহর। প্রথমবারের মতো তাঁর অভিষেক হতে যাচ্ছে মেট গালার লাল গালিচায়। আর এ নিয়ে ইতিমধ্যেই বলিউড ফ্যাশন মহলে তৈরি হয়েছে জোর আলোচনা। তাঁর স্টাইলিংয়ে থাকতে পারেন খ্যাতিমান ডিজাইনার মনীশ মালহোত্রা। যা নিঃসন্দেহে রাতটিকে আরও গ্ল্যামারাস করে তুলবে।

মেট গালার পরিচিত মুখ দীপিকা পাড়ুকনকেও আবার দেখা যেতে পারে এ বছর। শোনা যাচ্ছে, তাঁর সঙ্গে থাকতে পারেন স্বামী রণবীর সিং। লাল গালিচায় এই পাওয়ার কাপলের উপস্থিতি মানেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা মুহূর্ত।

অন্যদিকে, আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় প্রতিনিধিত্বের অন্যতম শক্তিশালী নাম প্রিয়াঙ্কা চোপড়াও ফিরতে পারেন মেট গালার লাল গালিচায়। ২০১৭ সালের অভিষেকের পর থেকেই তাঁর প্রতিটি লুক হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু।
নতুন প্রজন্মের ফ্যাশন আইকন আলিয়া ভাট-এর নামও রয়েছে সম্ভাব্য অতিথি তালিকায়। ভারতীয় হ্যান্ডলুম ও কারুশিল্পকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার ক্ষেত্রে তাঁর অবদান ইতিমধ্যেই প্রশংসিত।
শুধু তারকারাই নন, ফ্যাশন ও ব্যবসা জগতের পরিচিত মুখদের উপস্থিতিও থাকবে চোখে পড়ার মতো। নাতাশা পুনাওয়ালা তাঁর সাহসী ও এক্সপেরিমেন্টাল স্টাইলের জন্য বরাবরই আলোচনায় থাকেন। একইভাবে ইশা আম্বানি তাঁর এলিগেন্ট কতুর লুক দিয়ে প্রতি বছরই নজর কাড়েন।

এবারের তালিকায় নতুন সংযোজন হিসেবে থাকছেন অনন্যা বিড়লা। যিনি ব্যবসা ও সৃজনশীলতার মিশেলে নিজস্ব পরিচিতি তৈরি করেছেন।
মেট গালা শুধু একটি ফ্যাশন ইভেন্ট নয়, এটি স্টাইল, সংস্কৃতি ও সৃজনশীলতার এক বৈশ্বিক মঞ্চ। আর সেখানে ভারতীয় তারকাদের এই শক্তিশালী উপস্থিতি প্রমাণ করে, বিশ্ব ফ্যাশনের মানচিত্রে ভারতের অবস্থান দিন দিন আরও দৃঢ় হচ্ছে।

ভারতীয় দর্শকরা ভোগ-এর ইউটিউব চ্যানেলে ৫ মে ভোর ৩:৩০ মিনিটে সরাসরি দেখতে পারবেন এই গ্ল্যামারাস আয়োজন।
ছবি: ইনস্টাগ্রাম