
উদ্বোধনী দিনেই ফ্যাশনপ্রেমীদের মুগ্ধ করেছে “সাসটেইনেবল চিক” থিমে আয়োজিত শো। হ্যান্ডলুম, হেরিটেজ ও হস্তশিল্পের প্রতি সম্মান জানিয়ে ফ্যাশন উইকের প্রথম দিনেই মঞ্চে হাজির হন ডিজাইনার আকারো, আনাভিলা ও দ্য এডিট।
এই বিশেষ প্রদর্শনীটি অনুষ্ঠিত হয় দ্য কুঞ্জ-এ, যা ভারতের টেক্সটাইল মন্ত্রণালয়ের অধীনে ডেভেলপমেন্ট কমিশনার (হ্যান্ডিক্রাফ্টস) অফিসের একটি উদ্যোগ।

আনাভিলা মিশ্রা তাঁর উৎসবমুখী কালেকশন ‘সারমাস্ত’ নিয়ে হাজির হন, যেখানে দেখা যায় হ্যান্ডওভেন লিনেন, অ্যাপলিক স্যাটিন ও সূক্ষ্ম ফ্রেঞ্চ লেসের সংমিশ্রণ। তিনি জানান, “এই প্রদর্শনী কেবল একটি কালেকশন নয়, এটি আমাদের কারিগরদের দক্ষতা ও অভিজ্ঞতার উপস্থাপন।”

অন্যদিকে গৌরব জয় গুপ্তা’র আকারো ব্র্যান্ড উপস্থাপন করে ‘স্টারলাইট’ শিরোনামে একটি কালকশন। আকারোর পোশাকে দেখা যায় গোলাপি, নীল ও ধূসর রং-এর উজ্জ্বল ছোঁয়া। কালেকশনটি তৈরি করা হয়েছে সিল্ক, খাদি ও কটনের মিশ্র আধুনিক সিলুয়েটে।

আর দ্য এডিট প্ল্যাটফর্মে উঠে আসে ভারতের নানা অঞ্চলের ১১টি লেবেল, যেখানে ছিল ইকাত, শিবোরি, কুটচ এমব্রয়ডারি, কটন, পশমিনা সব মিলিয়ে এক প্রাণবন্ত ফ্যাশন কোলাজ।

প্রথম দিনের আরেক আকর্ষণ ছিলেন অভিনেত্রী পালক তিওয়ারি। তিনি এনআইএফ গ্লোবাল-এর ‘দ্যা রানওয়ে’ শো-তে শোস্টপার হিসেবে হাঁটেন। ডেনিম মিনি ড্রেসে হাজির হন তিনি। তবে পোশাকটির বিশেষ আকর্ষণ ছিল টাই, এমব্রয়ডার্ড বেল্ট ও শার্ট কলার। তবে পুরো কালেকশনটি সাজানো হয় ‘রিইমাজিনেড হ্যন্ডলুম’ থিমে। যেখানে ভারতের বিভিন্ন রাজ্যের কারুশিল্পকে তুলে ধরা হয়। যেমন বাংলার কান্থা, গুজরাটের বিডওয়ার্ক, রাজস্থানের কুইল্টিং ও কচ্ছের এমব্রয়ডারি।

এবারের ল্যাকমে ফ্যাশন উইক ২৫ বছরে পা রাখল। আয়োজকেরা বছরটিকে ক্র্যাফট ও ক্রিয়েটিভিটির পুনরুত্থানের বছর হিসেবে উদ্যাপন করছে। ফ্যাশন ডিজাইন কাউন্সিল আব ইন্ডিয়ার চেয়ারম্যান সুনীল সেটি বলেন, ‘এবারের উদ্বোধনী আয়োজন ছিল ঐতিহ্য ও আধুনিকতার নিখুঁত ভারসাম্য। ডিজাইনাররা যেমন এই দেশের সাফল্যকে উদ্যাপন করেছেন, তেমনি সেটিকে দিয়েছে আলাদা আভিজাত্য।’
ল্যাকমে ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট সুনন্দা খৈতান জানান, ‘ল্যাকমে ফ্যাশন উইক সবসময় এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সৌন্দর্য ও কারুশিল্প মিলিত হয়ে ভবিষ্যতের ফ্যাশনের দিকনির্দেশনা দেয়।”
সূত্র: ফার্স্ট পোস্ট ও দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস
ছবি: ল্যাকমে ফ্যাশন উইকের অফিশিয়াল ইনস্টাগ্রাম