
হালকা শীতে ছেলে বা মেয়েদের ফ্যাশনেবল ও সময় উপযোগী পোশাক কেমন হবে, তা নিয়ে চলে নানা ভাবনা। তবে যেনতেন পোশাকে নয়, সঠিক পোশাকে তৈরি করতে হবে নিজের স্টাইল স্টেটমেন্ট। আর যেহেতু শীত এখনো জেঁকে বসেনি তাই বেছে নিতে হবে হালকা পোশাক। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি উপযোগী ডেনিমের ক্যাজুয়াল শার্ট ও টপস। এ ছাড়া বেছে নেওয়া যেতে পারে হালকা জ্যাকেট ও সোয়েট শার্ট। বাজারে এখন ছেলে–মেয়ের নানা ধরনের কটি পাওয়া যায়। ট্রেন্ডেও রয়েছে এর ব্যবহার।
ফ্যাশনে ক্যাজুয়াল শার্টের ট্রেন্ড যেন চিরসবুজ। তবে সময়ের সঙ্গে কাটিং, প্যাটার্ন, ফিট—সবকিছুতেই এসেছে নতুনত্ব। ঠিক এ কারণেই তরুণ থেকে প্রাপ্তবয়স্ক—সব বয়সী পুরুষের প্রথম পছন্দ ক্যাজুয়াল শার্ট। মেয়েদের ফ্যাশনেও এখন শার্টের জনপ্রিয়তা তুঙ্গে।

বিশেষ করে ডেনিম শার্ট বা ডেনিম টপস—যা হালকা শীতে আরামদায়ক হওয়ার পাশাপাশি স্টাইলেও দেয় স্মার্ট ও ক্লিন ফিনিশ। বাজারে এখন পাওয়া যাচ্ছে সমসাময়িক প্রিন্ট, চেক, স্ট্রাইপসহ একাধিক ক্ল্যাসিক ডিজাইন—যা ডেনিম প্যান্টের সঙ্গে যেমন মানায়, তেমনি গ্যাবার্ডিন বা সেমিফরমাল প্যান্টের সঙ্গে রাখে নিখুঁত সামঞ্জস্য।

এ ছাড়া ফ্যাশন ব্র্যান্ডগুলোয় বেশ রাজত্ব করছে কর্ড ফেব্রিকের পোশাক। পুরোনো এই ক্ল্যাসিক আবেদন আবারও ফিরে এসেছে। শীতের শুরু থেকে শেষ পর্যন্ত পরার জন্য কর্ড শার্ট বা ড্রেস হতে পারে সঙ্গী।

রেট্রো ভিনটেজ ভাবের সঙ্গে আধুনিক কাট ও ফিট যোগ হয়ে এই পোশাক এখন শুধু আরামের নয়, বরং স্টাইল স্টেটমেন্টেরও অংশ।

শীতের শুরুতে ওয়ান লেয়ার স্টাইলের মধ্যে সবচেয়ে কার্যকরী হলো হালকা জ্যাকেট বা কোটি। একসময় ছেলেরা শুধু বিয়ে কিংবা যেকোনো পার্টিতে পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে কোটি পরত। এখন যেকোনো সময় লুকে পরিবর্তন আনতে চাইলে শার্ট বা পাঞ্জাবির সঙ্গে যোগ করা যায় কোটি। ছেলে-মেয়েনির্বিশেষে সব বয়সী ফ্যাশনপ্রেমীদের জন্য বাজারে এখন পাওয়া যাচ্ছে বিভিন্ন স্টাইল, ফেব্রিক ও রঙের কোটি।

আর হালকা জ্যাকেটের ক্ষেত্রে ডেনিম বা কটন ব্লেন্ড—সবচেয়ে জনপ্রিয়। চাইলে ভেতরে হালকা সোয়েট শার্ট পরে, সামান্য লেয়ার যোগ করলেই তৈরি হয়ে যায় শীতকালীন লুক। শীতে ফ্যাশন মানেই কমফোর্ট, স্মার্টনেস আর মিনিমাল লেয়ারিং। সঠিক পোশাক বেছে নিলেই এই পরিবর্তনশীল আবহাওয়ার মতোই ফ্রেশ ও স্টাইলিশ লাগবে প্রতিদিন।
ছবি: পেকজেলসডটকম, ইন্সটাগ্রাম