
কয়েক বছর আগেও ফ্যাশন ম্যাগাজিনগুলো ঘাঁটলে মেট গালায় কেবল নারী সেলিব্রিটিদের গ্ল্যামারস, নাটকীয় অথবা অদ্ভুতুড়ে সব পোশাকের খবর দেখা যেত। কিন্তু সেই চিত্রে বেশ পরিবর্তন এসেছে। এখন এখানে পুরুষ সেলিব্রিটিরাও সবার ‘মাথা ঘুরিয়ে’ দেওয়ার মতো ফ্যাশন মুহূর্ত তৈরি করছেন। এখন ফ্যাশন পুলিশ বা সমালোচকরাই শুধু নয়,ফ্যাশনপ্রেমী ও ভক্ত সবাই অপেক্ষা করতে থাকে নিজের প্রিয় তারকার সাজ দেখার জন্য। অনেক ফ্যাশন ইনফ্লুয়েন্সাররা আবার তাঁদের পছন্দের তারকাদের লুক 'রিক্রিয়েট' করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বা ভিডিও শেয়ার করে। এই বছর মেট গালায় নারী তারকাদের সঙ্গে সমানভাবে উজ্জ্বল ছিল পুরুষ তারকাদের ফ্যাশনেবল উপস্থিতি। কেউ কারো থেকে কম যান না! বেশিরভাগ পুরুষ সেলিব্রেটি এবার মেট গালার ড্রেসকোড 'দ্যা গার্ডেন অব টাইম' থিম ধরে পোশাক পরেছেন। আবার কেউ কেউ আছেন থিমের তোয়াক্কা না করে নিজের পছন্দের সাজে এসেছেন। চলুন এক নজরে সেরা পোশাক পরিহিত পুরুষ সেলিব্রেটিদের ছবি দেখে নেওয়া যাক-

'থর' খ্যাত মার্ভেল তারকা ক্রিস হেমসওয়ার্থ ছিলেন এবারের মেট গালার অন্যতম কো-চেয়ার। অথচ তিনিই ড্রেসকোড মানেননি। কিন্তু তাতে কি হয়েছে? মেট গালার গালিচার সঙ্গে মিল রেখে ক্রিম রঙের থ্রি-পিস টম ফোর্ড স্যুটে তাঁকে গ্রিক দেবতাদের মতো লাগছিল।

ক্রিস হেমওয়ার্থ না মানলেও আরেক কো-চেয়ার ব্যাড বানি কিন্তু ঠিকই ড্রেসকোড মেনে পোশাক পরে এসেছিলেন। পরেছেন কালো সাটিন কোরসেট, নেভি ব্লু ব্যারাথিয়া উল জ্যাকেট ও লাল স্ট্রাইপ দেয়া নেভি ব্লু প্যান্ট। তাঁর হাতে ছিল ব্যারাথিয়া উলের তৈরি ফুলের তোড়া। এই তোড়াটিতে ছিল ব্যাড বানির দেশ পুয়ের্তো রিকোর জাতীয় ফুল ফ্লোর দে মাগা ও গোলাপ ফুল। ও হ্যাঁ, ব্যাড বানির হ্যাট, সানগ্লাস ও জুতাও ছিল বেশ নজরকাড়া।

বর্তমান সময়ের হলিউডের সবচেয়ে স্টাইলিশ পুরুষ সেলিব্রেটি কোলম্যান ডোমিঙ্গোর মেট গালা লুক দেখার জন্য ফ্যাশন সমালোচকেরা মুখিয়ে ছিলেন। তাঁদেরকে নিরাশ করেননি তিনি। সাদা-কালো স্যুট ও কালো ওয়াইড লেগ প্যান্ট। স্যুটের সঙ্গে ছিল সুন্দর কেপ। ড্রেসটি এসেছে ফ্যাশন ব্র্যান্ড উইলি শাভারিয়া থেকে।

কালারফুল ফ্লোরাল স্যুট প্যান্টে বেশ ভালোই দেখাচ্ছে কমেডি অভিনেতা ও পরিচালক ড্যান লেভিকে।

স্মোকিং হট লুকে হলিউডের সবচেয়ে আন্ডাররেটেড স্টাইলিশ অভিনেতা 'উইন্টার সোলজার' খ্যাত সেবাস্টিয়ান স্ট্যান। পরেছিলেন কালো ফ্লোরাল লং জ্যাকেট, প্যান্ট, টি-শার্ট। তাঁর কোমরের বেল্টটের বাকলটাও ছিল দেখার মতো।
ছবি: ইনস্টাগ্রাম